ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, গাজীপুর সদর শাখার উদ্যোগে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা, ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং গ্রাহকদের মতামত গ্রহণের লক্ষ্যে এক গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) গাজীপুর সদর শাখা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শাখার ব্যবস্থাপক ও শাখা প্রধান মামুনুল ইসলামের সভাপতিত্বে এবং শাখা অপারেশন ম্যানেজার মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ঢাকা ইস্ট জোন প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ সোলাইমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা ইস্ট জোনের এফএভিপি হুমায়ূন কবীর এবং ইসলামী ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখার ব্যবস্থাপক ও শাখা প্রধান মোসলেহ উদ্দিন।
গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন মো. ছাদেকুজ্জামান খান, আব্দুল খালেক সরকার, গেলমান হোসেন, আব্দুস সালাম, কণিকা দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ সোলাইমান বলেন, গ্রাহকরাই ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় শক্তি ও আস্থার জায়গা। তাদের বিশ্বাস, ভালোবাসা এবং সহযোগিতার কারণেই নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে ইসলামী ব্যাংক আজও দেশের ব্যাংকিং খাতে একটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে।
তিনি বলেন, বিশ্বের এক হাজার শীর্ষ ব্যাংকের তালিকায় স্থান পাওয়া দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, শিল্পায়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন এবং হালাল বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তিনি আরও বলেন, দেশের তৈরি পোশাক শিল্প, বিভিন্ন উৎপাদনমুখী খাত এবং বৈধ বিনিয়োগে ইসলামী ব্যাংকের অবদান উল্লেখযোগ্য। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স আহরণেও ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অতীতে কিছু সংকটের সময় অনেক প্রবাসী গ্রাহক সাময়িকভাবে রেমিট্যান্স পাঠানো কমিয়ে দিলেও বর্তমানে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে তারা আবারও ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো শুরু করেছেন, যা ব্যাংকের প্রতি আস্থারই বহিঃপ্রকাশ।
ড. মোহাম্মদ সোলাইমান বলেন, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অতীতেও নানা ষড়যন্ত্র হয়েছে, তবে গ্রাহকদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার কারণে কোনো অপচেষ্টাই সফল হয়নি। ভবিষ্যতেও গ্রাহকদের সহযোগিতা অব্যাহত থাকলে কোনো ষড়যন্ত্রই ইসলামী ব্যাংকের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি গ্রাহকদের উদ্দেশে আরও ঘোষণা দেন, সম্প্রতি যারা বিভিন্ন কারণে তাদের আমানত উত্তোলন করেছেন, তারা যদি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পুনরায় সেই অর্থ ইসলামী ব্যাংকে জমা রাখেন, তাহলে ব্যাংকের নীতিমালা অনুযায়ী তাদের পূর্ণ মুনাফা (প্রফিট) প্রদান করা হবে।
অনুষ্ঠানে গ্রাহকরা ব্যাংকের বিভিন্ন সেবা, বিনিয়োগ, আমানত, ডিজিটাল ব্যাংকিং এবং গ্রাহকসেবার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। প্রধান অতিথি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রাহকদের প্রশ্নের বিস্তারিত উত্তর দেন এবং ভবিষ্যতেও উন্নত, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে শাখা প্রধান মামুনুল ইসলাম বলেন, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিই ইসলামী ব্যাংকের মূল শক্তি। গ্রাহকদের প্রত্যাশা পূরণে আধুনিক, নিরাপদ ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা প্রদানে গাজীপুর সদর শাখা সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠান শেষে ব্যাংকের অগ্রযাত্রায় গ্রাহকদের অব্যাহত সহযোগিতা কামনা করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানো হয়।
Read this report in English · ইংরেজি সংস্করণ
