মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিতে ট্যাংকার এবং জ্বালানি অবকাঠামোর ওপর নতুন করে হামলার ঘটনা ঘটছে। এতে ইরানে সংঘাত কমার যে আশা তৈরি হয়েছিল, তা ব্যাহত হচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রণালিটি এখন একটি সামুদ্রিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সেখানে এখনো বেশ কয়েকটি জাহাজ জ্বলছে এবং বিশ্বব্যাপী তেলের সরবরাহ হুমকিতে পড়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলার প্রতিশোধ হিসেবে ইরান কৌশলগত এই জলপথটি কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে। রয়টার্সের বরাতে এ খবর দিয়েছে জিও নিউজ।
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সুর কিছুটা নমনীয় করেন। এরপর মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা নাকচ করে দেন। এর ফলে মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্নে নেমে আসে।
তবে চলতি মাসেও প্রণালিটিতে হামলা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, অক্টোবরে মোট ৩৭টি জাহাজে হামলা হয়েছে, যা যুদ্ধ শুরুর পর থেকে এক মাসে সর্বোচ্চ। গত দুই সপ্তাহে ট্যাংকার এবং কন্টেইনার জাহাজসহ অন্তত ২২টি বেসামরিক জাহাজে হামলা হয়েছে।
রোববার সামাজিক মাধ্যমে প্রকাশিত এবং রয়টার্স যাচাইকৃত ভিডিওতে ওমান উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী মাঝারি আকারের পরিশোধিত পণ্যবাহী ট্যাংকার ‘ন্যাভিগ৮ মেসি’-তে আগুন জ্বলতে দেখা যায়।
ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস সেন্টিনেল-২ স্যাটেলাইটের মাধ্যমে একই দিনে ধারণ করা ছবিতে ওই এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। আইআরজিসি নৌবাহিনীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, হরমুজ প্রণালিতে ‘অনুমোদিত নয় এমন রুট’ ব্যবহারের কারণে রবিবার যে তিনটি ট্যাংকারে হামলা হয়েছিল, এটি তার মধ্যে একটি। জাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ন্যাভিগ৮ বা এর মূল মালিক এডনক লজিস্টিকস অ্যান্ড সার্ভিসেস রয়টার্সের মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।
এদিকে মার্কিন বাহিনী ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রেখেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, শনিবার একটি সেন্ট কিটস-পতাকাবাহী কার্গো জাহাজ ইরানের একটি বন্দরে যাওয়ার পর আঞ্চলিক জলসীমা ছেড়ে যাওয়ার চেষ্টা করলে মার্কিন সামরিক বিমান সেটিতে গুলি চালিয়ে অচল করে দেয়। এই হামলাগুলোর কারণে পরিবেশগত উদ্বেগও দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত জাহাজগুলো থেকে আশপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ছে। সোমবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওমানের উপকূলে তেল পৌঁছাতে দেখা গেছে। স্যাটেলাইট চিত্রেও ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূলে তেল ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে। তবে ওমান সরকার এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
অঞ্চলের অন্য জায়গাতেও জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে। ইরানি বাহিনী এবং তাদের মিত্ররা বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকোর কার্যালয়সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ৮ নভেম্বর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দাবীকৃত এক ক্ষেপণাস্ত্র হামলার পর রিয়াদে আরামকোর একটি কার্যালয় ভবনে ক্ষতির প্রমাণ পাওয়া যায়। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, ভবনটি লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়েছিল। তবে তা প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে সামান্য ক্ষতি হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পারস্য উপসাগরে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) জানায়, ১০ নভেম্বর পর্যন্ত এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ১৩৩টি নিশ্চিত হামলার ঘটনার খবর পাওয়া গেছে। সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। পারস্য উপসাগর ছাড়তে না পারা জাহাজে থাকা হাজার হাজার ক্রু এখনো ঝুঁকিতে রয়েছেন। আইএমও কাউন্সিল নাবিকদের সুরক্ষা বাড়ানোর আহ্বান জানায়।
বৃটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, মঙ্গলবার ওমানের লিমা থেকে ১৯ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। তবে এর ক্রুরা নিরাপদে আছেন এবং পরিবেশের কোনো ক্ষতি হয়নি। অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনী আলাদাভাবে জানায়, প্রণালির ‘অনুমোদিত নয় এমন রুট’ ব্যবহার করার সময় নৌ-মাইন আঘাত হানায় দুটি ট্যাংকারে আগুন ধরেছে।
