মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

প্রতিবেদন:

·

, ,

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এর ৪ নম্বর ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব জুয়েল রানা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন প্রশাসক হিসেবে দায়িত্বে থাকবেন। তিনি ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এর ৪-এর (৩) উপধারা অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে সে সময় আদালতে মামলা করেছিলেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে ২০২৪ সালের ১ অক্টোবর তাকে বিজয়ী ঘোষণা করে রায় দেন আদালত।

Read this report in English · ইংরেজি সংস্করণ