ক্রিকেট

  • বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

    বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

    নারী চ্যাম্পিয়নস ট্রফি ২০২৭ পুনঃনির্ধারণ হওয়ায় অক্টোবর মাসে বাংলাদেশ নারী দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করতে হয়েছে। ওই সময়সীমায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড, এরপর মার্চে ক্যানবেরা ও মেলবোর্নে আরও তিনটি একদিনের ম্যাচ খেলতে আবারও অস্ট্রেলিয়া সফরে যাবে তারা।

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সালের উদ্বোধনী নারী চ্যাম্পিয়নস ট্রফি, যা শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়ার কথা, জুন–জুলাই থেকে সরিয়ে ফেব্রুয়ারিতে দুই সপ্তাহের মধ্যে আয়োজিত হবে। এই পরিবর্তনের কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের নারী দলের ঘরোয়া সূচি পুনর্বিন্যাস করেছে।

    বাংলাদেশ নারী দল আগে অক্টোবরের ৯ থেকে ২২ তারিখ পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি একদিনের ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে একদিনের ম্যাচগুলো বহাল থাকলেও টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করা হয়েছে।

    অন্যদিকে নিউজিল্যান্ড নারী দলের অস্ট্রেলিয়া সফরও নতুনভাবে সাজানো হয়েছে। আগে ফেব্রুয়ারি–মার্চে সিরিজ হওয়ার কথা থাকলেও এখন তারা অক্টোবরের ১৮, ২০ ও ২২ তারিখে সিডনিতে তিনটি টি–টোয়েন্টি খেলবে—যে তারিখগুলো আগে বাংলাদেশের জন্য নির্ধারিত ছিল। এরপর তারা মার্চের ৬, ৮ ও ১০ তারিখে ক্যানবেরা ও মেলবোর্নে তিনটি একদিনের ম্যাচ খেলবে।

    মার্চের ৮ তারিখের ম্যাচটি হবে জাংশন ওভালে আলোতে খেলা প্রথম আন্তর্জাতিক নারী ম্যাচ, যেখানে সম্প্রতি ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে। একই দিনটি মেলবোর্নে সরকারি ছুটির দিন এবং আন্তর্জাতিক নারী দিবস হিসেবেও পালিত হবে। এই দুই ম্যাচ ১১ থেকে ১৫ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিতব্য পুরুষদের দেড়শতম বার্ষিক টেস্টের আগে অনুষ্ঠিত হবে।

    একদিনের ম্যাচগুলোর আগের সূচি (১, ৫ ও ৭ মার্চ) পরিবর্তন করে নতুন করে নির্ধারণ করা হয়েছে, যাতে শ্রীলঙ্কা থেকে ফেরার পর দলগুলো পর্যাপ্ত সময় পায়। আগের পরিকল্পনায় ম্যাচগুলো অ্যাডিলেড ও মেলবোর্নে হওয়ার কথা ছিল।

    ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি ও ক্রিকেট কার্যক্রম বিভাগের প্রধান পিটার রোচ বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাম্প্রতিক সূচি পরিবর্তনের পর তারা নতুন পরিকল্পনা করেছে, যা খেলোয়াড় ও দর্শকদের জন্য সর্বোত্তম হবে। তিনি আরও জানান, নারীদের ক্রিকেট দেড়শতম বার্ষিক টেস্টের আগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জাংশন ওভালে আলোতে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে।

    তিনি বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বিশেষভাবে নিউজিল্যান্ডকে দুইবার অস্ট্রেলিয়া সফরে সম্মতি দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    নারী বিগ ব্যাশ লিগ অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত চলার কারণে এবং ভারতীয় নারী প্রিমিয়ার লিগ জানুয়ারি–ফেব্রুয়ারি দখল করে রাখায় অস্ট্রেলিয়ার নারী দল এখন ঘরের মাঠে মূলত গ্রীষ্মের শুরু ও শেষ অংশে আন্তর্জাতিক ম্যাচ খেলবে।

  • এবার নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম

    এবার নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম

    অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে জিতে সভাপতি হলেন তামিম ইকবাল।

