ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনা নয়

প্রতিবেদন:

·

, ,

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। দেশটির সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো পদক্ষেপ বা আলোচনা হবে না বলে আবারও স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে গালিবাফের এ বক্তব্য প্রকাশ করা হয়েছে।

গালিবাফ বলেন, ‘আমাদের অবস্থান আগেই যা জানিয়েছি, তা-ই রয়েছে। ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হবে না এবং কোনো আলোচনা হবে না।’

তিনি আরো বলেন, ‘শত্রুপক্ষের যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের কঠোর জবাব দিতে আমরা প্রস্তুত। শত্রুপক্ষ কোনো ভুল হিসাব করলে সংঘাতের ভৌগোলিক পরিসরও পরিবর্তন করা হবে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক বক্তব্য ও হুমকির জবাবে গালিবাফ এসব কথা বলেছেন। তিনি মার্কিন কর্মকর্তাদের বক্তব্যকে ‘অর্থহীন মন্তব্য ও হুমকি’ হিসেবে উল্লেখ করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্কট বেসেন্ট বলেন, ইরানের অবৈধ আর্থিক নেটওয়ার্কগুলো ভেঙে দেওয়ার কার্যক্রম অব্যাহত রাখবে তার মন্ত্রণালয়। ‘যতক্ষণ না আমরা সাপের মাথা পুঁতে ফেলতে পারছি’, ততক্ষণ এ কার্যক্রম চলবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এতে দেশটির দুই ডজনের বেশি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, বিভিন্ন নামে পরিচালিত কোম্পানি এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের বৈশ্বিক ছায়া ব্যাংকিং নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত করতে এ ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় মার্কিন অর্থ মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর ক্ষেত্রে ইরানের সাতটি শর্তের মধ্যে রয়েছে—ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল, জব্দ করা ইরানি অর্থ ছাড়, সব রণাঙ্গনে শত্রুতা বন্ধ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা।

ইরানের এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা বা পদক্ষেপে না যাওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন গালিবাফ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব দেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি।