নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই ইসরাইলের

প্রতিবেদন:

·

, ,

ইসরাইলের আসন্ন নির্বাচনের আগে ইরানে হামলার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

ইরান ইস্যুতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনাপ্রধান আইয়াল জামিরের মধ্যে নজিরবিহীন বিরোধের খবরও নাকচ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাৎজ বলেন, ইরান ইস্যুতে রাজনৈতিক নেতৃত্ব ও ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে মতপার্থক্য থাকার যেসব খবর প্রকাশিত হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

তিনি আরো বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি, ইসরাইলের নির্বাচনের আগে ইরানে হামলা শুরু করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা ইসরাইলের ছিল না।

ইরান যদি ইসরাইলে হামলা চালায়, তবে দেশটি যে অত্যন্ত শক্তিশালী জবাব দেবে, তা স্পষ্ট করে জানানো হয়েছে। এ বিষয়ে প্রকাশিত সব প্রতিবেদনই সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।

এর আগে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, ইরান-সংশ্লিষ্ট একটি সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধান জামিরের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে।

ওই অভিযান ইসরাইলের নির্বাচনের আগে ইরানের সঙ্গে সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। তবে কাৎজের বক্তব্যে সেই খবর প্রত্যাখ্যান করা হয়েছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