গাড়ি হামলায় দুই পাই হারালেন সেই অস্ট্রেলীয় এমপি

প্রতিবেদন:

·

, ,

গাড়ি হামলার শিকার অস্ট্রেলিয়ার স্বতন্ত্র এমপি হেলেন হেইনসের দুটি পা কেটে ফেলতে হয়েছে। চিকিৎসকরা চেষ্টা সত্ত্বেও তার পা বাঁচাতে পারেননি বলে বুধবার তার স্বামী নিশ্চিত করেন। এদিকে এই ঘটনার তদন্তে পুলিশের সঙ্গে সন্ত্রাসবিরোধী তদন্তকারী দলও যুক্ত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনায় তারাউইঞ্জির বাসিন্দা ৪৩ বছর বয়সী ব্রেন্ডন এন. নামের এক সন্দেহভাজনকে বুধবার ওয়াঙ্গারাত্তা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গুরুতর জখম করা, বিপজ্জনক গাড়ি চালিয়ে গুরুতর জখম করা এবং ফেডারেল কর্মকর্তাকে ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।

আশঙ্কাজনক অবস্থায় সোমবার রাতে ৬৫ বছর বয়সী এই আইনপ্রণেতার অস্ত্রোপচার হয়। মঙ্গলবার তার বাঁ পা কেটে ফেলা হয় এবং বুধবার চিকিৎসকরা তার ডান পা-ও কেটে ফেলতে বাধ্য হন।

মেলবোর্নে সাংবাদিকদের তার স্বামী ফিল হেইনস জানান, এই সব কিছুর মধ্যে ভালো খবর হলো হেলেন বেঁচে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল। প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা রঙের একটি টয়োটা এসইউভি গাড়ি এসে হেইনসকে ধাক্কা দেয়। এরপর চালক গাড়িটি পিছিয়ে নিয়ে এসে দ্বিতীয়বার তাকে চাপা দেয়।

অস্টেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানান, এটি কোনো দুর্ঘটনা ছিল না, আপাতদৃষ্টিতে এটি একটি ইচ্ছাকৃত কর্মকাণ্ড বলেই মনে হচ্ছে। ঘটনার পরপরই স্থানীয় এক নাপিত রিকি জেফরিস দৌড়ে এসে গাড়ির ভেতর থেকে চালককে টেনে নামান এবং তার কাছে থাকা একটি ছুরি কেড়ে নিয়ে পুলিশ না আসা পর্যন্ত তাকে আটকে রাখেন।

অস্ট্রেলিয়ায় রাজনীতিকদের নিরাপত্তা ও ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ২০১৯ সালে সংসদে প্রবেশের আগে হেলেন হেইনস একজন নার্স ও মিডওয়াইফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত।

Read this report in English · ইংরেজি সংস্করণ