অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে বন্দুকযুদ্ধের পর পুরো পশ্চিম তীরে অবরোধ জারির নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার সকালে এই নির্দেশ দেওয়া হয়।
এর কিছুক্ষণ আগেই ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা দুজন ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে। ইসরাইলি বাহিনীর দাবি, ওই বন্দুকধারীরা একটি রিজার্ভ ব্যাটালিয়নের ওপর হামলা চালিয়েছিল।
নেতানিয়াহু হেবরন অবিলম্বে বন্ধ করে দিয়ে পুরো পশ্চিম তীরে অবরোধের প্রস্তুতি নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। ইসরাইলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির পশ্চিম তীরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন।
এদিকে, পশ্চিম তীরে ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধির মধ্যে বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলা, জমিতে প্রবেশে বাধা, জলপাই ও কৃষি সরঞ্জাম লুট এবং গাছ কেটে ফেলা বা পুড়িয়ে দেওয়ার ঘটনাও বেড়েছে।
পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
