ইতালির পার্লামেন্ট একটি বিতর্কিত শিক্ষা সংস্কার আইন পাস করেছে। এর আওতায় স্কুলে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করা হয়েছে এবং প্রথম বর্ষের শ্রেণিকক্ষগুলোতে বিদেশী বংশোদ্ভূত শিক্ষার্থীদের সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে।
বিরোধী দলগুলো এই পদক্ষেপকে বৈষম্যমূলক বলে অভিযোগ তুলেছে।
যেসব বিদেশী শিক্ষার্থী ইতোমধ্যে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছে, তাদের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা প্রযোজ্য হবে না। অন্যদিকে, মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞার ফলে মুসলিম নারী শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে বোরকা বা নিকাব পরতে পারবেন না।
এই আইনে বিদেশী শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্সের ব্যবস্থাও রাখা হয়েছে।
গত ২০ নভেম্বর সিনেটে এই আইন পাস হয়। এরপর ইতালির চেম্বার অব ডেপুটিজ ‘ডিক্রেতো স্কুওলা’ বা শিক্ষাবিষয়ক ডিক্রি আইনটিকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। আইনটির পক্ষে ১৪২টি ভোট পড়েছে, বিপক্ষে পড়েছে ১১২টি এবং চারজন সদস্য ভোটদান থেকে বিরত ছিলেন।
চূড়ান্ত ভোটাভুটির সময় বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদ জানান। এ সময় তারা পার্লামেন্ট কক্ষে একটি প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘স্কুলে কেউ বিদেশী নয়’।
Read this report in English · ইংরেজি সংস্করণ
