যুক্তরাষ্ট্রের সাথে পারমাণু নিয়ে আলোচনার কোনো ইচ্ছা নেই : ইরান

প্রতিবেদন:

·

, ,

যুক্তরাষ্ট্রের সাথে পারমাণু ইস্যু নিয়ে আলোচনার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। রোববার (১ নভেম্বর) কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

পার্লামেন্টের এক অধিবেশনে নিকজাদ বলেছেন, ইরানের ‘অসাধারণ সহনশীলতা’ এবং দেশটির সেনাবাহিনীর ‘দুর্দান্ত শক্তি ও ইস্পাতকঠিন সংকল্প’ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ‘বাস্তবতার কঠিন দেয়ালের মুখোমুখি’ দাঁড় করিয়ে দিয়েছে।

তিনি আরো বলেন, ‘তাদের অবশ্যই মেনে নিতে হবে যে, ইরানের শক্তিকে স্বীকার করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত আমেরিকানরাই নতি স্বীকার করবে, ইরানি জাতি নয়।’

ডেপুটি স্পিকার বলেন, কোনো ধরনের চাপ সত্ত্বেও পারমাণবিক ইস্যুতে আলোচনার কোনো ইচ্ছা তেহরানের নেই। তার মতে, যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে দেয়ার মতো কিছুই নেই।

নিকজাদ বলেন, ‘এই মহান জাতি তার শত্রুদের আলোচনার জন্য যথেষ্ট সুযোগ দিয়েছিল, কিন্তু বিনিময়ে পেয়েছে কেবল বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর অবৈধ বোমা হামলা।’

Read this report in English · ইংরেজি সংস্করণ