ইমাম থেকে সিনেটর !

প্রতিবেদন:

·

, ,

যে যুবক আল্লাহর সামনে দাঁড়িয়ে মুসল্লিদের নামাজে নেতৃত্ব দেন, তিনিই আজ যুক্তরাষ্ট্রের জাতীয় আইনসভায় প্রবেশের অপেক্ষায়। মসজিদের ইমামতি ও রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব—দুটিকে পরস্পরবিরোধী নয়, বরং জ্ঞান, যোগ্যতা, নৈতিকতা ও দায়িত্ববোধের সমন্বিত প্রকাশ হিসেবে দেখার একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে উঠেছেন আবদুল আল-সাইয়েদ।

মুসলমানদের নেতৃত্ব কেমন হওয়া উচিত? যিনি ধর্মীয় জ্ঞান রাখেন, ইবাদতে নিষ্ঠাবান, মানুষের সামনে দাঁড়িয়ে নামাজ পড়াতে পারেন, আবার একই সঙ্গে আধুনিক শিক্ষা, বিজ্ঞান, অর্থনীতি, প্রশাসন ও রাষ্ট্র পরিচালনায়ও দক্ষ—এমন নেতৃত্ব কি সম্ভব? যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে সিনেটে নির্বাচিত আল-সাইয়েদকে ঘিরে নতুন করে এই প্রশ্ন সামনে এসেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরোনো ভিডিওতে তাকে মসজিদে কোরআন তিলাওয়াত করতে এবং জামাতে নামাজে ইমামতি করতে দেখা যাচ্ছে। ২০২৬ সালের ৩ নভেম্বরের নির্বাচনে সিনেট আসনে বিজয়ের পর ভিডিওটি নতুন করে আলোচনায় এসেছে। ভিডিওটি প্রায় পাঁচ বছর আগের এবং এতে তাকে ডেট্রয়েটের একটি মসজিদে ইমামতি করতে দেখা যায়।

আল-সাইয়েদ শুধু একজন রাজনীতিবিদ নন; তিনি চিকিৎসাবিজ্ঞানে শিক্ষিত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক এবং ধর্মীয় পরিচয় সম্পর্কে প্রকাশ্যে গর্বিত একজন মুসলমান। তার রাজনৈতিক উত্থান আমেরিকায় মুসলিম প্রতিনিধিত্বের ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করেছে। তবে ভিডিওতে ইমামতি করতে দেখা যাওয়ার অর্থ এই নয় যে তিনি পেশাদার বা স্থায়ী মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। এটি তার ধর্মীয় জীবনের একটি দৃশ্য।

ধর্মীয় পরিচয় সম্পর্কে রাখঢাক করেননি

আল-সাইয়েদ মিসরীয় অভিবাসী পরিবারের সন্তান, অক্সফোর্ডের গবেষক, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। তার পুরো নাম আবদুর রহমান মোহাম্মদ আল-সাইয়েদ। তার শিক্ষাজীবনও অসাধারণ। তিনি চিকিৎসক, মহামারিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ধর্মীয় পরিচয় সম্পর্কেও তিনি রাখঢাক করেননি। নির্বাচনী প্রচারণায় ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহার করেছেন। বিজয় ঘোষণার সময় বলেছেন, ‘ইনশাআল্লাহ’কে এবার ‘আলহামদুলিল্লাহ’তে পরিণত করার সময় এসেছে।

ধর্মীয় বিশ্বাস তার ব্যক্তিগত জীবনে কীভাবে নৈতিকতা ও মানবিকতার প্রেরণা জোগায়, সে বিষয়ে তিনি আগেও কথা বলেছেন। ধর্মীয় পরিচয়কে তিনি মানুষের মর্যাদা ও পারস্পরিক সম্মানের সঙ্গে যুক্ত করে দেখেন। তিনি মিশিগানের ফার্মিংটন হিলসের মুসলিম কমিউনিটি মসজিদের আবাসিক আলেম ইমাম সুলাইমান হানি তাকে দীর্ঘদিনের পরিচিত, ধর্মচর্চায় অভ্যস্ত এবং স্থানীয় মুসলিম সমাজের সঙ্গে যুক্ত একজন মানুষ।

নামাজে ইমামতি নিয়ে কেন এত আলোচনা?

আল-সাইয়েদের মসজিদে ইমামতির ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক সাফল্যকে পাশাপাশি তুলে ধরছেন। ভিডিওতে তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করছেন এবং জুমার নামাজে মুসল্লিদের ইমামতি করছেন। ভিডিওটি প্রায় পাঁচ বছর আগের বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তার উত্থানের পর এটি নতুন করে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটি নিয়ে একটি উল্লেখযোগ্য প্রতিক্রিয়া হলো, মানুষ তার মধ্যে একজন ধর্মপরায়ণ মুসলমান এবং রাষ্ট্রীয় নেতৃত্বে সক্ষম একজন ব্যক্তির সমন্বয় দেখতে পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিম পরিচয় নিয়ে যে বিতর্ক রয়েছে, তার মধ্যে এই দৃশ্যের প্রতীকী গুরুত্বও রয়েছে। এক সাক্ষাৎকারে আল-সাইয়েদ বলেছেন, তার প্রতিপক্ষরা মানুষের নামাজ পড়ার পদ্ধতি ও ধর্মীয় পরিচয়কে ভয়ংকর হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে। কিন্তু মিশিগানের ভোটাররা সেই প্রচারণা প্রত্যাখ্যান করেছেন। এ বক্তব্যের মাধ্যমে তিনি ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নটিকেও সামনে এনেছেন।

মসজিদের ইমাম ও রাষ্ট্রের নেতা—দুটি পরিচয় কি একসঙ্গে সম্ভব?

