ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, দেশটির সব সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে। কোনো অবস্থাতেই এর এক কণাও বিদেশে পাঠানো হবে না। তিনি বলেন, এই পারমাণবিক উপাদান ইরানের জনগণের জাতীয় সম্পদ।
মঙ্গলবার তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র আস্থা পুনর্গঠনে ইরানের শর্ত পূরণ না করা পর্যন্ত দেশটির সঙ্গে কোনো আলোচনা হবে না বলেও জানান রেজাই।
এদিকে ইরান-পাকিস্তান সীমান্ত সমস্যার সমাধান হয়েছে এবং মঙ্গলবার সকাল থেকে সীমান্ত পারাপার পুনরায় চালু হয়েছে বলে জানান মুনির। তিনি ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধক্ষমতার প্রশংসা করেন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বিদেশে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে তেহরান এ দাবি প্রত্যাখ্যান করে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার বজায় রাখার কথা বলছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ৪০ দিনের যুদ্ধের পরও দুই দেশের মধ্যে স্থায়ী সমঝোতা হয়নি। এ পরিস্থিতিতে পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
