ভারতের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকালে ছিনতাইয়ের হুমকিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি পাওয়ার পর বিমানবন্দরে নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে। খবর এনডিটিভির।
সূত্রের বরাতে জানা গেছে, উড়োজাহাজটির একটি শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি দিয়ে একটি বার্তা লেখা দেখতে পাওয়া যায়।
প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শৌচাগারের আয়নায় লেখা হুমকির বার্তাটি নজরে আসে। বিষয়টি জানতে পেরে পাইলট তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) অবহিত করেন।
এরপর উড়োজাহাজটিকে বিমানবন্দরের একটি নির্জন নিরাপত্তা এলাকায় সরিয়ে নেয়া হয়। সেখানে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) এবং বিমানবন্দরের বিশেষ নিরাপত্তা কর্মকর্তারা ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেন।
উড়োজাহাজের প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে। কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন নিরাপত্তা কর্মকর্তারা।
এদিকে, হুমকির বার্তাটি কে লিখেছে এবং এর পেছনে কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।
বিমানবন্দর চত্বরে এবং উড়োজাহাজের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছেন তদন্তকারীরা। হুমকির বার্তা লেখার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করাই এখন তাদের প্রধান লক্ষ্য।
