মারধরের পর জবির সেই ৫ কর্মকর্তা বরখাস্ত, পুলিশে হস্তান্তর

প্রতিবেদন:

·

,

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রশাসনের কাছে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তী সময়ে ওই পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঘটনার ধারাবাহিকতায় মঙ্গলবার ভোররাত ৩টার দিকে একটি পুলিশ ভ্যানে করে তাদের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মকর্তাদের থানায় নেওয়ার আগপর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তাদের পুলিশে দেওয়ার দাবিতে স্লোগান দিচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বর্তমানে কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে থাকা ওই পাঁচ কর্মকর্তা হলেন—বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব শাখার উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ, নৃবিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান এবং রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মো. নুরুল হুদা।

এর আগে সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে তল্লাশি চালান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ওই পাঁচ কর্মকর্তাকে আটক ও মারধর করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার দুপুর ২টার দিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জবির পাঁচ কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন রাতে ওই পাঁচ কর্মকর্তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তারা এখন থানা হেফাজতে রয়েছেন।

তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না—জানতে চাইলে ওসি বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনই ভালো বলতে পারবে। তাদের সঙ্গে কথা বলুন, প্রশাসন যে সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, মূলত তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না। আমরা বিষয়টির একটি সুন্দর সমাধান চাই। এরই মধ্যে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ হেফাজতে থাকা কর্মকর্তাদের ভবিষ্যৎ সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রক্টর আরও জানান, তাদের ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে এবং খুব সম্ভবত সে সিদ্ধান্তই নেওয়া হবে।