কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা

প্রতিবেদন:

·

,

এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন, পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন প্রকাশ, পর্যাপ্ত প্রস্তুতির সময় দিয়ে দ্রুত পরীক্ষা ও ফল প্রকাশ এবং উত্তীর্ণদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চিত করা।

তাঁরা বলেন, কোনো একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই শিক্ষার্থীর ভবিষ্যৎ শেষ হয়ে যাওয়া নয়। তাই শিক্ষাজীবনের ধারাবাহিকতা রক্ষায় মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

শিক্ষার্থীদের দাবি, অনিবার্য কারণে চলতি বছর বিশেষ পরীক্ষা আয়োজন সম্ভব না হলে অকৃতকার্যদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দিতে হবে। পাশাপাশি পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, তাঁরা কোনো নিয়মবহির্ভূত সুবিধা চান না; বরং নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ এবং এক বছর পিছিয়ে পড়ার ঝুঁকি থেকে মুক্তি চান। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ কামনা করেন তাঁরা।

Read this report in English · ইংরেজি সংস্করণ