    আজ রোববার (৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে প্রথমে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক হন তামিম। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

    সভাপতি নির্বাচনে ভোটের প্রয়োজন হয়নি, তামিমই একমাত্র সভাপতি পদপ্রার্থী ছিলেন। যে কারণে তিনিই বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সহ-সভাপতি হয়েছেন ফাহিম সিনহা।

    বিসিবি পরিচালক হলেন যারা

    ক্যাটাগরি-১

    ঢাকা বিভাগ: সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ

    চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী

    খুলনা বিভাগ: শফিকুল আলম, শান্তনু ইসলাম

    রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম

    রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন

    সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী

    বরিশাল বিভাগ: মিজানুর রহমান

    ক্যাটাগরি – ২

    তামিম ইকবাল, মাসদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সাকিফ আহমেদ

    ক্যাটাগরি – ৩

    সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

  • আইপিএলের এক মৌসুমেই যত রেকর্ড ভাঙ্গলেন সূর্যবংশী

    আইপিএলের এক মৌসুমেই যত রেকর্ড ভাঙ্গলেন সূর্যবংশী

    বৈভব সূর্যবংশী ২০২৬ সালের সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমে এমন এক পারফরম্যান্স দেখিয়েছেন, যা ক্রিকেটবিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মাত্র ১৫ বছর বয়সে নিজের প্রথম পূর্ণাঙ্গ আইপিএল মৌসুম খেলেই তিনি একের পর এক রেকর্ড গড়ে নজর কেড়েছেন।

    রাজস্থান রয়্যালসের হয়ে ১৬ ম্যাচে ৭৭৬ রান সংগ্রহ করে তিনি জিতেছেন অরেঞ্জ ক্যাপ। তার ব্যাটিং গড় ছিল ৪৮.৫০ এবং স্ট্রাইক রেট ছিল ২৩৭.৩১। পুরো আসরে তিনি ৭২টি ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষ বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেন।

    অরেঞ্জ ক্যাপের পাশাপাশি তিনি এমভিপি, সুপার স্ট্রাইকার, ইমার্জিং প্লেয়ার এবং সর্বোচ্চ ছক্কার পুরস্কারও নিজের করে নেন। ২০২৫ সালে সংক্ষিপ্ত উপস্থিতির পর ২০২৬ মৌসুম শেষে তার আইপিএল ক্যারিয়ারের পরিসংখ্যান দাঁড়িয়েছে ২৩ ম্যাচে ১,০২৮ রান। সেখানে তার গড় ৪৪.৬৯ এবং স্ট্রাইক রেট ২২৮.৯৫। এছাড়া রয়েছে দুটি সেঞ্চুরি ও ছয়টি অর্ধশতক।

    এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই আইপিএলের কিংবদন্তি ব্যাটারদের সঙ্গে তার তুলনা শুরু হয়েছে। পরিসংখ্যানের বিচারে অনেক ক্ষেত্রেই তিনি এগিয়ে আছেন। ক্রিস গেইল প্রথম পূর্ণাঙ্গ আইপিএল পর্যায়ে ২৮ ম্যাচে ১,০৭১ রান করেছিলেন। যদিও মোট রানে গেইল সামান্য এগিয়ে, বৈভব পাঁচ ম্যাচ কম খেলে প্রায় সমান রান করেছেন এবং তার স্ট্রাইক রেট গেইলের তুলনায় অনেক বেশি।

    অন্যদিকে এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার প্রথম দিকের আইপিএল পরিসংখ্যানও বৈভবের বর্তমান অর্জনের তুলনায় অনেক পিছিয়ে। এমনকি বিরাট কোহলির শুরুর পরিসংখ্যানও ছিল তুলনামূলকভাবে অনেক সাধারণ।

    ক্রিকেট বিশ্লেষকদের মতে, বৈভবের সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক শুধু রান সংগ্রহ নয়; তিনি ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতাও দেখিয়েছেন। পাওয়ারপ্লে থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে তিনি বারবার দলকে শক্ত ভিত গড়ে দিয়েছেন।

