সিদ্ধিরগঞ্জে আগুন লেগে ৭ বসতঘর ছাই, দগ্ধ ১

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনশেড বাড়ির সাতটি বসতঘরের চাল ও আসবাবপত্র পুড়ে গেছে। এ সময় গোয়ালঘর থেকে গরুর বাছুর উদ্ধার করতে গিয়ে বাড়ির মালিক শহীদুল্লাহ দগ্ধ হন। এ সময় আগুনে পুড়ে দুটি গাভি মারা যায়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় আমজাদ মার্কেটসংলগ্ন সাততলা মোড়ে এ আগুনের ঘটনা ঘটে।

দগ্ধ শহীদুল্লাহকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বাড়ির ভাড়াটিয়া মনির হোসেনের সাথে সোমবার তার স্ত্রী সাহিদার ঝগড়া হয়। এর জেরে সাহিদা বাড়ি ছেড়ে চলে যান। অভিযোগ রয়েছে, এ ঘটনার ক্ষোভ থেকে রাতে মনির নিজের ঘরের বিছানার ওপর গ্যাসের সিলিন্ডার তুলে তাতে আগুন ধরিয়ে দেন এবং বাইরে থেকে ঘরে দুটি তালা লাগিয়ে পালিয়ে যান। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো: আব্দুল্লাহ আল আরেফীন জানান, ভোর ৩টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে, ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়।

আগুনের সূত্রপাত প্রসঙ্গে তিনি জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। এ,আর