ক্রিকেট

  • ইংল্যান্ড সফরে বাংলাদেশের দুই টেস্ট, লর্ডসের আগে চেমসফোর্ডে প্রতিপক্ষ আয়ারল্যান্ড

    ইংল্যান্ড সফরে বাংলাদেশের দুই টেস্ট, লর্ডসের আগে চেমসফোর্ডে প্রতিপক্ষ আয়ারল্যান্ড

    আগামী বছর মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট নির্ধারিত ছিল আগেই। এই সফরে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি টেস্ট খেলবে বলে জানিয়েছেন বিসিবির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা।

    ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে চেমসফোর্ডে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টটি। দুই টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। সেটি তিন বা চার দিনের হতে পারে।

    চেমসফোর্ডের মাঠ কাউন্টি দল এসেক্সের। ২০২৩ সালে এখানে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করেছিল আয়ারল্যান্ড। এই মাঠে এখন পর্যন্ত ছয়টি ওয়ানডে হলেও কোনো টেস্ট হয়নি। তবে বাংলাদেশের কাছে মাঠটি বেশ স্মৃতিবিজড়িত। বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছে এ মাঠেই। সেটা ১৯৯৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে।

    আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এ পর্যন্ত তিনটি টেস্ট খেলেছে। দুটি মিরপুরে, একটি সিলেটে।

    আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে বাংলাদেশের পরবর্তী ইংল্যান্ড সফরের কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু আগামী বছর ঘরের মাঠে অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলার প্রস্তাব দেয় ইংল্যান্ড। সেই সুযোগ গ্রহণ করে বিসিবি।

    চেমসফোর্ড কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড উইকিপিডিয়া

    শুরু থেকেই ইংল্যান্ড সফরে ম্যাচ বাড়ানোর চেষ্টা ছিল বিসিবির। লর্ডস টেস্টের আমন্ত্রণ পাওয়ার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা শুরু করে তারা। লক্ষ্য ছিল সীমিত ওভারের ম্যাচ যোগ করা। আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতির কথা ভেবে দুই বা তিনটি ওয়ানডে খেলার প্রস্তাবও দিয়েছিল বাংলাদেশ। সেই আলোচনা সফল হয়নি। ইসিবি ভবিষ্যতে ওয়ানডে খেলার আশ্বাস দিয়েছে। এরপর আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে বিসিবি। শেষ পর্যন্ত সেই আলোচনাই ফলপ্রসূ হয়েছে।

    এখন পর্যন্ত দুবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। প্রথমবার ২০০৫ সালে। এরপর ২০১০ সালে। সেই সফরে দারুণ দুটি সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল, যিনি এখন বিসিবির সভাপতি।

    আবার ইংল্যান্ডে যাওয়ার আগে অবশ্য ইংলিশদের আতিথ্য দেবে বাংলাদেশও। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড।

  • হৃদয়জুড়ানো ডাবল সেঞ্চুরি হৃদয়ের

    হৃদয়জুড়ানো ডাবল সেঞ্চুরি হৃদয়ের

    মিরপুরে আগের টেস্টের কথা মনে আছে? দুই ইনিংসেই অসময়ে শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন হৃদয়। সেই ভুলের বিষাদ নিশ্চয়ই তাঁকে তাড়া করেছে। কিন্তু ক্রিকেটের সৌন্দর্যই তো এখানে। কাল যে ভুলের জন্য মাথা নিচু করতে হয়, আজ সেই ক্রিকেটই মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দেয়।

    প্রায়শ্চিত্তেরও বোধ হয় নিজস্ব একটা সৌন্দর্য আছে। সেখানে অনুশোচনা থাকে, থাকে নিজেকে ফিরে পাওয়ার আনন্দ। কখনো কখনো থাকে এমন এক উদ্‌যাপন, যা দেখে মনে হয়, এতক্ষণে বুঝি নিজের সঙ্গে নিজের বোঝাপড়াটা হয়ে গেল!

    সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরির পরের দৃশ্যটা যেমন। ব্যাটের আগায় হেলমেট রেখে ড্রেসিংরুমের দিকে ছুটলেন। মুখে কী আনন্দ! যেন একটা ডাবল সেঞ্চুরি নয়, বহুদিনের জমে থাকা কোনো ঋণ শোধ করলেন।

    প্রায়শ্চিত্ত বোধ হয় এভাবেই করতে হয়!