ইসলামের ইতিহাসে এই ধারণা নতুন নয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন একই সঙ্গে ইবাদতের নেতা, শিক্ষক, বিচারক, সমাজসংস্কারক ও রাষ্ট্রনায়ক। মদিনায় মসজিদ ছিল শুধু নামাজের স্থান নয়; শিক্ষা, পরামর্শ, সামাজিক সংহতি ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডেরও কেন্দ্র। পরবর্তী সময়ে মুসলিম সভ্যতায় বহু আলেম, বিচারক, প্রশাসক, শিক্ষক ও রাষ্ট্রনায়ক ধর্মীয় জ্ঞান এবং রাষ্ট্র পরিচালনার যোগ্যতার সমন্বয় ঘটিয়েছেন।

আধুনিক যুগেও এই সমন্বয়ের প্রয়োজন রয়েছে। একজন মুসলিম তরুণের কেবল ধর্মীয় পরিচয় থাকলেই হবে না; তাকে জ্ঞান-বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল, অর্থনীতি, প্রযুক্তি, আন্তর্জাতিক সম্পর্ক, আইন ও প্রশাসনেও দক্ষ হতে হবে। একইভাবে উচ্চশিক্ষিত হলেই নেতৃত্বের যোগ্যতা অর্জিত হয় না। প্রয়োজন সততা, আমানতদারি, মানুষের প্রতি দায়িত্ববোধ, ন্যায়বিচার এবং আত্মিক পরিশুদ্ধি।

আব্দুল আল-সাইয়েদের ঘটনাটি এই আলোচনার জন্য একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। তবে তার ইমামতি করার ভিডিও থেকে তাকে পূর্ণাঙ্গ ধর্মীয় আলেম বা পেশাদার ইমাম হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই। বরং তার ধর্মীয় অনুশীলন, চিকিৎসাবিজ্ঞানের শিক্ষা, গবেষণা এবং রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতার সমন্বয়ই আলোচনার বিষয়।

মুসলিম তরুণদের জন্য কী শিক্ষা?

আল-সাইয়েদের উত্থান থেকে মুসলিম তরুণদের জন্য একটি বড় শিক্ষা পাওয়া যায়। সমাজ ও রাষ্ট্রে সম্মানজনক অবস্থান তৈরি করতে হলে যোগ্যতার বিকল্প নেই। মসজিদে নেতৃত্ব দিতে হলে কোরআন, সুন্নাহ, ফিকহ ও ধর্মীয় জ্ঞানে পারদর্শিতা প্রয়োজন। আর রাষ্ট্র পরিচালনা করতে হলে সংবিধান, অর্থনীতি, আইন, প্রশাসন, বিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক ও জননীতি সম্পর্কে গভীর জ্ঞান প্রয়োজন।

দুটিকে সমন্বিত করতে পারলে একজন মানুষ সমাজের ধর্মীয় ও নাগরিক—উভয় ক্ষেত্রেই ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। মুসলিম সমাজের দুর্বলতার একটি জায়গা হলো, আমরা অনেক সময় ধর্মীয় শিক্ষা ও আধুনিক শিক্ষাকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখি। অথচ জ্ঞানচর্চার বিভিন্ন শাখায় দক্ষতা অর্জন এবং মানুষের কল্যাণে তা প্রয়োগ করা ইসলামের মৌলিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আল-সাইয়েদের ঘটনা তাই শুধু একজন মুসলমানের নির্বাচনী বিজয়ের গল্প নয়; এটি মুসলিম তরুণদের জন্য নিজেদের প্রস্তুত করারও একটি আহ্বান। যোগ্যতা অর্জন করতে হবে, আন্তর্জাতিক মানের শিক্ষা নিতে হবে, গবেষণা করতে হবে, পেশাগত উৎকর্ষ অর্জন করতে হবে, মানুষের সমস্যা বুঝতে হবে এবং নেতৃত্বের দায়িত্ব নেওয়ার উপযুক্ত হতে হবে।

মসজিদে যিনি মানুষের সামনে দাঁড়াবেন, তার মধ্যে তাকওয়া ও ধর্মীয় জ্ঞান থাকা প্রয়োজন। রাষ্ট্রের নেতৃত্ব যিনি দেবেন, তার মধ্যে থাকতে হবে জ্ঞান, প্রজ্ঞা, দক্ষতা, ন্যায়পরায়ণতা ও আমানতদারি। আর একজন মানুষের মধ্যে উভয় গুণের সমন্বয় ঘটলে সেটি নিঃসন্দেহে একটি সুন্দর সম্ভাবনা।

আল্লাহ আমাদের এমন প্রজন্ম দান করুন, যারা কোরআন পড়বে, গবেষণাগারে কাজ করবে, বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি করবে, হাসপাতাল পরিচালনা করবে, অর্থনীতি ও প্রযুক্তিতে নেতৃত্ব দেবে, আবার মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা রাখবে।

যোগ্যতা অর্জন ছাড়া মুক্তির আর কোনো সহজ পথ খোলা নেই। কাঙ্ক্ষিত সেই মুসলিম যুবক—যিনি ইবাদতে আল্লাহর সামনে বিনয়ী, জ্ঞানচর্চায় নিবেদিত, মানুষের সেবায় আন্তরিক এবং দায়িত্ব পালনে আপসহীন। এমন যুবকই তো আমাদের প্রত্যাশা!

Read this report in English · ইংরেজি সংস্করণ