এক বছরে ২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল

প্রতিবেদন:

·

, ,

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে ব্যবসায়িক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে গত এক বছরে প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল। কোম্পানির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত ওরাকলের পূর্ণকালীন কর্মীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৪১ হাজার। এক বছর আগে একই সময়ে এই সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৬২ হাজার। অর্থাৎ এক বছরের ব্যবধানে কর্মী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

ওরাকল জানিয়েছে, তাদের বিভিন্ন কার্যক্রমে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার ফলে জনবল প্রয়োজনীয়তা কমেছে। ভবিষ্যতেও এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে প্রতিষ্ঠানটি ইঙ্গিত দিয়েছে।

বিশ্বজুড়ে ওরাকলের মোট কর্মীবাহিনীর প্রায় ১৩ শতাংশ এই ছাঁটাইয়ের আওতায় পড়েছে। প্রযুক্তি খাতে বর্তমানে এআই অবকাঠামো, বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণ ও সম্প্রসারণে বিপুল বিনিয়োগের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যয় নিয়ন্ত্রণে কর্মী সংখ্যা কমানোর পথে হাঁটছে। ওরাকলের সাম্প্রতিক সিদ্ধান্তও সেই ধারারই অংশ হিসেবে দেখা হচ্ছে।

শুধু ওরাকলই নয়, এআই খাতে বড় বিনিয়োগের কারণে সাম্প্রতিক সময়ে অ্যামাজন ও মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানও হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। কর্মসংস্থান পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত এক বছরে প্রযুক্তি খাতে এক লাখের বেশি কর্মী চাকরি হারিয়েছেন।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে ওরাকলে বড় ধরনের ছাঁটাইয়ের খবর বিভিন্ন কর্মীর সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে উঠে এলেও তখন এর প্রকৃত পরিসর জানা যায়নি। বার্ষিক প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি স্পষ্ট হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, কর্মী ছাঁটাই, বিদায়ী ভাতা এবং পুনর্গঠন কার্যক্রম পরিচালনায় গত এক বছরে তাদের ব্যয় হয়েছে প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলার। আগের অর্থবছরে একই খাতে ব্যয় ছিল ৩৭৪ মিলিয়ন ডলার, যা বর্তমান ব্যয়ের তুলনায় অনেক কম।

তবে পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে কিছু ঝুঁকির কথাও উল্লেখ করেছে ওরাকল। প্রতিষ্ঠানটির আশঙ্কা, নির্দিষ্ট কিছু পদে দক্ষ জনবলের ঘাটতি তৈরি হলে উৎপাদনশীলতা কমতে পারে এবং এর প্রভাব ভবিষ্যৎ আয়ের ওপর পড়তে পারে।

বর্তমানে ওপেনএআই ও মেটার মতো শীর্ষ এআই প্রতিষ্ঠানের জন্য ডেটা সেন্টার স্থাপনের বাজারে শক্ত প্রতিযোগিতার মধ্যেই রয়েছে ওরাকল। সেই লক্ষ্যকে সামনে রেখেই কোম্পানিটি তাদের ব্যবসায়িক কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে বলে ধারণা করা হচ্ছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