    হৃদয় সেটাই করেছেন। শুধু করেছেন বললে কম বলা হয়। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন এক ইনিংস খেলেছেন, যা নিয়ে অনেক বছর আলোচনা হবে। বাংলাদেশের সেরা টেস্ট ইনিংসগুলোর একটি তো বটেই, সর্বকালের সেরা কি না, সেই বিতর্কও চলতে পারে।

    হৃদয়ের এই ডাবল সেঞ্চুরি বহুদিন মনে রাখবে বাংলাদেশ ক্রিকেট বিসিবি

    সিলেট টেস্টের ফল কী হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও দুদিন। কিন্তু হৃদয়ের ইনিংসের মহিমা বুঝতে ফলাফলের অপেক্ষা করার প্রয়োজন নেই।

    একটু পেছনে ফেরা যাক। কাল যখন ব্যাট হাতে মাঠে নামলেন, বাংলাদেশ তখন ২২ রানে ২ উইকেট হারিয়ে বিপদে। দলের অবস্থা তখন অনেকটা ডুবন্ত নৌকার মতো। হৃদয় নিজেও খুব একটা স্বস্তিতে ছিলেন না। শুরুতে তাঁকে দেখে মনে হয়নি, এই ইনিংসের শেষে এমন একটা মহাকাব্য লেখা হবে।

    তবু হাল ছাড়েননি। উইকেটে পড়ে থেকেছেন। প্রথম দিনটা শেষ করেছেন ২৯ রানে অপরাজিত থেকে।

    তারপর সময়ের সঙ্গে পাল্টেছে পরিস্থিতি। পাল্টেছে হৃদয়ের ব্যাটিংও। কখনো রক্ষণে অবিচল, কখনো আক্রমণে দুরন্ত। বল বুঝে খেলেছেন। বাউন্ডারি পাওয়ার সুযোগ এলে হাতছাড়া করেননি। সিলেটের গ্যালারিতে করতালি বেড়েছে। ড্রেসিংরুমে সতীর্থরা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন। ইবাদত হোসেন তো মাঝপথেই জানিয়ে দিয়েছেন কুর্নিশ।

    হৃদয়ের ইনিংসের বিবর্তনটা বোঝার জন্য কয়েকটি সংখ্যা দেখা যেতে পারে। প্রথম ৫০ রান করতে খেলেছেন ১০৯ বল, সময় লেগেছে ১৭৮ মিনিট। সেঞ্চুরিতে পৌঁছাতে পরের ৬২ বলে লেগেছে ৮০ মিনিট। দেড় শ করতে আরও ৬৪ বল, ৬৭ মিনিট। সেখান থেকে ডাবল সেঞ্চুরি? মাত্র ৬৯ বল, ৯০ মিনিট। অর্থাৎ যত সময় গড়িয়েছে, হৃদয়ের ব্যাট তত দ্রুত কথা বলেছে। এ প্রতিবেদন লেখার সময় অপরাজিত ৩৫১ বলে ২৩৬ রান করে।

    হৃদয়ের ডাবল সেঞ্চুরির পর ড্রেসিংরুমের অভিবাদন বিসিবি

    তবে এই ইনিংসকে শুধু রান আর বলের হিসাব দিয়ে মাপা যাবে না। এর সবচেয়ে সুন্দর গল্পটা লুকিয়ে আছে শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে। এক প্রান্তে হৃদয়। অন্য প্রান্তে একের পর এক সতীর্থের বিদায়। উইকেট যেন বিলিয়ে দিয়ে আসছিলেন বাকিরা। কিন্তু হৃদয় খেই হারাননি। তাসকিন আহমেদ কিংবা তাইজুল ইসলামকে বারবার কাছে গিয়ে বুঝিয়েছেন, ভয় নেই, শুধু আমাকে স্ট্রাইকটা দিন। কী অদ্ভুত এক দায়িত্ববোধ!

    শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে ১৭২ রান যোগ করেছেন হৃদয়। শুধু টিকে থাকেননি, প্রয়োজনের সময় চার-ছক্কাও মেরেছেন। বলের পর বল ঠেকিয়ে প্রতিপক্ষের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের জন্য তখন কাজটা কতটা বিরক্তিকর হয়ে উঠেছিল, একটু কল্পনা করলেই বোঝা যায়। উইকেট পাচ্ছে না, আবার অন্য প্রান্তের ব্যাটসম্যানকে আউট করার সুযোগও নেই। হৃদয় আছেন।

    এমন পরিস্থিতিতে অনেক ব্যাটসম্যান নিজের মাইলফলকের কথা ভাবেন। হৃদয় ভেবেছেন দলকে নিয়ে। নিজের ডাবল সেঞ্চুরির চেয়েও তখন বড় হয়ে উঠেছে বাংলাদেশের লিড নেওয়া। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর বাংলাদেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করা চতুর্থ ব্যাটসম্যান হৃদয়। তবে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নিজের টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন তিনি। আর নিজের মাত্র ষষ্ঠ টেস্ট ইনিংসেই এই কীর্তি। এত দ্রুত এই উচ্চতায় পৌঁছানোও তো কম কথা নয়!