    তবে বিশেষজ্ঞরা মনে করেন, তাকে এখনই আইপিএলের সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকায় রাখা ঠিক হবে না। দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্স, গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেকে প্রমাণ করা এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো চ্যালেঞ্জ এখনো সামনে রয়েছে।

    তারপরও একটি বিষয়ে প্রায় সবাই একমত—প্রথম পূর্ণাঙ্গ আইপিএল মৌসুমের বিচারে বৈভব সূর্যবংশীর মতো এত দ্রুত, ধারাবাহিক এবং বিস্ফোরক সূচনা আইপিএলের ইতিহাসে আগে দেখা যায়নি।

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম

    আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম

    আলোকস্বল্পতা থাকলে দিনের আলোতেও এখন টেস্ট ক্রিকেটে গোলাপি বল ব্যবহার করা যাবে। তবে এ জন্য দুই দলেরই সম্মতি থাকতে হবে। প্রধান নির্বাহীদের কমিটির সুপারিশে আজ ভারতের আহমেদাবাদে হওয়া বোর্ড সভায় এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে আইসিসি।

    টেস্ট ক্রিকেটে যেন আলোকস্বল্পতার কারণে সময় নষ্ট না হয়, এ জন্য গবেষণারও সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ফ্লাডলাইট, আলো পরিমাপের ব্যবস্থা, সেন্সর এবং অন্যান্য আধুনিক আলোকসজ্জাপ্রযুক্তি নিয়ে আইসিসি ও মেরিলিবোন ক্রিকেট ক্লাব একসঙ্গে অর্থায়ন করবে।

    আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রধান কোচ পানি পানের বিরতির সময় খেলোয়াড়দের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন। টি-টুয়েন্টি ম্যাচে দুই ইনিংসের বিরতি ১৫ মিনিটে নামিয়ে আনা হয়েছে। এ ছাড়া এমসিসির নেওয়া সর্বশেষ সিদ্ধান্তগুলো, যেমন দিনের শেষ ওভারে কেউ আউট হলে খেলা সেখানেই না থামিয়ে ওই ওভার শেষ করা, বানি হপ ক্যাচ—এসব কার্যকর করা হবে।

    নারী ক্রিকেট নিয়েও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে আইসিসির সর্বশেষ বোর্ড সভায়। ২০২৭ সালের নারী চ্যাম্পিয়নস ট্রফি জুন-জুলাই থেকে এগিয়ে এখন ওই বছরেরই ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

    ২০২৮ সালের নারী বিশ্বকাপের দল ১০টি থেকে বাড়িয়ে ১২টি করা হচ্ছে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল ও স্বাগতিক দেশ সরাসরি বিশ্বকাপ খেলবে। স্বাগতিক দেশ আগেই কোয়ালিফাই করে ফেললে র‌্যাঙ্কংয়ে পরের শীর্ষ দলগুলো বিশ্বকাপে জায়গা পাবে। বাকি দুটি দল আসবে ১০ দলের বাছাইপর্ব খেলে।

    বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ক্রিকেট বোর্ডের নির্বাচনে প্রতিনিধি পাঠানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি। এই প্রতিনিধিরা হলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে ও জিম্বাবুয়ের তেবাঙ্গা মুকুলআনি।

    তাঁরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে কথা বলবেন। এ ছাড়া শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাবেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও দেবজিৎ সাইকিয়া।

    আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের বৈশ্বিক বাছাইপর্ব কীভাবে হবে, সেটিও চূড়ান্ত করেছে আইসিসি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। বর্তমান কাঠামোর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে কীভাবে আরও সমন্বয় করা যায়, তা মূল্যায়নের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে আহমেদাবাদের বোর্ড সভায়।

  • হাজারতম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল পাকিস্তান

    হাজারতম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল পাকিস্তান

    পাকিস্তানের জন্য ম্যাচটি ছিল বিশেষ মাইলফলকের। এক হাজারতম ওয়ানডে বলে কথা! এই মাইলফলকের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জিতেছে পাকিস্তান।

    ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমে ২০১ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। বাবর আজম ও গাজি ঘুরির ফিফটিতে ৪২.৩ ওভারে এই রান তাড়া করেছে পাকিস্তান।

