এইচএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা

প্রতিবেদন:

·

,

শিক্ষা ডেস্ক:

এইচএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন। এ লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কেন্দ্রগুলোর আশপাশের যানজট ও জনদূর্ভোগ কমাতেই এমন সিদ্ধান্ত।

বুধবার (১৭ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ চিঠি পাঠানো হয়েছে

এতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষা কেন্দ্রগুলোর আশপাশের যানজট ও জনদূর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবলমাত্র পরীক্ষার্থীদেরকে কেন্দ্রের অভ্যন্তরে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশের ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ করা হলো।

প্রসঙ্গত, এ বছরের এইচএসসি পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে শেষ হবে ৮ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৫ আগস্টের মধ্যে। রুটিন অনুযায়ী, শুরুর দিনে বাংলা প্রথম পত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৮ আগস্ট শেষ দিনে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা – ২য় পত্র, শিশু বিকাশ ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। আবার দ্বিতীয় শিফটে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

Read this report in English · ইংরেজি সংস্করণ