জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি শিবিরের

Written by

in

,

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (২১ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, গত ফেব্রুয়ারিতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সাত মাসে তৃতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর আগে ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা এবং জুনে পেট্রোল ও অকটেনের দাম ৫ টাকা করে বাড়ানো হয়।

সর্বশেষ ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।

শিবির নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের ব্যয় আরও বাড়বে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আয়-ব্যয়ের ভারসাম্যে এর প্রভাব পড়বে।

বিবৃতিতে তারা আরও বলেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কথা বলে বারবার জ্বালানি তেলের দাম বাড়ানো জনকল্যাণমূলক নীতি হতে পারে না।

আরও পড়ুন: হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার তাদের অভিযোগ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অভ্যন্তরীণ অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা এবং জ্বালানি খাতের সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার কার্যকর ব্যবস্থা নিতে পারেনি।

শিবির নেতারা বলেন, নিজেদের নীতিগত ও ব্যবস্থাপনাগত ব্যর্থতার দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। তারা অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহার করে জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে আনার দাবি জানান।

বিবৃতিতে তারা আরও বলেন, সরকার দ্রুত বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে ছাত্রসমাজ ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।