    সেঞ্চুরির পর হৃদয়ের উদ্‌যাপন বিসিবি

    একটা সময় ছিল, বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে টেস্টে ডাবল সেঞ্চুরি ছিল প্রায় স্বপ্নের মতো। সেই স্বপ্নের তালিকায় এখন যোগ হলো আরেকটি নাম। তবে হৃদয়ের ইনিংসের গুরুত্ব শুধু ব্যক্তিগত রেকর্ডে আটকে থাকবে না। পরের প্রজন্মের জন্য তিনি একটা মানদণ্ডও রেখে গেলেন।

    বিপর্যয় থেকে কীভাবে দলকে টেনে তুলতে হয়, কীভাবে শেষ দুই ব্যাটসম্যানকে নিয়েও লড়াই চালিয়ে যেতে হয়, কীভাবে নিজের মাইলফলকের চেয়ে দলের প্রয়োজনকে বড় করে দেখতে হয়, তার একটা পাঠ দিয়ে গেলেন হৃদয়।

    এখন প্রশ্ন একটাই। সতীর্থরা কি পারবেন এই ইনিংসের রং আরও গাঢ় করতে? হৃদয় তাঁর কাজটা করেছেন। ২২ রানের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে এনে দিয়েছেন লিড। এখন তাঁর সতীর্থদের দায়িত্ব, এই মহাকাব্যের শেষটা যেন জয় দিয়ে লেখা হয়।

    কারণ, কিছু ইনিংস শুধু স্কোরবোর্ডে লেখা থাকে না। সেগুলো ভবিষ্যতের ক্রিকেটারদের বুকেও সাহস হয়ে থেকে যায়।

  • ফখর আবারও প্রমাণ দিলেন ‘ফর্ম টেম্পোরারি, তবে ক্লাস পার্মানেন্ট’

    ফখর আবারও প্রমাণ দিলেন ‘ফর্ম টেম্পোরারি, তবে ক্লাস পার্মানেন্ট’

    পাকিস্তানি ব্যাটার ফখর জামান আবারও বুঝিয়ে দিলেন, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট’ যদিও কথাটি ক্রিকেট তো বটেই, খেলার দুনিয়ায় বহুল চর্চিত এক বাক্য। বিষয়বস্তু যখন ফখর জামানের মতো কেউ একজন, তখন সে বাক্যের চর্চা বোধ হয় আরও বেশি হয়। তার পারফর্ম্যান্স জলজ্যান্ত এক প্যারাডক্সই বটে, তিনি যেদিন ছন্দে থাকেন, বিশ্বসেরা লাইন আপ এলেও পাত্তা নেই তার সামনে; আর না থাকলে? সেসব আজ থাক নাহয়।

    এই তো, ফাইনালের আগের পারফর্ম্যান্সটাই নাহয় দেখুন। ৪ ম্যাচ শেষে তার নামের পাশে রান ছিল মোটে ৩১। যে সিরিজে দেদারসে রান উঠেছে, বিশ্বরেকর্ডও হয়েছে একাধিকবার, সে সিরিজে এমন রান বড্ড বেমানান। ফাইনালের আগে তাই তিনি খানিকটা চাপে ছিলেন বৈকি।

    তবু ম্যানেজমেন্ট তার ওপরই ভরসা রাখল। কারণ মঞ্চটা বড়, আর এমন পরিস্থিতিতেই তিনি জ্বলে ওঠেন, বলছিল অতীত। সে কারণেই হয়তো, তিনি দলে টিকে গেলেন।

    পরিস্থিতিটাও ক্রমেই তার জন্য মঞ্চ তৈরি করে দিচ্ছিল। শ্রীলঙ্কা শুরুতে ব্যাট করে তুলে দিয়েছিল ৩২৫ রানের পাহাড়। সেটা তাড়া করতে নেমে আবার ১৪ রান তুলতেই যখন ২ উইকেট নেই, কাজটা তখন কঠিন হয়ে যায় আরও।

    ফখর জামান সে কঠিনেরেই বাসেন ভালো। অতীতে বহুবার সে নজির দেখিয়েছেন। দেখালেন গত রাতেও। ভাগ্যও সহায়তা করেছে খানিকটা। আসিথা ফার্নান্দোর বলে কাট করে ডিপ থার্ড ম্যানে বল পাঠিয়েছিলেন তিনি, ক্যাচের খুব কাছে চলে গিয়েছিলেন দিলশান মাদুশঙ্কা, কিন্তু তার হাতে লেগে বলটা চলে যায় সীমানার বাইরে।

    ঘটনাটা ৯ বছর আগের এক কাণ্ডের কথা মনে করিয়ে দিল সঙ্গে সঙ্গে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও ইনিংসের গোড়ার দিকে তিনি ক্যাচ তুলে দিয়েছিলেন উইকেটের পেছনে, মহেন্দ্র সিং ধোনি তা ধরেও ফেলেছিলেন। তবে রিপ্লেতে দেখা যায় যশপ্রীত বুমরাহর ডেলিভারিটা ‘নো বল’ ছিল। সেদিন এক ‘জীবন’ পেয়ে সেঞ্চুরি করেছিলেন, পাকিস্তান হেসেছিল শেষ হাসি। গত রাতে মাদুশঙ্কার হাত গলে ছক্কাটা যখন পেলেন, তখনও কি একই ভাবনা মাথায় খেলছিল? নাকি তখনই ‘আজ তোমারই দিন’— দৈববাণীটা পেয়ে গিয়েছিলেন?

