বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১৪৩ কোটি টাকার লেনদেন হচ্ছে বাংলা কিউআরের মাধ্যমে।
নগদ টাকার ব্যবহার কমিয়ে দেশে ক্যাশবিহীন লেনদেন বা ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে জোর তৎপরতা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে সর্বজনীন ডিজিটাল লেনদেনের মাধ্যম বাংলা কিউআর সারাদেশে ছড়িয়ে দিতে মাঠপর্যায়ে প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিলে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমান। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাংলা কিউআর ব্যবহারে তাদের উৎসাহিত করেন।
গভর্নর বলেছেন, এরই মধ্যে বাংলা কিউআর ব্যবহারে লেনদেন দ্রুত বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী এক বছরের মধ্যে সারাদেশে ক্যাশলেস লেনদেন ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে। গত তিন মাসে এ মাধ্যমে লেনদেন বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১৪৩ কোটি টাকার লেনদেন হচ্ছে বাংলা কিউআরের মাধ্যমে।
মতিঝিলে প্রচারণাকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে শুধু প্রযুক্তি সুবিধা চালু করাই নয়, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়ানো হচ্ছে।
এ কার্যক্রম আরও জোরদার করা হবে। এতে নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেনের পরিধি দ্রুত বাড়বে।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, দিন দিন বাংলা কিউআরের জনপ্রিয়তা বাড়ছে। আগামী এক বছরের মধ্যে সারাদেশে ক্যাশলেস লেনদেন ছড়িয়ে পড়বে বলে আশা করা যায়। গত ১ অক্টোবর থেকে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। পাশাপাশি ডিজিটাল লেনদেন বাড়াতে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।
তিনি বলেন, ডিজিটাল লেনদেনের তথ্য-রেকর্ড ভবিষ্যতে ব্যবসায়ীদের ঋণ পাওয়ার ক্ষেত্রেও সহায়ক হবে। বাংলা কিউআর নগদ টাকার ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি কেনাকাটায় ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করবে।
