ভিসি সংকটে থাকা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এবার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ ছাত্র আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে চুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সংঘর্ষ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও কয়েক দফায় মারামারির হয়।
জানা যায়, দ্বিতীয় বর্ষের কয়েকজন ছাত্রকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। সপ্তাহখানেক আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ভৈরব বর্মণ প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বসেছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামের এক ছাত্র তাদের একজনকে ডেকে নিয়ে যান। তবে ভৈরব বর্মণের পক্ষ থেকে জুনিয়রদের তার কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ নিয়ে পরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থীর সঙ্গে দেখা করতে নিষেধ করার ঘটনায় ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা গেছে।
এ ঘটনার জেরে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনায় বসেন। এতে দুই পক্ষের শিক্ষার্থীরাই উপস্থিত ছিলেন। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের তুলন ও নাইমুলসহ কয়েকজন জড়িয়ে পড়েন।
শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষের একপর্যায়ে মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রইসুলের চশমা ভেঙে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে আরেক দফা মারামারি হয়।
এ বিষয়ে ভৈরব বর্মণ বলেন, আমার সঙ্গে পাঁচজন শিক্ষার্থীর বিরোধ হয়। তাদের মধ্যে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. আব্দুল্লাহ কাজী ছিলেন। শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসেছিলাম। আলোচনা সুন্দর চলছিল। ওরা নিজেরা সিন ক্রিয়েট করে আমার বন্ধুদের মারে। এরকম পরিস্থিতিতে তো কেউ চুপ থাকবে না। এ পরিস্থিতিতেই মারামারি শুরু হয়।
এ বিষয়ে রাকিন ও আব্দুল্লাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।চুয়েট
চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা যায়, সংঘর্ষে পাঁচ ছাত্র আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। বাকি দুই শিক্ষার্থী অ্যাম্বুলেন্স নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গেছেন।
সংঘর্ষ থামাতে এসে ২০২১-২২ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীও মারামারিতে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
