জনগণের হক তছরুপ করলে কোনো ছাড় নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিবেদন:

·

সাধারণ মানুষের অধিকার ও সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি। তিনি বলেছেন, জনগণের হক আদায় না করে যদি কেউ দুর্নীতি করেন কিংবা সাধারণ মানুষের প্রাপ্য তছরুপ করার চেষ্টা করেন, তবে অপরাধী যেই হোক না কেন তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (১৯ জুন) বেলা ১২টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে দেশের সামগ্রিক উন্নয়নের কাজ করে যাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে জনগণের হক নিয়ে কোনো প্রকার ছিনিমিনি বা দুর্নীতি সহ্য করা হবে না। অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দল-মত নির্বিশেষে সবার সরকার। প্রধানমন্ত্রী দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি ছুটে চলছেন। আপনারা সরকারের পাশে থাকুন, আমাদের সহযোগিতা করুন; এই সরকার সুশাসন নিশ্চিত করলে তার সুফল দেশের প্রতিটি নাগরিক ভোগ করবে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম) এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া। এছাড়াও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এলাকার স্থানীয় অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। এর আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী গজারিয়ায় এসে পৌঁছালে জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানস্থলে বরণ করে নেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