পশ্চিমবঙ্গে গঙ্গা খননে জোর সুপারিশ

প্রতিবেদন:

·

, ,

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার অন্যতম বড় অভিশাপ গঙ্গার ভাঙন। দশকের পর দশক ধরে নদীর এই সর্বগ্রাসী রূপের কারণে লক্ষাধিক মানুষ নিজেদের ভিটেমাটি হারিয়ে পথে বসেছেন। গঙ্গার ভাঙন রোধের দাবিতে বাংলা ও বিহারের দুটি আন্দোলনকারী সংগঠন সম্প্রতি যৌথভাবে প্রায় ২০ কিলোমিটার এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেছে।

বিহার রাজ্যের ‘গঙ্গা মুক্তি আন্দোলন’ এবং মালদার ‘গঙ্গা ভাঙন নাগরিক অ্যাকশন প্রতিরোধ কমিটির’ কর্মীরা নৌকায় ও হেঁটে পঞ্চানন্দপুর, সুলতানতলা থেকে গোপালপুর, কামালদিপুর পর্যন্ত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শক দলে ছিলেন মহেন্দ্র বাদল, যোগেন্দ্র সাইনি, উদয়জি, তারিকুল ইসলাম, খিদির বক্স ও সঞ্জয় বসাকের মতো কর্মীরা। কোন কোন গ্রাম বিপদের মুখে রয়েছে এবং নদী কতটা পূর্ব দিকে সরে এসেছে, তাঁরা তা সরেজমিনে দেখেন।

ইতিহাস ঘাঁটলে দেখা যায়, অতীতে রাজনগর, বীরনগর, পারলালপুর, পঞ্চানন্দপুর ও গোপালপুরের মতো বহু এলাকা ভাঙনের কবলে পড়ে স্থানীয় মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজ থেকে প্রায় ২২ বছর আগে মানিকচক বা বানিয়াচক দুই ব্লকের কেবি ঝাউবোনা গ্রাম পঞ্চায়েত পুরোপুরি নদীগর্ভে তলিয়ে গেছে। এমনকি ২০০৩ সালে ঐতিহাসিক গঙ্গা ভবনও নদীতে বিলীন হয়েছে। এসব সোনালি স্মৃতি হারিয়ে মানুষ এখন কেবল একটি স্থায়ী সমাধানের পথ খুঁজছেন।

পরিদর্শনের পর দুই সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট দাবি তোলা হয়েছে, শুধু ভূতনি এলাকায় ভাঙন রোধের চেষ্টা করলে কোনো লাভ হবে না। ভূতনি থেকে ফরাক্কা পর্যন্ত গঙ্গার মূল প্রবাহ বা মিডল স্ট্রিমে খননকাজ চালিয়ে নদীর গভীরতা বৃদ্ধি হবে। একই সঙ্গে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টন পলি তুলে টিউবের মাধ্যমে পূর্ব প্রান্তে ফেলার প্রস্তাব দেওয়া হয়েছে।

পরিদর্শকোরা মনে করেন, সেচ দপ্তরের মাধ্যমে পাথর কিংবা বাঁশ ফেলে কোনো অস্থায়ী কাজ নয় বরং নদী খননই হলো ভাঙন সমস্যার একমাত্র স্থায়ী প্রতিকার।

বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, গঙ্গার বিভিন্ন জায়গায় পলি তোলা বা খননের বিষয়টি আসন্ন ভারত বাংলাদেশ গঙ্গা চুক্তিতে রাখার কথা ভাবা হয়েছে। চুক্তি সম্পর্কে ওয়াকিবহাল একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, গঙ্গা থেকে পলি তুলতে যে অর্থ খরচ হয়, ভারত এবারে তা বাংলাদেশের কাছে চাইতে পারে। বিষয়টি আলোচনার স্তরে রয়েছে বলে জানা গেছে।

একটি স্থায়ী সমাধানের রূপরেখা তুলে ধরে ফারাক্কা ব্যারাজ প্রকল্পের মহাব্যবস্থাপকের হাতে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, আগের সরকারগুলো ভাঙন রোধের নামে কেবল প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই করেনি। তবে বর্তমান সরকারের ওপর তাঁদের পূর্ণ ভরসা রয়েছে।

গঙ্গা মুক্তি আন্দোলনের প্রধান উদয় যাদব বলেছেন, নদী যেহেতু একাধিক রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, তাই সব রাজ্যকে এক টেবিলে বসে বৈজ্ঞানিক উপায়ে যৌথভাবে এই সমস্যার মোকাবিলা করতে হবে। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিবও সব রাজ্যকে একসঙ্গে কেন্দ্রীয়ভাবে কাজ করার আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসের ওপর ভর করেই ভাঙনকবলিত অঞ্চলের মানুষের আশা, এবার হয়তো স্থায়ীভাবে গঙ্গার ভাঙনের হাত থেকে রক্ষা মিলবে।

Read this report in English · ইংরেজি সংস্করণ