ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক

প্রতিবেদন:

·

শিক্ষা ডেস্ক:

দেশে বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় আগামীতে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

সেমিনারে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেন, “সবাইকে শুধু প্রথাগত উচ্চ শিক্ষা দিয়ে দেশে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না। আমাদের শিক্ষার্থীদের এমনভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে যাতে তারা আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের অবস্থান তৈরি করাসহ বিশ্ব নেতৃত্বে অবদান রাখতে পারে। আর সেই লক্ষ্যেই বর্তমান সরকার নতুন শিক্ষাব্যবস্থা সাজাচ্ছে।”তিনি আরও বলেন, বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার প্রসারে এখন থেকে স্কুল পর্যায় অর্থাৎ ষষ্ঠ শ্রেণি থেকেই প্রতিটি শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক করা হবে।

পরীক্ষাপদ্ধতিতে স্বচ্ছতা আনা এবং প্রযুক্তির অপব্যবহার রোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি ঘোষণা করেন, দেশে নতুন ‘পাবলিক পরীক্ষা আইন’ পাস হয়েছে। এই আইনের আওতায় এখন থেকে পরীক্ষার হলে বা বাইরে যেকোনো ধরনের ‘ডিজিটাল নকল’ বা প্রযুক্তিগত জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে অপরাধীদের কঠোর সাজার মুখোমুখি হতে হবে।

রোটারি বাংলাদেশের এই লিডার্স ট্রেনিং সেমিনারে দেশের বিভিন্ন অঞ্চলের রোটারিয়ান ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষামন্ত্রী তরুণ প্রজন্মকে দক্ষ ও আধুনিক নাগরিক হিসেবে গড়ে তুলতে রোটারির মতো সামাজিক সংগঠনগুলোকেও সরকারের পাশাপাশি কাজ করার আহ্বান জানান।

Read this report in English · ইংরেজি সংস্করণ