নেত্রকোনার মোহনগঞ্জে মুসলিম তরুণীকে বিয়ের আগে ধর্মান্তরিত হয়ে নাম পরিবর্তনের পর ৮ বছর সংসার করার অভিযোগ উঠেছে এক হিন্দু যুবকের বিরুদ্ধে। দুই সন্তান জন্মের পর ফের হিন্দু ধর্মে ফিরে অন্য এক হিন্দু তরুণীকে বিয়ে করার অভিযোগে অর্জুন ধর হীরা ওরফে হীরা মিয়ার বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করেছেন তার প্রথম স্ত্রী শিপুল আক্তার খানম। মামলায় অর্জুনের মা কৃষ্ণা রানী ঘোষকেও আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার বাদীপক্ষের আইনজীবী মোশারফ হোসেন শুভ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২০ জুলাই নেত্রকোনা সদর আমলি আদালতে মামলাটি করেন শিপুল। পিবিআইয়ের এসআই মো. জামান আলী বলেন, মামলার তদন্ত চলছে। দ্রুত তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে। মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, অর্জুন ধর হীরা একসময় মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকায় বসবাস করতেন। সেখানে শিপুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০১৪ সালে অ্যাফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম মো. হীরা মিয়া রাখেন। এরপর শিপুলকে বিয়ে করেন। সংসার জীবনে ২০১৫ সালে তাদের একটি কন্যাসন্তান এবং ২০২২ সালে একটি পুত্রসন্তান জন্ম নেয়।
বাদীর অভিযোগ, মুসলিম পরিচয়ে থাকাকালে হীরা নামাজ-রোজাও পালন করতেন। তবে বিভিন্ন অজুহাতে বিয়ের কাবিন রেজিস্ট্রি করেননি। দ্বিতীয় সন্তান জন্মের পর তার মা কৃষ্ণা রানীর প্ররোচনায় ফের হিন্দু ধর্মে ফিরে যান তিনি। পরে গোপনে অন্য এক হিন্দু তরুণীকে বিয়ে করেন। বিষয়টি জানতে চাইলে শিপুলকে যৌতুকের দাবিতে মারধর ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। মামলায় আরও বলা হয়, প্রতিকারের জন্য ২০২৫ সালের ২০ মে জেলা লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন শিপুল। পরে উভয়পক্ষের সম্মতিতে ৪ জুন নোটারি পাবলিকের মাধ্যমে আপসনামা ও এফিডেভিট করা হয়। সন্তানদের পড়াশোনার খরচ বহন ও জমি কিনে বাড়ি নির্মাণসহ বিভিন্ন শর্ত থাকলেও পরে সেগুলো পূরণ করা হয়নি বলে অভিযোগ করেন শিপুল। শিপুল বলেন, স্বামী ও শাশুড়ি তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণা করেছেন। দুই সন্তানের বাবার পরিচয় ও ভবিষ্যৎ নিয়ে তিনি শঙ্কিত। অভিযোগের বিষয়ে অর্জুন ধর হীরা বলেন, তিনি অনেক আগেই শিপুলকে তালাক দিয়েছেন। এরপর তিনি কী করবেন, তা শিপুলের জানার বিষয় নয়। এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
Read this report in English · ইংরেজি সংস্করণ
