আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

প্রতিবেদন:

·

, ,

আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে ইরান। বুধবার (১১ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। খবর রয়টার্সের।

গত এপ্রিলে আর্জেন্টিনা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।


যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের আহ্বানে মিত্র দেশগুলোর আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার উদ্যোগের অংশ হিসেবে আর্জেন্টিনাএ সিদ্ধান্ত নেয়।

তারই পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নিলো তেহরান। বুধবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পারস্পরিক পদক্ষেপের নীতির ভিত্তিতে তেহরান আর্জেন্টিনার বিমানবাহিনী ও নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ বিষয়ে উদ্ভূত সব ধরনের পরিণতির দায় যে আর্জেন্টিনা সরকারের ওপর বর্তাবে, তা স্পষ্ট।’ তবে এ সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দেশটির মন্ত্রণালয়। একই সঙ্গে আর্জেন্টিনার সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

গত এপ্রিলে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার পেছনে হিজবুল্লাহকে ইরানের সমর্থনের বিষয়টি তুলে ধরেছিল আর্জেন্টিনা। লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে দেশটির ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বোমা হামলার জন্য দায়ী করে আসছে বুয়েনস আয়ার্স।

১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে ইহুদি সম্প্রদায়ের প্রতিষ্ঠান এএমআইএ কমিউনিটি সেন্টারে ওই হামলা চালানো হয়। এতে ৮৫ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হন। দক্ষিণ আমেরিকার দেশটির ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ বোমা হামলা হিসেবে বিবেচিত।