মাটি ভরাট

  • শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ভরাটে মিলবে বিনামূল্যে ড্রেজিংয়ের মাটি

    শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ভরাটে মিলবে বিনামূল্যে ড্রেজিংয়ের মাটি

    শিক্ষা ডেস্ক:

    মাটি ড্রেজিং (খনন) করতে ড্রেজড ম্যাটেরিয়াল সুষ্ঠু ব্যবস্থাপনা-মনিটরিংয়ের জন্য ‘জেলা ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। কমিটিরি কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি সরেজমিনে পরিদর্শন করে স্থানীয় জনগণের চাহিদা ভিত্তিতে রাস্তাঘাট, শিক্ষা বা ধর্মীয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের আবেদন যদি থাকে অগ্রাধিকার নির্ধারণ করে প্রতিষ্ঠানের মধ্যে বিনামূল্যে ড্রেজড ম্যাটেরিয়াল বরাদ্দ দেবে।

    বৃহস্পতিবার এক গেজেটে এ তথ্য জানানো হয়।

    পুনর্গঠিত কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে থাকবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক-সহকারী পরিচালক এবং প্রয়োজনের ক্ষেত্রে বিএডব্লিউটিএ’র বা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। সভাপতির মনোনীত স্থানীয় পর্যায়ের তিনজন গণমান্য ব্যক্তিকে, যার মধ্যে একজন নারী প্রতিনিধি থাকবেন।

    গেজেটে আরো বলা হয়েছে, জেলা প্রশাসক মনোনীত একজন ছাত্র প্রতিনিধি কমিটির সদস্য হিসেবে থাকবেন।

    যে সংস্থার নেতৃত্বে ড্রেজিং পরিচালিত হবে, ওই সংস্থার জেলা পর্যায়ের কর্মকর্তা-জেলা পর্যায়ের কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট কারণে উপযুক্ত প্রতিনিধি সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

    কমিটিরি কার্যপরিধিতে বলা হয়, এ কমিটি মাঠ ভরাট, ঈদগাহ, মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশানঘাট, খেলার মাঠ, সরকারি খাসজমি, পতিত জমি ও অন্যান্য সরকারি-সামাজিক প্রতিষ্ঠানের নিচু জায়গা ভরাট-উন্নয়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদন যদি থাকে অগ্রাধিকার নির্ধারণ করে প্রতিষ্ঠানের মধ্যে বিনামূল্যে ড্রেজড ম্যাটেরিয়াল বরাদ্দ দেবে।

    আবেদন না থাকলে কমিটি বিধি মোতাবেক উত্তোলিত ড্রেজড ম্যাটেরিয়ালের মূল্য নির্ধারণ, বিক্রি ও বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করবে, প্রতিযোগিতামূলক দর প্রাপ্তির লক্ষ্যে ড্রেজড ম্যাটেরিয়াল বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে পারবে, বিজ্ঞাপন খরচ সংশ্লিষ্ট সংস্থার বাজেট থেকে নির্বাহ করা হবে।

    নির্ধারিত স্থান থেকে উত্তোলিত ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনায় সহযোগিতা দেবে ও ব্যবস্থা গ্রহণ, যেমন- ড্রেজড ম্যাটেরিয়াল উত্তোলন কার্যক্রম তদারকি, পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সুপারিশ দেয়া, ড্রেজড ম্যাটেরিয়াল সংরক্ষণের স্থান নির্ধারণ করবে।

    উত্তোলিত ড্রেজড ম্যাটেরিয়াল সরকারি খাসজমি-পতিত জমি-রিকুইজিশনকৃত জমিতে স্তূপ করে রাখার অনুমতি দেবে। ড্রেজড ম্যাটেরিয়াল স্তূপীকরণের ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হলে তা নিরসন করবে। পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি নদ-নদী ড্রেজিংয়ের ফলে পরিবেশ-প্রতিবেশের ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।মা মাছের প্রজনন সময়ে মাছের আবাসস্থল-বিচরণক্ষেত্র-অভয়াশ্রম-প্রজননক্ষেত্রসমূহে নদ-নদী ড্রেজিং বন্ধ রাখবে। নদীর গতিপথের পরিবর্তন পর্যবেক্ষণ এবং এর ফলে নদী ভাঙন হচ্ছে কিনা অথবা নদী তীরবর্তী জনসাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তা পর্যালোচনা করে সুপারিশ করবে। নৌ-পথে নৌযান চলাচল সুগম রাখার প্রয়োজনীয় ব্যবস্থা এবং সুপারিশ করবে। আন্তঃনদী সংযোগ স্থানগুলো চিহ্নিতকরণ এবং খননের মাধ্যমে সচল রাখার ব্যবস্থা নিতে পারবে।