বিডি গ্লোবাল ডেস্ক,
বরিশালের গৌরনদী পৌরসভায় পরিত্যক্ত স্থান থেকে নয়টি ককটেল উদ্ধার করেছেন এসআরবির সদস্যরা।
রোববার (১ নভেম্বর) দুপর সোয়া ২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকার টরকী পান ভান্ডার ও কবির ঘরামির বাড়ির মধ্যবর্তী পরিত্যক্ত স্থান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
এর আগে, সকাল ৮টার দিকে ওই স্থানে ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখেন। পরে পুলিশ, এসআরবির সদস্য ও বোমা নিষ্ক্রিয় টিম ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম শুরু করে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, এসআরবি খুলনা-৬-এর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় ককটেলগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে। ককটেলগুলো এখানে কিভাবে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