    পরে যা করলেন, তা পাকিস্তানের খুবই চেনা। সাদ বেগকে নিয়ে ১৪৯ রানের জুটি গড়লেন। সাদের বিদায়ের পর সালমান আলী আগার সঙ্গে গড়লেন ৫৭ রানের জুটি, যে জুটির ৪৫-ই তার। দলীয় ২২০ রানে তিনি যখন ফিরলেন, তার নামের পাশে যোগ হয়ে গেছে ১২৭ রান। দল তখন জয় থেকে আর মাত্র ১০৬ রানের দূরত্বে, যা করতে তাদের হাতে ডেলিভারি ছিল ৯৮টি।

    তিনি যখন মাঠ ছেড়ে যাচ্ছেন, গাদ্দাফি স্টেডিয়াম তখন দাঁড়িয়ে সম্মান জানাল তাকে। কারণ সবাই জেনে গেছে, ১১ চার আর ৬টি ছক্কায় গড়া ইনিংসটাতে ফখর তার কাজটা সেরে দিয়ে গেছেন খুব ভালোভাবেই। পাকিস্তানকে যেমন চালকের আসনে তুলে এনেছেন, তেমনি লঙ্কানদের মনোবলও গুঁড়িয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে।

    বড় খেলোয়াড়দের সবচেয়ে বড় গুণ, তারা পারফর্ম্যান্সের সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের মগজেও ঢুকে যেতে পারেন অবলীলায়। সে কাজটা ফখর তার পুরো ক্যারিয়ারে বহুবার করে দেখিয়েছেন। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত, তার পরের বছর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়া সেটা টের পেয়েছে। গত রাতে সেটা টের পেল শ্রীলঙ্কা।

    পাকিস্তান ম্যানেজমেন্ট কেন তাকে এমন বাজে পারফর্ম্যান্সের পরও ফাইনালের একাদশে রেখেছিল, তার জবাবটা ফখর ব্যাট দিয়ে দিয়েছেন। গড়ে ফেলেছেন একগাদা রেকর্ডও। ৩০০ বা তার চেয়ে বেশি রান তাড়া করতে নেমে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা পাকিস্তানি ব্যাটার এখন তিনিই, এমন মঞ্চে তার সেঞ্চুরি সংখ্যা ৪টি।

    ফখর গেল রাতে সাঈদ আনোয়ারের একটা রেকর্ডে ভাগ বসিয়েছেন। বহুজাতিক টুর্নামেন্টের ফাইনালে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা পাক ব্যাটার ছিলেন সাঈদ, গেল রাতে সেঞ্চুরি করে তার সঙ্গী বনে গেছেন ফখর জামান। তবে একটা জায়গায় তিনি পাক কিংবদন্তির চেয়েও বেশ ভালো। সাঈদ আনোয়ারের ২ সেঞ্চুরির ২টিই এসেছিল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। ওদিকে ফখরের ম্যাচ জেতানো সেঞ্চুরির একটা পাকিস্তানকে জিতিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। যে ট্রফি আবার হয়ে আছে শেষ ১৫ বছরে পাকিস্তানের জেতা একমাত্র আইসিসি শিরোপাও। যদিও সে স্মৃতি এখন সুদূর অতীত।

    তবে অতীত থেকে বর্তমান, যেটা ধ্রুব হয়ে থেকে যাচ্ছে সেটা হলো তার পারফর্ম্যান্স। সেটা ৯ বছর আগে যেমন ছিল, এখনও আছে হুবহু তেমনই। বড় মঞ্চ এলেই পাকিস্তান তাকায় তার দিকে, ফখরও দিয়ে যান দুই হাত উজাড় করে। কারণ, ফর্ম টেম্পোরারি হলেও, ক্লাস যে পার্মানেন্ট!

  • টেস্টের নতুন বিশ্বরেকর্ড রাবাদার

    টেস্টের নতুন বিশ্বরেকর্ড রাবাদার

    টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। বল সংখ্যার হিসাবে সবচেয়ে দ্রুত ৩৫০ টেস্ট উইকেট নেওয়া বোলার এখন তিনি।

    গত ৩১ অক্টোবর কেপ টাউনের নিউল্যান্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে তিনি এই মাইলফলক ছুঁয়েছেন। ম্যাচটি দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৭৬ রানে।

    অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে রাবাদা তিন উইকেট নেন। রান তাড়ার প্রথম ওভারেই তিনি ম্যাট রেনশ ও মার্নাস লাবুশেনকে ফেরান। এরপর সপ্তম ওভারের ষষ্ঠ বলে ট্র্যাভিস হেডকে আউট করেন। হেড ২৬ বলে ১৪ রান করেছিলেন। এই উইকেটেই তিনি ৩৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন।

