ফিলিস্তিনের গাজায় প্রতিদিন ৩০ থেকে ৪০ জনকে হত্যার আহ্বান জানানোর ঘটনায় ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের তীব্র নিন্দা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি বেন-গভিরের বক্তব্যকে অমানবিক ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।
বুধবার (১৯ আগস্ট) বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মান সরকারের উপমুখপাত্র সেবাস্তিয়ান হিলে এ কথা জানান।
সেবাস্তিয়ান বলেন, ‘চ্যান্সেলর বেন-গভিরের অমানবিক আহ্বানের তীব্র নিন্দা জানিয়েছেন। এগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
হিলে জানান, গত জুনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনে মানবিক মর্যাদা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পক্ষে অবস্থান নেওয়া উগ্রপন্থী রাজনীতিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তুতের বিষয়ে ইইউ নেতারা একমত হয়েছিলেন।
তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা অনানুষ্ঠানিক ‘জিমনিখ’ বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ কায়া কালাস এ বিষয়ে সম্ভাব্য পদক্ষেপের প্রস্তাব দেবেন।
সম্প্রতি এক পডকাস্টে বেন-গভির গাজায় ইসরাইলি হামলা আরও জোরদার করার আহ্বান জানান। তিনি প্রতি রাতে ৩০ থেকে ৪০ জনকে হত্যার কথা বলেন এবং গাজায় ইসরাইলিদের পুনর্বাসনের দাবিও পুনর্ব্যক্ত করেন। তার মন্তব্যের পর জার্মানি ও ফ্রান্সসহ ইউরোপে ব্যাপক সমালোচনা শুরু হয়।
Read this report in English · ইংরেজি সংস্করণ
