এসএসসি-দাখিল পরীক্ষায় অভিন্ন প্রশ্ন

শিক্ষা ডেস্ক:

এসএসসি ও দাখিল পরীক্ষার বিষয় কোডে পরিবর্তন আনা হয়েছে। সাধারণ শিক্ষা ধারার এসএসসি পরীক্ষার বিষয় কোডের সঙ্গে মাদ্রাসা শিক্ষা ধারার দাখিল স্তরের বিষয় কোড সমন্বয় করে নতুন বিষয় কোড নির্ধারণ করা হয়েছে। নতুন এ বিষয় কোড ২০২৭ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষা থেকে নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে কার্যকর হবে।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, এসএসসি ও দাখিল পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের জন্য সাধারণ শিক্ষাধারার এসএসসির বিষয় কোডের সঙ্গে মাদ্রাসা শিক্ষাধারার দাখিল স্তরের বিষয় কোড সময়োপযোগী পুনর্নির্ধারণ করা হয়েছে। দাখিল স্তরের বিষয়গুলোর পুরাতন কোড ও নতুন কোড সম্বলিত তালিকা প্রকাশ করা হলো।

পুনর্নির্ধারিত নতুন বিষয় কোডগুলো নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে দাখিল পরীক্ষা ২০২৭ থেকে কার্যকর হবে। দাখিল পরীক্ষা ২০২৭ থেকে নিয়মিত পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, পরীক্ষার্থী সংক্রান্ত সব প্রক্রিয়া, প্রবেশপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র, নম্বরপত্র, সনদপত্র এবং পরীক্ষা-সংশ্লিষ্ট অন্যান্য সব কার্যক্রমে সংযুক্ত তালিকায় বর্ণিত নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে।

অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে পূর্বের বিষয় কোড বহাল থাকবে। এমন অবস্থায়, সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।