    ৩৫০ উইকেট পেতে রাবাদার লেগেছে ১৩ হাজার ৮০৮ বল। এই হিসাবে তিনি ছাড়িয়ে গেছেন সাবেক সতীর্থ ডেল স্টেইনকে। স্টেইনের লেগেছিল ১৪ হাজার ৭১৯ বল। তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস। তার লেগেছিল ১৪ হাজার ৯০৫ বল।

    ম্যাচ সংখ্যার হিসাবে রাবাদা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দ্রুততম। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্ট ছিল তার ৭৫তম। স্টেইন তার আগে। তিনি ৬৯ টেস্টে ৩৫০ উইকেট নিয়েছিলেন।

    ম্যাচের হিসাবে সার্বিক রেকর্ড শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের। তিনি ৬৬তম টেস্টে ৩৫০ উইকেট পেয়েছিলেন। ২০১৯ সালে ভারতের রবিচন্দ্রন অশ্বিন সেই রেকর্ড স্পর্শ করেন।

    রাবাদার তিন উইকেটের পর অফ স্পিনার সাইমন হার্মার নেন আরও ছয় উইকেট। এতে অস্ট্রেলিয়া ১১১ রানে অলআউট হয়। দক্ষিণ আফ্রিকা ম্যাচ জেতে ১৭৬ রানে। সিরিজও জেতে ২-১ ব্যবধানে।

  • সাদমানকে ১রানের জন্য সেঞ্চুরির অপেক্ষায় রেখে দিন শেষ বাংলাদেশের

    সাদমানকে ১রানের জন্য সেঞ্চুরির অপেক্ষায় রেখে দিন শেষ বাংলাদেশের

    ঢাকায় মিরপুর টেস্টের প্রথমদিনের শেষদিকে সবাই অপেক্ষায় ছিলো সাদমানের সেঞ্চুরির জন্য। তিন অঙ্ক থেকে মাত্র চার রান দূরে ছিলেন তিনি। ঠিক তখনই আলোকস্বল্পতায় বন্ধ হয়ে গেল খেলা। পরে আবার শুরু হলেও ৪ ওভারের বেশি খেলা হয়নি। ফলে অপেক্ষা বেড়ে গেল ৩১ বছর বয়সী ওপেনারের শতকের।

    আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে গেছে মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা। নিজের সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৯ রানে অপরাজিত সাদমান। বাংলাদেশ দিনের খেলা শেষ করেছে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে।

    দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে দলীয় ৯ রানে তানজিদ হাসানকে হারিয়ে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। এরপর সাদমান ও মুমিনুল হকের ৫৯ রানের জুটি প্রাথমিক চাপ সামাল দেয়। মুমিনুল ২৮ রান করে ফিরলে সাদমানের সঙ্গে যোগ দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

    দ্বিতীয় উইকেটে সাদমান ও শান্তর জুটি বড় হয়নি। ৪২ বলে ১৯ রান করে জোমেল ওয়ারিকানের বলে এলবিডব্লিউ হন বাংলাদেশ অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ রিভিউ নেওয়ার পর সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যায়। এরপর সাদমানের সঙ্গে জুটি গড়েন তাওহিদ হৃদয়।

    ধীরে ধীরে ইনিংস বড় করেন সাদমান। তুলে নেন ক্যারিয়ারের দশম টেস্ট অর্ধশতক। অন্য প্রান্তে তুলনামূলক দ্রুত রান তুলছিলেন হৃদয়। তৃতীয় উইকেটে দুজনের জুটিতে আসে ৬৭ রান। চা বিরতির সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৭৭ রান। সাদমান ৭৯ ও হৃদয় ৩৬ রানে অপরাজিত ছিলেন।

    চা বিরতির পরও রান বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখেন দুজন। তবে ক্র্যাম্পের কারণে বিপাকে পড়েন হৃদয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিংয়ে ফিরলেও জশুয়া বিশপের ওভারে সিঙ্গেল নিতে গিয়ে আবারও ব্যথায় কাবু হয়ে পড়েন তিনি। ৮৪ বলে ৪২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। হৃদয়ের জায়গায় ব্যাট করতে নামেন লিটন দাস। পরে আলোকস্বল্পতার জন্য খেলা বন্ধ রাখা হয়। শেষ পর্যন্ত আর খেলা মাঠে গড়ায়নি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ারিকান দুইটি এবং সিলস একটি উইকেট পেয়েছেন।

  • অভিষেকের ব্যাটের রেকর্ডে সিরিজ জিতল ভারত

    অভিষেকের ব্যাটের রেকর্ডে সিরিজ জিতল ভারত

    ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যেন নিউজিল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালালেন ভারতের অভিষেক শর্মা। মাত্র ৩৮ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংসে একের পর এক রেকর্ড গড়লেন বাঁহাতি ওপেনার। তার সঙ্গে বৈভব সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিংয়ে ৪০ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পেয়েছে ভারত।

    এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। সিরিজের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৯৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারত পাওয়ারপ্লেতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়।

    শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিষেক। চার-ছক্কার বৃষ্টিতে কিউই বোলারদের দিশেহারা করে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৯টি চার ও ১১টি ছক্কায় ৩৮ বলে ১১৩ রান করে আউট হন এই ওপেনার। অভিষেকের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন ১৯ বছর বয়সী বৈভব সূর্যবংশীও। মাত্র ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।

    ভারতের ইনিংসের শুরুটা ছিল রেকর্ডময়। মাত্র ২.২ ওভারে ৫০ রান তুলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম দলীয় অর্ধশতকের যৌথ রেকর্ড গড়ে তারা। এরপর মাত্র পাঁচ ওভারেই একশ রানের মাইলফলক ছুঁয়ে ফেলে ভারত। পাওয়ারপ্লে শেষে বিনা উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১১৮ রান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পূর্ণ সদস্য দেশের সর্বোচ্চ পাওয়ারপ্লে সংগ্রহ।

    অভিষেকের সেঞ্চুরিও রেকর্ডের তালিকায় নতুন সংযোজন। ৩৫ বলে শতক পূর্ণ করে ভারতের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরির নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেন তিনি। এর আগে গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির তালিকায়ও রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে আছেন তিনি।

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের চতুর্থ সেঞ্চুরি। এই সংস্করণে তার চেয়ে বেশি শতক আছে শুধু রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েলের, দুজনেরই পাঁচটি করে। আর সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে অভিষেকের সেঞ্চুরি এখন ১১টি। এ তালিকায় তার ওপরে আছেন বাবর আজমের ১৩টি ও ক্রিস গেইলের ২২টি সেঞ্চুরি।

    এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন ড্যারিল মিচেল। ৫২ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন তিনি। ফিন অ্যালেন ১৯ বলে ৪০ এবং বেভন জ্যাকবস ২৩ বলে ৩৯ রান করেন। তবে তাদের গড়া ১৯৮ রানের পুঁজি ভারতের অবিশ্বাস্য ব্যাটিংয়ের সামনে যথেষ্ট হয়নি।

  • বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা ফখর জামান

    বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা ফখর জামান

    পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামান আগামী বছরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, ‘আমরা বিশ্বকাপ খুব গুরুত্ব দিয়ে দেখছি। নিজেদের সেরাটা দেব। আশা করি ট্রফি আবার পাকিস্তানে ফেরত আনতে পারব।’

    ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো শিরোপা জিততে পারেনি পাকিস্তান। তবে আগামী বছর বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান।

    বিশ্বকাপ জয়ের জন্য নিজেদের মধ্যে বৈঠক করেছেন জানিয়ে পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামান বলেন ‘আইসিসি ট্রফি জেতার জন্য আমাদের উপরে চাপ রয়েছে। বড় আন্তর্জাতিক ট্রফির খরা কাটানোর ব্যাপারে আমরা নিজেদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি।’

    তারকা এই ওপেনার আরও জানান, ‘দীর্ঘ দিন আইসিসি ট্রফি না জেতার কারণে মানুষ হতাশ হবে এটাই স্বাভাবিক। আমরা দেখেছি যে, ভালো খেললে সমর্থকদের ভালোবাসা এবং সমীহ পাই। তবে সেমিফাইনাল বা ফাইনালে ওঠার চেয়ে ট্রফি জিতলে গোটা দেশ যে ভাবে উদ্বেল হয়ে ওঠে, তা পুরো আলাদা অনুভূতির।’

    বর্তমানে ইংল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়ে এই তারকা ওপেনিং ব্যাটার বলেন, ‘বিশ্বকাপে দল গঠনের প্রক্রিয়া এখন থেকেই শুরু করতে হবে। সবচেয়ে ভালো ব্যাপার, বেশির ভাগ ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেট খেলে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামছে।’

  • বাবার মতোই বিধ্বংসী শেবাগের ছেলে, ৮ ছক্কা ও ১৯ চারে ১৭৩

    বাবার মতোই বিধ্বংসী শেবাগের ছেলে, ৮ ছক্কা ও ১৯ চারে ১৭৩

    বীরেন্দর শেবাগের ব্যাটিংয়ের কথা মনে আছে? বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিতেন ভারতের সাবেক এই ওপেনার। বল বাউন্ডারিতে পাঠানোই যেন ছিল তাঁর সবচেয়ে প্রিয় কাজ। এবার বাবার সেই বিধ্বংসী ব্যাটিংয়ের ঝলক দেখালেন ছেলে আর্যবীর শেবাগ। ভারতের ঘরোয়া ক্রিকেটে ১৪৩ বলে ১৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ১৮ বছর বয়সী এই ক্রিকেটার।

    ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্ট ভিনু মানকড় ট্রফিতে দিল্লির অধিনায়ক আর্যবীর। আজ চণ্ডীগড়ের বিপক্ষে খেলা তাঁর ইনিংসে ১৯টি চার ও ৮টি ছক্কা। তাঁর ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৯ রান করেছে দিল্লি।

