যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন নীতি ছিল অতিরিক্ত কঠোর। যা ছিল তার অন্যতম ভূল । মধ্যবর্তী নির্বাচনে তার দলের বড় ধরনের পরাজয়ের পর এ মন্তব্য করলেন তিনি। তার মতে, অভিবাসীদের ব্যাপকভাবে বহিষ্কারের নীতি গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির খারাপ ফলাফলের অন্যতম কারণ হতে পারে।
দলটি প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। গত রোববার প্রচারিত সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার প্রশাসনের বিতর্কিত অভিবাসনবিরোধী অভিযান নিয়ে অনেক ভোটার অসন্তুষ্ট ছিলেন। এসব অভিযানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভও হয়।
নতুন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে কাজ করে অভিবাসন বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলেও আশাবাদ জানান তিনি। ট্রাম্পের ভাষায়, ‘আমরা একসঙ্গে বসে একটি সমাধান বের করব। আমার মনে হয়, এটি বাস্তবায়ন করা সম্ভব।’
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অভিবাসন বিষয়ে কোনো সমঝোতা হলেও অপরাধে জড়িত ব্যক্তিদের বহিষ্কার অব্যাহত থাকবে। তবে যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, কাজ করছেন এবং নিয়মিত কর দিচ্ছেন, এমন ‘ভালো মানুষদের’ দেশটিতে থাকার সুযোগ দেওয়া যেতে পারে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
