শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন হবে না: অর্থমন্ত্রী

প্রতিবেদন:

·

,

এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে একটি শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নির্দিষ্ট চার শর্ত পূরণের বাধ্যবাধকতার কথা জানিয়ে তিনি বলেন, এই চার শর্ত পূরণ না হলে ভবিষ্যতে কোনো প্রকল্প অনুমোদন পাবে না।

মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর সম্মেলনকক্ষে ‘বিদেশ নির্ভরতা পেরিয়ে: বাংলাদেশে এনজিও অর্থায়নের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে উদ্ভূত বিভিন্ন সংকটের সমাধান ও জবাবদিহিতা নিশ্চিতে সরকার কাজ করছে। ‘আমরা শুধু শুনতে চাই না, তার কার্যকর সাড়াও দিতে চাই।’

মানব উন্নয়ন, স্থানীয় সংস্কৃতি রক্ষা ও বেসরকারি খাতের অংশগ্রহণে একটি সমন্বিত কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, সৃজনশীল অর্থনীতিসহ নানা ক্ষেত্রে এনজিওসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ইতোমধ্যে কাজ করছেন। এই অংশীদারিত্বকে আরও প্রাতিষ্ঠানিক ও নীতিগত রূপ দেওয়া প্রয়োজন।

এনজিও, বেসরকারি খাত এবং সরকারের সমন্বিত ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের সার্বিক সেবা সরাসরি প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর ক্ষেত্রে এনজিওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে এনজিওদের টেকসই অর্থায়নের পথ সুগম করার আহ্বান জানান।

শীতলপাটিসহ স্থানীয় কারুশিল্পের ঐতিহ্য তুলে ধরে মন্ত্রী আরও বলেন, ‘আমাদের এসব ঐতিহ্যবাহী পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার জন্য আধুনিক ডিজাইন, মূল্য সংযোজন এবং বিপণন জোরদার করতে হবে।’

অনুষ্ঠানে মন্ত্রী প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে চারটি শর্ত নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন। শর্তগুলো হলো— অর্থের সঠিক ব্যবহার (ভ্যালু ফর মানি), বিনিয়োগের বিপরীতে রিটার্ন, কর্মসংস্থান বা উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশগত বিবেচনা ও সুরক্ষা। মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, এই চার শর্ত পূরণ না করলে কোনো প্রকল্প অনুমোদন পাবে না।

সেমিনারে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকী ও পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারসহ অন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।