নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন—যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ ও কর্মী মো. আমিনুর রহমান; এমএম কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নান্নু মিয়া, চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইব্রাহিম হোসেন এবং মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের কর্মী সজল আহমেদ।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গুলশান-১ এলাকার একটি শপিং মলের ফুডকোর্টে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বৈঠকের খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ছয়জনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন কমিটির তালিকা ও সভাপতি-সাধারণ সম্পাদকের সিল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে নাশকতার পরিকল্পনা, পলাতক সহযোগীদের শনাক্ত ও মামলার রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
