ইসলামের চার খলিফার নামে সেনাবাহিনীর নতুন ব্যাটেলিয়নের চার কোম্পানি

প্রতিবেদন:

·

বাংলাদেশ সেনাবাহিনী ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটেলিয়ন’ নামে একটি নতুন ব্যাটেলিয়ন গঠন করেছে। এ ব্যাটেলিয়নের অধীনে চারটি কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের চার খলিফা— হযরত আবু বকর (রা.), হযরত উমর (রা.), হযরত উসমান (রা.) এবং হযরত আলী (রা.)-এর নামে।

বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে গত ১৮ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) সেনাপ্রধান ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটেলিয়ন’-এর উদ্বোধন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় বিএমএতে প্রশিক্ষণরত অফিসার ক্যাডেটদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং প্রশিক্ষণের মানোন্নয়নের লক্ষ্যে ‘প্রথম বাংলাদেশ ব্যাটেলিয়ন’-এর পাশাপাশি নতুন এ ব্যাটেলিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে।

সেনাবাহিনীর একটি সূত্র জানায়, ‘প্রথম বাংলাদেশ ব্যাটেলিয়ন’-এ পাঁচটি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির নামকরণ করা হয়েছে মুক্তিযুদ্ধের বীরদের নামে। সেগুলো হলো— জাহাঙ্গীর কোম্পানি, রউফ কোম্পানি, হামিদ কোম্পানি, নুর মোহাম্মদ কোম্পানি এবং মোস্তফা কোম্পানি।

সূত্রটির দাবি, নতুন গঠিত দ্বিতীয় বাংলাদেশ ব্যাটেলিয়নের মাধ্যমে সেনাবাহিনীর প্রশিক্ষণ কাঠামোয় সম্প্রসারণ ঘটেছে। পাশাপাশি কোম্পানিগুলোর নামকরণে নতুন একটি ধারা যুক্ত হয়েছে।

এ ছাড়া দ্বিতীয় বাংলাদেশ ব্যাটেলিয়নে আরও দুটি কোম্পানি গঠনের প্রস্তাব রয়েছে। সেনাবাহিনীর পূর্ণাঙ্গ নারী কোম্পানি হিসেবে প্রস্তাবিত এ দুটি ইউনিটের নাম নবী মুহাম্মদ (সা.)-এর কন্যা হযরত ফাতেমা (রা.) এবং স্ত্রী হযরত আয়েশা (রা.)-এর নামে রাখার প্রস্তাব করা হয়েছে। তবে এ দুটি কোম্পানি এখনো অনুমোদন পায়নি।

সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, প্রতিবছর অফিসার ক্যাডেটের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন একটি ব্যাটেলিয়ন গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