বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তার হুঁশিয়ারি, মুম্বাইয়ে গ্যাং-সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার রাতে মুম্বাইয়ের বান্দ্রায় টাইগার শ্রফের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন শিন্ডে। এ সময় অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তার আশ্বাস দেন।
শিন্ডে বলেন, ১৯৯০-এর দশকে মুম্বাইয়ে গ্যাং-সংঘাতের সময় যেভাবে অপরাধী চক্রের শিকড় উপড়ে ফেলা হয়েছিল, আবারও তেমন পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। হামলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এর জবাব হবে পাল্টা জবাব, গুলির জবাব গুলিতে।’
এদিকে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। সোমবার (১৯ অক্টোবর) নাগপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তদন্তে পাওয়া সূত্রের ভিত্তিতে মুম্বাই পুলিশ ইতোমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে চিহ্নিত করেছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।
ফড়নবিস বলেন, ‘এই ঘটনায় যে গোষ্ঠী বা ব্যক্তি জড়িত থাকুক না কেন, কেউ রেহাই পাবে না। কেউ এ ধরনের হুমকি দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তাকে কীভাবে সামলাতে হয়, তা মুম্বাই পুলিশের জানা আছে।’
মুখ্যমন্ত্রী জানান, হামলায় সরাসরি জড়িত ব্যক্তিদের পাশাপাশি এর নেপথ্যের পরিকল্পনাকারীদেরও শনাক্ত করা হবে। তারা মহারাষ্ট্রের বাইরে কিংবা বিদেশে অবস্থান করলেও আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে হেফাজতে নেওয়ার বিষয়ে ফড়নবিস বলেন, এ জন্য ইতোমধ্যে অনুরোধ পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। অন্য রাজ্যে অবস্থানকারীদের ধরতে সংশ্লিষ্ট রাজ্যগুলোর সঙ্গে সমন্বয় করা হবে। বিদেশে থাকা ব্যক্তিদের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সহায়তা নেওয়া হবে।
গতকাল সন্ধ্যা ৭টার দিকে মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল ক্লাব থেকে গাড়িতে করে বের হওয়ার সময় টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা। এতে অভিনেতার গাড়িচালকসহ দুজন আহত হন। তবে টাইগার শ্রফ গুলিবিদ্ধ হননি।
