বিডি গ্লোবাল ডেস্ক,
ময়মনসিংহের ত্রিশালে শ্রমিকবাহী লেগুনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরো নয়জন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গুজিয়াম এলাকার বগার বাজারে নিগারজামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের মফিজুল হকের ছেলে নাইম মিয়া (২৩) ও ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিগুরকান্দা গ্রামের রায়েরগ্রাম এলাকার আব্দুস সোবহানের ছেলে কামাল ফকির (৪০)।
আহতরা হলেন— গফরগাঁওয়ের সান্তা (২১), লিজা (২২), হাজেরা (৪৩), রুজিনা (৩০), শালিনা (২৭), আকলিমা (৩৬), অজুফা (৩০), রাসেল (২১) ও ত্রিশালের তাসলিমা (২২)।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বগার বাজার এলাকার দাবির উদ্দিন স্পিনিং মিলের শ্রমিকরা রাতের পালার কাজ শেষে গন্তব্যে যাওয়ার জন্য একটি লেগুনায় ওঠেন। লেগুনাটি নিগারজামান ফিলিং স্টেশনের সামনে ইউটার্ন নেয়ার সময় উল্টো পথে আসা ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া আহত হন নারীসহ আরো নয়জন।
খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দাবির উদ্দিন স্পিনিং মিলের এজিএম সেলিম আল রাজী জানান, আহত শ্রমিকদের চিকিৎসার জন্য মিলের একজন কর্মকর্তা হাসপাতালে রয়েছেন।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান জানান, নিহত দু’জনের লাশ বডিব্যাগসহ ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, নিহতদের লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ,আর