    যদিও এ দুজন নয়, হাজারতম ওয়ানডেতে পাকিস্তানের মূল নায়ক অভিষিক্ত আরাফাত মিনহাস। রাওয়ালপিন্ডিতে ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট নিয়েছেন ২১ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। পাকিস্তানি বোলারদের মধ্যে যা প্রথম। ১০ ওভারে মাত্র ৩২ রানে তিনি আউট করেছেন জশ ইংলিশ, মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, ম্যাথু শর্ট ও নাথান এলিসকে।

    ৫ উইকেট নিয়েছেন মিনহাস

    রান তাড়ায় ৪৯ রানে ২ উইকেট হারালেও বাবর ও ঘুরি তৃতীয় উইকেট জুটিতে ১২৭ রান তুললে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। বাবর আউট হয়েছেন ৬৯ রানে, ঘুরি ৬৫ রানে। দুজনকেই আউট করেছেন এলিস। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২ জুন।

    সংক্ষিপ্ত স্কোর

    অস্ট্রেলিয়া: ৪৪.১ ওভারে ২০০ (রেনশ ৬১, শর্ট ৫৫; মিনহাস ৫/৩২)। পাকিস্তান: ৪২.৩ ওভারে ২০২/৫ (বাবর ৬৯, ঘুরি; এলিস ২/৪৫)। ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা: আরাফাত মিনহাস

  • ‘হিলাল-ই-ইমতিয়াজ’ সম্মানে ভূষিত শহীদ আফ্রিদি

    ‘হিলাল-ই-ইমতিয়াজ’ সম্মানে ভূষিত শহীদ আফ্রিদি

    পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ও সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘হিলাল-ই-ইমতিয়াজ’-এ ভূষিত হয়েছেন। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

    পাকিস্তানের রাষ্ট্রপতি ভবনে (আইওয়ান-এ-সদর) আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি আফ্রিদির হাতে এ পদক তুলে দেন।

    ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে পাকিস্তানের ঐতিহাসিক সাফল্যে আফ্রিদির অসামান্য ভূমিকার কথা এ সম্মাননায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট এবং ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এ তার নেতৃত্বের অবদানের স্বীকৃতিও দেওয়া হয়েছে এ পদকের মাধ্যমে।

    সম্মাননা গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের অনুভূতি প্রকাশ করেন আফ্রিদি। তিনি লেখেন, রাষ্ট্রপতির কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করা তার জন্য অত্যন্ত গর্বের। এটি কেবল তার একার অর্জন নয় বরং পুরো পাকিস্তানি জাতির অর্জন।

    তিনি আরও উল্লেখ করেন যে, তার দীর্ঘ ক্যারিয়ারে সাধারণ মানুষের ভালোবাসা, প্রার্থনা এবং অকুণ্ঠ সমর্থনেরই প্রতিফলন এ পদক। উদার মনের এই ক্রিকেটার এ সম্মাননা উৎসর্গ করেছেন পাকিস্তানের বীর শহীদদের প্রতি।

    তিনি বলেন, ‘দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি এ পদক উৎসর্গ করছি’।সবশেষে তিনি পাকিস্তানের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।

  • আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা

    আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা

    নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এপ্রিল মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে এই ডানহাতি পেসার মোট ৮ উইকেট শিকার করেন। এর আগের মাসে পাকিস্তানের বিপক্ষেও তিনি সমান ৮ উইকেট নিয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন।

    এই প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন নাহিদ। এর মাধ্যমে গত বছরের পর আবারও কোনো টাইগার ক্রিকেটার এই সম্মান অর্জন করলেন।

    পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় নাহিদ জানান, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে আইসিসির মাসসেরা হওয়া তার জন্য অত্যন্ত গর্বের বিষয়। ঘরের মাঠে এমন সাফল্য সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে বলেও তিনি উল্লেখ করেন।

    সিরিজের শুরুতে প্রথম ওয়ানডেতে কিছুটা খরুচে হলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ান এই পেসার। ওই ম্যাচে তিনি ক্যারিয়ারের দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকার করেন। এরপর তৃতীয় ও শেষ ওয়ানডেতেও গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় অবদান রাখেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।