    ৮ অক্টোবর বিশাখাপট্টনমে শুরু হয়েছে ভিনু মানকড় ট্রফির এলিট পর্ব। এই টুর্নামেন্টে দিল্লি দলের নেতৃত্ব দিচ্ছেন আর্যবীর। গত সেপ্টেম্বরে রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক হয়েছে তাঁর। এবার ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্বও পেয়েছেন।

    তবে অধিনায়ক হিসেবে টুর্নামেন্টে তাঁর অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। আগের ম্যাচেই কর্ণাটক তাঁর দলের বিপক্ষে তুলেছিল ৪১৮ রান। জবাবে দিল্লি অলআউট হয়েছিল ২২০ রানে। সেই ম্যাচে আর্যবীর করেছিলেন ৩২ রান। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। চণ্ডীগড়ের বিপক্ষে সেই আক্ষেপ যেন সুদে-আসলে মিটিয়ে দিলেন শেবাগপুত্র।

    আজ টসে জিতে ব্যাটিংয়ে নামা দিল্লিকে দারুণ শুরু এনে দেন আর্যবীর ও অর্নব বুগ্গা। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৯৮ রান। ৪৭ রান করে রূপেশ যাদবের বলে আউট হন অর্নব। এরপর ১০৭ রানে দ্বিতীয় উইকেট হারায় দিল্লি।

    ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্ট ভিনু মানকড় ট্রফিতে দিল্লির অধিনায়ক আর্যবীর।ইনস্টাগ্রাম

    তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন আর্যবীর। উইকেটকিপার ব্যাটসম্যান অভিরাজ সিংয়ের সঙ্গে তৃতীয় উইকেটে যোগ করেন ৪৮ রান। অভিরাজ করেন ১৮ রান। একপর্যায়ে দিল্লির স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৭৯।

    সেখান থেকে শান্তনু যাদবকে নিয়ে পঞ্চম উইকেটে আরও ৮৯ রান যোগ করেন আর্যবীর। শান্তনুর ব্যাট থেকে আসে ২৭ রান। শেষ পর্যন্ত ইনিংসের ৪৬তম ওভারে শ্রেষ্ঠ দুগ্গলের বলে আউট হন আর্যবীর। ততক্ষণে তাঁর নামের পাশে ১৭৩ রান। চণ্ডীগড়ের বোলারদের মধ্যে রূপেশ নেন ২ উইকেট। আর্যবীরের ব্যাটিংয়ের ঝড়টা বিশেষভাবে গেছে পার্থ গুপ্তার ওপর দিয়ে।

    বাবা বীরেন্দর শেবাগ আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত ছিলেন আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য। টেস্ট ক্রিকেটেও ওয়ানডের মেজাজে ব্যাট চালাতেন। আর্যবীরের এই ইনিংসেও যেন সেই মানসিকতারই ছাপ। ১৪৩ বলের ইনিংসে শুধু চার ও ছক্কা থেকেই তুলেছেন ১২৪ রান।

    অবশ্য আর্যবীরের প্রতিভার পরিচয় এবারই প্রথম পাওয়া গেল, তা নয়। গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ভারতের হয়ে ১০৯ রান করেছিলেন তিনি। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচটি ভারত জিতেছিল ৭ রানে।

    দ্বিতীয় ম্যাচে দলের সর্বোচ্চ ৪৭ রান আসে আর্যবীরের ব্যাট থেকে। রানআউট না হলে পেতে পারতেন ফিফটিও। শেষ ম্যাচে করেন ৩৪ রান। তিন ম্যাচেই রান পেয়ে নিজের ধারাবাহিকতার প্রমাণ দিয়েছিলেন তরুণ এই ওপেনার।

    দিল্লি প্রিমিয়ার লিগেও খেলার অভিজ্ঞতা আছে আর্যবীরের। সেখানে তিনি প্রতিনিধিত্ব করেছেন ওয়েস্ট দিল্লি লায়নসের।

  • পাকিস্তানকে কাঁদিয়ে এশিয়ান গেমসের সোনা জিতল ভারত

    পাকিস্তানকে কাঁদিয়ে এশিয়ান গেমসের সোনা জিতল ভারত

    শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। তবে অন্যরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।

    নিশিনের করোগি স্পোর্টস পার্কে আগে ব্যাট করে ২১১ রানের পুঁজি পায় ভারত। লক্ষ্য তাড়ায় ১৯২ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। তাদের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখেন নাওয়াজ। শিবম দুবের করা ইনিংসের শেষ বলে উইকেটের পেছনে সঞ্জু স্যামসনের গ্লাভসবন্দী হওয়ার আগে খেলেন ৯৬ রানের ইনিংস।

    ৫১ বলে ৫ চার ও ৭ ছক্কা মারেন নাওয়াজ। ফাইনালে পাকিস্তানের সুখস্মৃতি হয়ে থাকল কেবল তাঁর সেঞ্চুরি ছোঁয়া ইনিংস। দলীয় ৩৬ রানে উসমান খানের বিদায়ের পর ক্রিজে আসেন নাওয়াজ। চতুর্থ উইকেটে সাইম আইয়ুবকে নিয়ে ৮৭ রান যোগ করেন। ২২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করে সাইম বিদায় নেন।

    সাইম ফিরলেও নাওয়াজের ব্যাটিং ঝড় অব্যাহত ছিল। আব্দুল সামাদ ও শান মাসুদকে নিয়ে কঠিন সমীকরণ মেলানোর চেষ্টা চালিয়ে যান তিনি। কিন্তু তাঁর ঝড় কেবল দলের হারের ব্যবধানই কমিয়েছে। এ ছাড়া পাকিস্তানের হয়ে ২৩ রান করেন মাজ সাদাকাত। অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও দুবে দুটি করে উইকেট নেন।

    জোড়া ফিফটিতে বড় পুঁজি পেয়েছিল ভারত। ২৮ বলে অভিষেক শর্মার অবদান ৬১ রান। ৫১ রান করেন তিলক ভর্মা; ২২ বল খেলেন তিনি। শেষ ৪ ওভারে তিলক ও দুবে বিধ্বংসী ব্যাটিংয়ে ৬৯ রান তোলে ভারতকে ২০০ পার করা সংগ্রহ এনে দেন। দুবে ২৭ ও আইয়ারের ব্যাট থেকে আসে ২১ রান। পাকিস্তানের হয়ে আহমেদ দানিয়েল ও মিনহাজ দুটি করে উইকেট নেন। ৩ ওভারে মিনহাজ ২৫ রান দিলেও দানিয়েলের খরচ ৪৩ রান। সবচেয়ে বেশি ৪৭ রান দিয়েছেন সাইম আইয়ুব।

  • ‘তুই সেখানে বুট বেচতে গেছিস?’, বাবরের ওপর কেনো ক্ষেপলেন ওয়াসিম আকরাম

    ‘তুই সেখানে বুট বেচতে গেছিস?’, বাবরের ওপর কেনো ক্ষেপলেন ওয়াসিম আকরাম

    ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের শোচনীয় ৩-০ টেস্ট হার এবং দল নিয়ে নাটকীয় সিদ্ধান্তের পর দেশটির ক্রিকেট অঙ্গনে সমালোচনার ঝড় বইছে। এবার সেই আগুনে ঘি ঢাললেন দেশটির কিংবদন্তি পেসার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ম্যানচেস্টারে এক দাতব্য অনুষ্ঠানে পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমের নেতৃত্ব এবং তার ‘অজ্ঞতা’ নিয়ে কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, তুই সেখানে বুট বেচতে গেছিস?

    বাবার আজমের সাম্প্রতিক একটি মন্তব্য ঘিরেই মূলত আকরামের এই ক্ষোভের সূত্রপাত। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের টসের সময় বাবরকে জিজ্ঞাসা করা হয়, দল থেকে হঠাৎ সাতজন খেলোয়াড়কে দেশে ফিরিয়ে দেয়া এবং কোচ বরখাস্তের মতো বড় সিদ্ধান্তগুলো সম্পর্কে তার কি মতামত। উত্তরে বাবর জানান, এই পরিবর্তনগুলো সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না এবং বিষয়টি তার কাছেও সম্পূর্ণ নতুন।

    আর এই কথাটিকেই একহাত নিয়েছেন আকরাম। তিনি প্রশ্ন তোলেন, “টসের সময় বাবরের কাছে জানতে চাওয়া হয়, ‘আপনার সাতজন ক্রিকেটারকে ফেরত পাঠানো হয়েছে, কোচ ও বোলিং কোচকে ফেরত পাঠানো হয়েছে। আপনি কি মনে করেন?’ সে তখন বলেছে, ‘আমার কোনো ধারণা নেই।’ তাহলে তুই সেখানে বুট বেচতে গেছিস?”

    আকরাম আরও বলেন, দলের নেতা যদি নিজের জায়গা থেকে শক্ত না থাকেন এবং বোর্ডের এই ধরনের একতরফা সিদ্ধান্তে কোণঠাসা হয়ে পড়েন, তবে পুরো দলের পারফরম্যান্সের ওপর তার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তার মতে, পরিস্থিতি যখন বোর্ডের নিয়ন্ত্রণে চলে যাচ্ছিল, তখন দ্বিতীয় টেস্টের পরেই বাবরের উচিত ছিল টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়ে শুধু একজন খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাওয়া।

    ক্রিকেট বিশ্লেষকদের মতে, বর্তমান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করায় সাবেক ক্রিকেটাররা সাধারণত বোর্ডের চেয়ে অধিনায়কের ওপরই দায় বেশি চাপাচ্ছেন। তবে প্রশ্ন উঠেছে, বোর্ডের সঙ্গে অধিনায়কের এই চরম যোগাযোগহীনতা পাকিস্তান ক্রিকেটকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে?