আর্ন্তজাতিক

  • ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

    ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

    সম্প্রতি ভারতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দেওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একদিকে ‘হাসিনা কার্ড’ খেলবেন, অন্যদিকে বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চাইবেন, দুটো বিপরীতমুখী।

    শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

    সালাহউদ্দিন আহমদ বলেন, পত্রিকায় দেখলাম ভারতের মুখপাত্র বলছেন, বাংলাদেশের নতুন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা যা বলেছেন, তা ভারত সমর্থন করে না। তো ভারত কি তাকে বারবার মিটিং করতে দেওয়াটা সমর্থন করে? এইভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা পারস্পরিক সম্পর্ক রাখব। আমাদের এই পারস্পরিক সম্পর্কের মধ্যে আন্তঃনির্ভরশীলতা আছে, এটিকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারব না।

    তিনি বলেন, আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে পারস্পরিক সম্মান-মর্যাদা, সমান সার্বভৌমত্বের ভিত্তিতে আমরা আপনাদের সঙ্গে সম্পর্ক রাখব। তার মানে এই নয় আপনারা ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন। দুটো বিপরীতমুখী। আশা করি ভারতীয় কর্তৃপক্ষ, ভারত সরকার বিষয়টি বুঝবেন।

    তিনি বলেন, এখন বলা হচ্ছে- তারেক রহমান লন্ডনে বসে এবং সালাহউদ্দিন সাহেব ভারতে বসে যদি রাজনীতি করতে পারে, হাসিনার দোষ কী? হ্যাঁ, হাসিনার দোষ আছে। আমরা কেউ ফ্যাসিবাদী ছিলাম না। গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে আমাদের জোরপূর্বক নির্বাসিত করা হয়েছে। এটা হচ্ছে হাসিনার সাথে আমাদের ব্যবধান।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাসিনার সঙ্গে আমাদের আরও ব্যবধান আছে। ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর সাহেব বক্তৃতা দিলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছেন, তিনি যোগাযোগ করেছেন, তিনি পালিয়ে গিয়েছেন এবং এয়ারপোর্টে আপনাদেরই একজন মন্ত্রিপরিষদের সদস্য তাকে অভ্যর্থনা জানিয়েছেন। এগুলো আমাদের সঙ্গে ব্যতিক্রম আছে। আমাদের বস্তাবন্দী করে হাত-পা, চোখ বেঁধে তারপর বস্তাসহকারে ওখানে ফেলে দিয়েছে। এই ব্যতিক্রমগুলো আছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা এই দেশে মানবতাবিরোধী অপরাধ করেছেন। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ১৪০০ এরও বেশি মানুষকে হত্যা করেছেন, সেখানে নারী-শিশুর হার ছিল ১৩-১৪ শতাংশ এবং আসমান থেকে হেলিকপ্টার থেকে গুলি করে এ দেশের জনগণকে হত্যা করেছেন। এরপরেও কি তাকে ডেমোক্রেটিক কালচারের কোনো নেতা হিসেবে ব্যবহার করার সুযোগ দিতে পারি? এই প্রশ্ন আমার রইল।

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বলেন, হিটলারের গণহত্যার পর তার দলের বিরুদ্ধে বিচার হয়েছে। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে বিচারের কথা বলেছি। আর্টিকেল ৪৭ অনুসারে সেই আইনটা করা হয়েছে। আইসিটি অ্যাক্টে সেটা আছে। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, নির্দিষ্ট সময়ের জন্য বা স্থায়ী সময়ের জন্য স্থগিত হবে কি হবে না এই বিধানগুলো সেখানে দেওয়া আছে। তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে কিনা সেটাও ওখানে বলা আছে সেই আইনে। তদন্ত হচ্ছে, আমরা আশা করব সে তদন্ত শেষ হবে। ব্যক্তি হিসেবে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার চলমান। কিছু বিচার সমাপ্ত হয়েছে, আরও অনেকগুলো এখন ফরমাল চার্জ গঠনের মধ্য দিয়ে বিচারগুলো চলবে।

    তিনি আরও উল্লেখ করেন, দেশে হাসিনার নামে ফাঁসির রায় আছে এবং আরও মামলা চলমান আছে। কিন্তু এই ফ্যাসিস্টের কোনো অনুশোচনা নাই। বাংলাদেশের মানুষের সামনে দুঃখপ্রকাশ করেননি। যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, তারা নাকি জঙ্গিবাদী তৎপরতার মধ্য দিয়ে তাকে ক্ষমতা থেকে অপসারণ করেছে। যদি অপতৎপরতা এবং মিথ্যা বলার কোনো বক্স অফিসে চ্যাম্পিয়ন হতো, সেটা হলো হাসিনার বাক্স।

  • মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি

    মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি

    আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাতে এ খবর নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যম গোলডটকম।

    আর্জেন্টাইন গণমাধ্যম ইনফোবায়ে এবং রোসারিও৩ নেটওয়ার্ক দাবি করেছে, ৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে মেসি। বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন।

    গত জুনে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন মেসি। ম্যাচের পর নিজের কান্নার কারণ জানতে চাইলে তিনি জানিয়েছিলেন, এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই এবং তিনি কয়েকটি কঠিন দিনের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

    এরপর মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সে সময় মেসি পরিবার এক বিবৃতিতে জানায়, হোর্হে মেসি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পাশাপাশি তার ব্যক্তিগত বিষয় নিয়ে গুজব ও জল্পনা না ছড়ানোর আহ্বান জানানো হয়।

    পরিবারের পক্ষ থেকে হোর্হে মেসি ও তার স্বজনদের গোপনীয়তা এবং ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানোর অনুরোধও করা হয়েছিল। তবে এবার এখনও মেসির পরিবারের পক্ষ থেকে হোর্হে মেসির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি।

    ছোটবেলা থেকেই ছেলের ফুটবল ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হোর্হে মেসি। মাত্র ১৩ বছর বয়সে ২০০০ সালে লিওনেল মেসির বার্সেলোনায় যাওয়ার পথ তৈরি করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে ফুটবল খেলোয়াড়দের এজেন্ট হিসেবে কাজ শুরু করেন হোর্হে মেসি।

  • অবশেষে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সিমিওনে

    অবশেষে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সিমিওনে

    আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের ভবিষ্যত নিয়ে চলছে তুমুল গুঞ্জন। নতুন চ্যালেঞ্জের খোঁজে বার্সেলোনায় পাড়ি জমাতে ইচ্ছুক এই তারকা ফুটবলার। তবে আতলেতিকো তাদের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়তে নারাজ। এই টানাপোড়েন ও জল্পনা-কল্পনার মধ্যেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ক্লাবের কোচ দিয়েগো সিমিওনে।

    সংবাদ সম্মেলনে ট্রান্সফার জটিলতা ও আলভারেজের অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে সিমিওনে অত্যন্ত স্পষ্টভাবে নিজের মন্তব্য তুলে ধরেন। তিনি বলেন, ‘পরিস্থিতি একদম পরিষ্কার। ক্লাবের প্রশাসনিক কর্তৃপক্ষ এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা মিগেল অ্যাঞ্জেল খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। তবে ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে বললে, হুলিয়ানের মতো একজন খেলোয়াড়কে দলে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। সে যেন ক্রমাগত আরও উন্নতি করতে পারে এবং আরও বড় হয়ে উঠতে পারে, সেজন্য আমরা তাকে সব ধরনের সহায়তা করব।’

    আলভারেজের বর্তমান দলবদল পরিস্থিতির তুলনামূলক ব্যাখ্যা দিতে গিয়ে আতলেতিকো মাদ্রিদের সাবেক তারকা অঁতোয়ান গ্রিজমানের দৃষ্টান্ত স্মরণ করিয়ে দেন সিমিওনে। তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে আমরা গ্রিজমানের সঙ্গেও এমন একটি সময় পার করেছি, যখন তাকে বাধ্য হয়ে ক্লাব ছাড়তে হয়েছিল এবং পরবর্তীতে তিনি আবারও ফিরে এসেছিলেন। ফিরে আসার পর নিজের মান এবং ফুটবলে নিজের মর্যাদা কী—তা তাকে মাঠের পারফরম্যান্স দিয়েই প্রমাণ করতে হয়েছিল।’

    বার্সেলোনা এই মুহূর্তে আলভারেজকে দলে নিতে সবচেয়ে এগিয়ে থাকলেও রিয়াল মাদ্রিদ, আর্সেনাল এবং প্যারিস সেইন্ট জার্মেইর মতো ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোও এই আর্জেন্টাইন স্ট্রাইকারের দিকে নজর রাখছে। তবে আতলেতিকোর অনমনীয় অবস্থানের কারণে প্রস্তাব ও দরকষাকষি বেশ জটিল রূপ ধারণ করেছে।

    খেলোয়াড়ের দলবদল নিয়ে নানা গুঞ্জন থাকলেও সার্বিক পরিস্থিতি নিয়ে আশা প্রকাশ করে সিমিওনে সবশেষে মন্তব্য করেছেন, ‘সব বিষয়ই সময়ে সুরাহা হয়ে যাবে এবং সমাধান খুঁজে পাবে।’

  • ট্রাম্পকে যুদ্ধ থেকে বের হওয়ার পরামর্শ শীর্ষ মার্কিন জেনারেলের

    ট্রাম্পকে যুদ্ধ থেকে বের হওয়ার পরামর্শ শীর্ষ মার্কিন জেনারেলের

    ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে উত্তেজনা কমানোর পথ খুঁজতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে পরামর্শ দিয়েছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। শুক্রবার (৭ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, জেনারেল কেইন আশঙ্কা করছেন, যুদ্ধ আরও বাড়ালে কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে। বরং ইরানের পাল্টা হামলা আরও বড় আকার নিতে পারে। তিনি মনে করেন, শুধু বিমান হামলা চালিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিতে বাধ্য করা কঠিন হতে পারে।

    সিএনএনের তিনটি সূত্রের বরাতে বলা হয়েছে, জেনারেল কেইন বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন। তাদের মধ্যে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রয়েছেন।

    প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ের শেষ দিকে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানোর একটি পরিকল্পনা নিয়েও জেনারেল কেইনসহ কয়েকজন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাদের আশঙ্কা ছিল, ইরান যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে পারে। উপসাগরীয় কয়েকটি দেশও এমন হামলার আশঙ্কা জানালে ট্রাম্প শেষ পর্যন্ত ওই অভিযান পিছিয়ে দেন।

    এদিকে দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র ও নির্ভুল হামলার অস্ত্রের মজুত কমে আসায় দীর্ঘমেয়াদি যুদ্ধ চালানো কঠিন হতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা।

    তবে জেনারেল কেইন একই সঙ্গে সতর্ক করেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতায় বড় ধরনের ক্ষতি করতে পারে। কিন্তু এতে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে।

    সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এখন মার্কিন প্রশাসন এমন একটি সমাধান খুঁজছে, যেটিকে ট্রাম্প রাজনৈতিক বিজয় হিসেবে তুলে ধরতে পারেন এবং একই সঙ্গে কূটনীতির পথও খোলা থাকে। এর মধ্যে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে একটি সম্ভাব্য চুক্তিও রয়েছে।

  • ফিলিস্তিনপন্থি মার্কিনিদের ইসরায়েলে প্রবেশের অনুমতি বাতিল

    ফিলিস্তিনপন্থি মার্কিনিদের ইসরায়েলে প্রবেশের অনুমতি বাতিল

    অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা ও তাদের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন মার্কিন ইহুদি অধিকারকর্মীর ইসরায়েলে প্রবেশের অনুমতি বাতিল করা হয়েছে। শুক্রবার মার্কিন ইহুদি সংবাদমাধ্যম দ্য ফরওয়ার্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদন অনুযায়ী, মার্কিন অধিকারকর্মী স্যাম শেরম্যান অধিকৃত পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তা এলাকায় সাত সপ্তাহের একটি স্বেচ্ছাসেবী কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন। সেখানে তিনি ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করছিলেন। ওই সময় ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তার ভ্রমণ অনুমতি বাতিলের একটি ই-মেইল পান তিনি।

    শেরম্যান জানান, একই সময়ে তার দলের আরও কয়েকজন কর্মীও একই ধরনের ই-মেইল পেয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষের সময় ইসরায়েলি সেনা, পুলিশ ও সশস্ত্র বসতি স্থাপনকারীরা তার পাসপোর্টের ছবি তুলেছিলেন।

    তিনি বলেন, তারা মূলত স্থানীয় মানুষের সঙ্গে সময় কাটাচ্ছিলেন এবং তাদের সহায়তা করছিলেন। কিন্তু তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে, যেন সেখানে উপস্থিত থাকাই প্রায় অপরাধ।

    শেরম্যান আরও জানান, অভিজ্ঞ কয়েকজন ইহুদি অধিকারকর্মী তাকে বলেছেন, স্থায়ীভাবে ইসরায়েলে অভিবাসন না করলে ভবিষ্যতে তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া নাও হতে পারে।

    তবে মার্কিন ইহুদি কর্মীদের ভ্রমণ অনুমতি বাতিলের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো কারণ প্রকাশ করেনি।

    এদিকে, ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ফিলিস্তিনি নাগরিক ও তাদের সম্পত্তির বিরুদ্ধে ৩ হাজার ৪৮৮টি হামলার ঘটনা ঘটেছে।

    এসব ঘটনার মধ্যে ব্যক্তিদের ওপর হামলা, সম্পত্তির ক্ষয়ক্ষতি, নতুন অবৈধ বসতি স্থাপনের ফাঁড়ি তৈরি এবং ফিলিস্তিনি কৃষকদের নিজ জমিতে প্রবেশে বাধা দেওয়ার মতো ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।

  • মক্কা চুক্তিকে স্বাগত জানাল ওআইসি

    মক্কা চুক্তিকে স্বাগত জানাল ওআইসি

    সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সই হওয়া ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’কে স্বাগত জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। শুক্রবার মক্কার আল-সাফা প্রাসাদে আয়োজিত এক শীর্ষ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই চুক্তিতে সই করেন।

    তুরস্কের বার্তা সংস্থা ( ৮ আগস্ট) উল্লেখ করা হয়েছে, এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। বরং এ চুক্তি মূলত আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থায়িত্ব এবং সমৃদ্ধি নিশ্চিত করার একটি যৌথ নিরাপত্তা উদ্যোগ। চুক্তিটির মূল শর্ত, তিন দেশের কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সে হামলাকে বাকি দেশগুলোর ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ, এক দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলোও তার সুরক্ষায় এক হয়ে লড়বে।

    ওআইসির মহাসচিব হিসেইন ইব্রাহিম ত্বাহা চুক্তিটিকে ‘ঐতিহাসিক’ ও ‘গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ’ হিসেবে অভিহিত করে নিজের পূর্ণ সমর্থনের কথা জানান। তিনি বলেন, ‘এই চুক্তি আঞ্চলিক এবং পুরো মুসলিম বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার একটি মূল স্তম্ভ হিসেবে কাজ করবে।’

    তিনি আরো যোগ করেন, নিত্যনতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে সংহতি ও দ্বিপক্ষীয় অংশীদারিত্ব জোরদার করতেই এই উদ্যোগ। তিন দেশের শীর্ষ নেতৃত্বের প্রশংসার পাশাপাশি ত্বাহা আশা প্রকাশ করেন, এই চুক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ে শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে।

  • আসাদের কুখ্যাত গোয়েন্দা প্রধানের খোঁজ মিলল মস্কোয়

    আসাদের কুখ্যাত গোয়েন্দা প্রধানের খোঁজ মিলল মস্কোয়

    ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর দামেস্কে সিরিয়ার কুখ্যাত গোয়েন্দাপ্রধান এবং জেনারেল সিকিউরিটি ডিরেক্টরেটের প্রধান হিসসাম লুকিয়ার (যিনি দ্য স্পাইডার নামে পরিচিত) পরিত্যক্ত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে বিবিসি নিউজ।

    ওই অ্যাপার্টমেন্টে দামি পোশাক, স্বর্ণপদক এবং আসাদের সঙ্গে লুকিয়ার বিভিন্ন ছবি ও করমর্দনের দৃশ্য পাওয়া যায়। এর মাঝেই একটি সাদামাটা নোটবুকে ১৫৫টি হাতের লেখা নাম ও ফোন নম্বর খুঁজে পান সাংবাদিকরা।

    যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা পাওয়া এই গোয়েন্দাপ্রধান সিরিয়ায় ভিন্নমতাবলম্বীদের ওপর নির্যাতন এবং ২০১৫ সালে হোমসে শিশুদের প্রাণ কেড়ে নেওয়া তথাকথিত ঈদ গণহত্যার মতো নৃশংসতার সঙ্গে জড়িত ছিলেন।

    আসাদের পতনের পর তিনি রাতারাতি উধাও হয়ে যান, যার ফলে সিরিয়ার সাধারণ মানুষ ও নিখোঁজদের পরিবার বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে এবং সিরিয়ার অ্যাটর্নি জেনারেল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

    লুকিয়াকে খুঁজে বের করতে লন্ডনে ফিরে নোটবুকের নম্বরগুলো যাচাই করা শুরু করেন সাংবাদিকরা। সামরিক কমান্ডার ও আত্মীয়দের কাছে ফোন করে সাড়া না পেয়ে একজন রিপোর্টার সিরিয়ায় গিয়ে নোটবুকে থাকা চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে খোঁজ নিতে শুরু করেন। এরপর এক অ্যাপার্টমেন্টের প্রহরীর দেওয়া তথ্যের ভিত্তিতে লুকিয়ার ব্যক্তিগত দেহরক্ষী মাহমুদের সন্ধান মেলে।

    মাহমুদ জানান, সরকার পতনের আগের রাতে ক্যাপিটাল থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে গেছেন লুকিয়া। পরবর্তীতে লেবাননের সূত্র ও অ্যাপার্টমেন্টে রাশিয়ার গোয়েন্দা সংস্থার পুরস্কার এবং নববর্ষের কার্ডের সূত্র ধরে নিশ্চিত হওয়া যায় যে, লুকিয়া ভিন্ন নামে রাশিয়ান পাসপোর্টে লেবানন হয়ে মস্কোয় পালিয়ে গেছেন।

    তদন্তকারীরা অবশেষে লুকিয়ার একটি রাশিয়ান ফোন নম্বর সংগ্রহ করেন এবং তার পরিচিত এক ব্যক্তির মাধ্যমে কল করে নিশ্চিত হন যে লাইনটিতে লুকিয়াই কথা বলছেন। পরবর্তীতে বিবিসি সরাসরি ওই নম্বরে কল করলে লুকিয়া ফোন ধরে ভয়ের সুরে জানান যে তিনি বর্তমান পরিস্থিতিতে কথা বলার মতো ঝুঁকিতে নেই এবং কোনো ব্যাখ্যা দিতে পারবেন না। পরবর্তীতে দ্বিতীয় আরেকটি সিরিয়ান নম্বর এবং মেসেজিং অ্যাপের সূত্র ধরে বিবিসি নিশ্চিত হয় যে হিসসাম লুকিয়া বর্তমানে মস্কোর উপকণ্ঠে দুটি ভিন্ন উপশহরে লুকিয়ে রয়েছেন।

    রাশিয়ার পক্ষ থেকে তাকে প্রত্যার্পণ বা কোনো মন্তব্য না পাওয়ায়, হোমস শহরের নিহত শিশু ওয়ায়েলের বাবা মোহাম্মদের মতো যারা ন্যায়বিচারের আশায় আছেন, তাদের জন্য এই আবিষ্কার নতুন হতাশার জন্ম দিয়েছে।

  • ভারত কি সত্যিই স্বাধীন!

    ভারত কি সত্যিই স্বাধীন!

    রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিল পাস করেছে মার্কিন সিনেট। এই বিল আইনে পরিণত হলে ভারত ও চীনসহ শীর্ষ রাশিয়ার তেলের শীর্ষ পাঁচ ক্রেতার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    এই প্রেক্ষাপটে মোদি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস সংসদ সদস্য ও নেতা পবন খেরা। তিনি প্রয়াগরাজে গণমাধ্যমের কাছে প্রশ্ন তোলেন, ‘ভারত কি সত্যিই স্বাধীন?’

    তিনি বলেন, বিদেশ থেকে এসে যে কেউ ভারতকে ‘ব্ল্যাকমেইল’ করছে; কোন্ দেশ থেকে তেল কেনা যাবে বা কতটুকু কেনা যাবে-সে বিষয়ে নিজেদের শর্ত চাপিয়ে দিচ্ছে।

    পবন খেরা বলেন, ‘দেশের যারা নিজেদের ‘বিশ্বগুরু’ বলে দাবি করে বেড়ায়, তাদের উচিত এই বিষয়ে জবাব দেওয়া। কিন্তু সংসদে এসে এসব প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস তাদের নেই, কারণ তারা সবকিছু নিয়ে জনগণের কাছে জবাবদিহি করতে ভয় পায়।’

    রাশিয়ার তেল ও গ্যাস কেনার সঙ্গে জড়িত শীর্ষ দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিল পাস করেছে মার্কিন সিনেট। এই আন্তর্জাতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে ভারতের স্বাধীন বৈদেশিক নীতি ও সরকারের অবস্থান নিয়ে প্রধান বিরোধী দল কংগ্রেস দেশটির কেন্দ্র সরকারকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করেছে।

  • হরমুজ অবরোধে তেল রপ্তানি কমেছে ৭৫ শতাংশ

    হরমুজ অবরোধে তেল রপ্তানি কমেছে ৭৫ শতাংশ

    হরমুজ প্রণালি অবরোধের কারণে ইরাকের তেল রপ্তানি ৭৫ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী বাসেম মোহাম্মদ খুদাইর। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের যুদ্ধ শুরুর পর থেকেই রপ্তানিতে এই বড় ধরনের ধস নেমেছে বলে জানান তিনি।

    এক সংবাদ সম্মেলনে ইরাকের তেলমন্ত্রী বলেন, যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে ইরাক প্রতিদিন প্রায় ৩৪ লাখ ব্যারেল তেল রপ্তানি করত। তবে বর্তমান পরিস্থিতিতে দেশটির তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

    খুদাইর জানান, বর্তমানে ইরাকে প্রতিদিন প্রায় ২৭ লাখ ব্যারেল তেল উৎপাদন হচ্ছে। এর মধ্যে রপ্তানি করা হচ্ছে প্রায় ১৫ থেকে ১৭ লাখ ব্যারেল।

    তিনি বলেন, তেল রপ্তানির জন্য ভবিষ্যতে বিকল্প পথ তৈরি করা জরুরি। এ জন্য রপ্তানি অবকাঠামো ও বিকল্প রুট বহুমুখীকরণের ওপর জোর দেওয়া হচ্ছে।

    ইরাকি তেলমন্ত্রী আরো জানান, হরমুজ প্রণালি দিয়ে ইরাকি তেল রপ্তানির সুযোগ তৈরি করতে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কার্যকর কোনো উদ্যোগ শুরু হয়নি।

    এদিকে ইরাকে তেল কোম্পানিগুলোর ওপর যেকোনো ধরনের হামলার বিরোধিতা করেছে দেশটির সরকার। খুদাইর বলেন, তেল কোম্পানিগুলো হামলায় ক্ষতিগ্রস্ত হলে তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে সরকার।

    বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এই নৌপথে অবরোধ বা নিরাপত্তা সংকট তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

  • ইরানের শর্ত মানলেই খুলবে হরমুজ: আইআরজিসি

    ইরানের শর্ত মানলেই খুলবে হরমুজ: আইআরজিসি

    ইরানের শর্ত যুক্তরাষ্ট্র পুরোপুরি মেনে নিলেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির মুখপাত্র সারদার মোহেবি বলেছেন, প্রণালিটি পুনরায় চালুর বিষয়টি ওমানের সঙ্গে চলমান আলোচনার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    আইআরজিসির মুখপাত্র বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের নির্ধারিত ‘নির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত’ রয়েছে। এসব শর্ত পূরণ হলেই কেবল গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় খুলবে।

    সারদার মোহেবি বলেন, আমাদের কাছে হরমুজ প্রণালি শুধু একটি অর্থনৈতিক নৌপথ নয়; এটি ভৌগোলিক ও কৌশলগত শক্তিরও একটি উপাদান।

    তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানের শর্তগুলো ‘পুরোপুরি মেনে নিতে হবে’ এবং আঞ্চলিক আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

    মোহেবির ভাষায়, যখনই যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নেবে, তখনই হরমুজ প্রণালি অবশ্যই খুলে দেওয়া হবে।

    তার এই বক্তব্যের মাধ্যমে ইরান স্পষ্ট করেছে যে, হরমুজ প্রণালি চালুর সিদ্ধান্তকে ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনা বা সম্ভাব্য কোনো সমঝোতার সঙ্গে এক করে দেখছে না। বরং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইরানের নিজস্ব শর্ত পূরণের ওপর নির্ভর করছে।