এবার পশ্চিমবঙ্গের মাদ্রাসায় শুক্রবারের ছুটি বাতিল

Madrasa students studying books together seated on floor mats

প্রতিবেদন:

·

, ,

পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে দীর্ঘদিনের প্রচলিত শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে রাজ্য সরকার। এখন থেকে সরকারি অনুমোদনপ্রাপ্ত সব মাদ্রাসায় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো শুধু রোববার সাপ্তাহিক ছুটি থাকবে। শুক্রবারসহ সপ্তাহের বাকি দিনগুলোতে নিয়মিত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে হবে।

গত শুক্রবার (২৭ নভেম্বর) পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে রাজ্যের সব মাদ্রাসা কর্তৃপক্ষকে তা কার্যকর করার নির্দেশ দিয়েছে।

এতদিন রাজ্যের বহু মাদ্রাসায় জুমার নামাজের কারণে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকত। এর পরিবর্তে রোববার প্রতিষ্ঠান খোলা রেখে পাঠদান চলত। দীর্ঘদিন ধরে চলে আসা এই নিয়ম এবার বাতিলের নির্দেশ দিল মাদ্রাসা শিক্ষা পর্ষদ।

নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুসরণ করে রবিবার ছাড়া অন্য কোনো দিন সাপ্তাহিক ছুটি দেওয়া যাবে না। তবে ধর্মীয় উৎসব ও সরকারি ছুটির দিনগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। অর্থাৎ সরকারি ছুটির তালিকা অনুযায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে। তবে সাধারণ কর্মদিবসে শুক্রবারসহ সপ্তাহের ছয় দিনই মাদ্রাসা খোলা রেখে পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম চালাতে হবে।

রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একাধিক পরিবর্তনের ধারাবাহিকতায় মাদ্রাসাগুলোর ছুটির নিয়মেও এই পরিবর্তন আনা হলো। পাঠ্যক্রম, শিক্ষার্থীদের পোশাকবিধি, বিদ্যালয়ের ফি কাঠামো এবং উপস্থিতি নিশ্চিত করার ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবার মাদ্রাসার সাপ্তাহিক ছুটির ক্ষেত্রেও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রাখার নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসে উত্তরাখণ্ড সরকারও স্বীকৃত মাদ্রাসাগুলোতে শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সরকার রাজ্যের ২০৬টি স্বীকৃত মাদ্রাসার ক্ষেত্রে এ সিদ্ধান্ত নিয়েছিল। এবার একই ধরনের সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ।

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদার করতে রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপ এটিই প্রথম নয়। এর আগে গত সেপ্টেম্বর মাসে অনুমোদনহীন মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়।

উপযুক্ত নথিপত্রের অভাব, প্রয়োজনীয় অবকাঠামো না থাকা, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা অপর্যাপ্ত হওয়া এবং আর্থিক তহবিলের উৎস নিয়ে অসংগতির অভিযোগে রাজ্যের ২২টি জেলার ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।

Read this report in English · ইংরেজি সংস্করণ