টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার রাতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহীন মিয়ার স্বাক্ষরিত আদেশে তাঁকে বরখাস্ত করা হয়।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার আনসার উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তপন সরকার বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছেন বলে অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা বিষয়টি অভিভাবকদের জানালে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
অভিভাবক ও স্থানীয়রা পরে বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন।
সোমবার এ ঘটনায় বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে সালিস বৈঠক বসে। বৈঠক চলাকালে ক্ষুব্ধ এলাকাবাসী তপন সরকারকে মারধর করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা পরে তাঁকে পুলিশে সোপর্দ করেন। তবে কেউ লিখিত অভিযোগ না করায় পুলিশ তাঁকে উপজেলা শিক্ষা অফিসারের জিম্মায় ছেড়ে দেয়।
ঘটনাটি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সোমবার রাতেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন সরকারকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।
উপজেলা শিক্ষা অফিসার আনসার উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগটি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাতেই তাঁকে সাময়িক বরখাস্ত করেন। বরখাস্তকালীন তপন সরকার উপজেলা শিক্ষা অফিসারের নিয়ন্ত্রণে থাকবেন।’
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ না করায় তাঁকে উপজেলা শিক্ষা অফিসারের জিম্মায় দেওয়া হয়েছে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
