আর্ন্তজাতিক

  • পাকিস্তান তাবলিগ জামাতের আমিরের ইন্তেকাল

    পাকিস্তান তাবলিগ জামাতের আমিরের ইন্তেকাল

    পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস হজরত মাওলানা হাজি নযরুর রহমান (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৭ বছর। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

    তার ইন্তেকালে পাকিস্তানসহ বিশ্বজুড়ে তবলিগ জামাতের সাথী ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সোমবার রাতে পাকিস্তানের রাইউইন্ডে তার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

    ১৯২৯ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নিকটবর্তী বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা হাজি নযরুর রহমান। তিনি পাকিস্তানে তবলিগ জামাতের প্রাথমিক সময়ের অন্যতম প্রবীণ সাথী ছিলেন। জীবনের দীর্ঘ সময় তিনি দ্বীনের দাওয়াত ও তবলিগের মেহনতে ব্যয় করেছেন এবং রাইউইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

    তৎকালীন আমির হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব (রহ.)-এর ইন্তেকালের পর ২০১৮ সাল থেকে মাওলানা নযরুর রহমান পাকিস্তানে তবলিগ জামাতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন।

    এদিকে তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এক শোকবার্তায় তিনি বলেন, ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফিও তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। এছাড়া দেশটির বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব

    বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন- আমরা সবাই জানি, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। তবুও, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে আমাদের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জগুলো সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল এবং টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। “সবার আগে বাংলাদেশ” এই দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার বিশ্বাস করে যে, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক হিসেবে চলতে হবে।

    আমাদের শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা করতে হবে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে।

    জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ নভেম্বর ২০২৬ এসব কথা বলেন। এসময় তিনি কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য তিনি অস্ট্রেলিয়াকেও ধন্যবাদ জানান।

    তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্য রেখে ‘নেট জিরো’ নির্গমন অর্জনের লক্ষ্যে আমরা এই পদক্ষেপ নিয়েছি। বিশেষ কর প্রণোদনার সহায়তায় আমরা ৪,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছি। পাশাপাশি, বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগকেও আমরা উৎসাহিত করছি।

    তিনি বলেন, বাংলাদেশ সরকার সবুজ শিল্পকে উৎসাহিত করছে, যার মধ্যে রয়েছে প্রায় ৩০০টি লিড -সার্টিফাইড তৈরি পোশাক কারখানা। সরকার বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে এগিয়ে নিচ্ছে। আমরা পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার ঘটাচ্ছি। এছাড়া, আমরা কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামোও তৈরি করছি।

    সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে। আমাদের পরিবেশ রক্ষার জন্য, আমরা পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০,০০০ কিলোমিটার নদী ও খাল খনন করছি, যার উদ্দেশ্য হলো জল ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি করা। এছাড়াও, আমরা উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ পুনরুদ্ধার করছি, যাতে জনগোষ্ঠীকে রক্ষা করা যায় এবং জলবায়ু সহনশীলতা জোরদার করা যায়।

    প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনও অপ্রতুল। এটি উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকারগুলোকে যথাযথভাবে বিবেচনায় নেয় না। জলবায়ু-সংক্রান্ত ক্ষয়ক্ষতি আমাদের অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা সৃষ্টি করছে। একই সাথে, ক্রমবর্ধমান ঋণ পরিশোধ এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরও ঋণ নয় যা তাদের ঋণ বাড়িয়ে দেয়। তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনের জন্য জোরালো সহায়তারও প্রয়োজন।

    ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’- এই নীতির পথ ধরে বাংলাদেশ পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে:

    প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করা উচিত, সেইসাথে নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।

    দ্বিতীয়ত, জলবায়ুঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ (জলবায়ু-সহনশীল ঋণ ধারা) এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ (জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ)-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।

    তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা করা।

    চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর ত্বরান্বিত করা।

    পঞ্চমত, কপ ৩১ -এ একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা, যার মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।

    আমাদের অবশ্যই এটিও নিশ্চিত করতে হবে যে, নারী ও তরুনরা যেন জলবায়ু কার্যক্রমে অংশ নেয়। আমাদের অবশ্যই মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং ১.৫ ডিগ্রী সেলসিয়াস লক্ষ্যমাত্রাকে নাগালের মধ্যে রাখতে বৈশ্বিক নির্গমন কমাতে হবে।

    প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা করে। আমরা আশা করি এই সম্মেলন অর্থপূর্ণ, ভারসাম্যপূর্ণ এবং উচ্চাভিলাষী ফলাফল দেবে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রতি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য। আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। আসুন, আমরা বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসাথে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।

  • ইংল্যান্ড সফরে বাংলাদেশের দুই টেস্ট, লর্ডসের আগে চেমসফোর্ডে প্রতিপক্ষ আয়ারল্যান্ড

    ইংল্যান্ড সফরে বাংলাদেশের দুই টেস্ট, লর্ডসের আগে চেমসফোর্ডে প্রতিপক্ষ আয়ারল্যান্ড

    আগামী বছর মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট নির্ধারিত ছিল আগেই। এই সফরে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি টেস্ট খেলবে বলে জানিয়েছেন বিসিবির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা।

    ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে চেমসফোর্ডে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টটি। দুই টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। সেটি তিন বা চার দিনের হতে পারে।

    চেমসফোর্ডের মাঠ কাউন্টি দল এসেক্সের। ২০২৩ সালে এখানে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করেছিল আয়ারল্যান্ড। এই মাঠে এখন পর্যন্ত ছয়টি ওয়ানডে হলেও কোনো টেস্ট হয়নি। তবে বাংলাদেশের কাছে মাঠটি বেশ স্মৃতিবিজড়িত। বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছে এ মাঠেই। সেটা ১৯৯৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে।

    আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এ পর্যন্ত তিনটি টেস্ট খেলেছে। দুটি মিরপুরে, একটি সিলেটে।

    আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে বাংলাদেশের পরবর্তী ইংল্যান্ড সফরের কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু আগামী বছর ঘরের মাঠে অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলার প্রস্তাব দেয় ইংল্যান্ড। সেই সুযোগ গ্রহণ করে বিসিবি।

    চেমসফোর্ড কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড উইকিপিডিয়া

    শুরু থেকেই ইংল্যান্ড সফরে ম্যাচ বাড়ানোর চেষ্টা ছিল বিসিবির। লর্ডস টেস্টের আমন্ত্রণ পাওয়ার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা শুরু করে তারা। লক্ষ্য ছিল সীমিত ওভারের ম্যাচ যোগ করা। আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতির কথা ভেবে দুই বা তিনটি ওয়ানডে খেলার প্রস্তাবও দিয়েছিল বাংলাদেশ। সেই আলোচনা সফল হয়নি। ইসিবি ভবিষ্যতে ওয়ানডে খেলার আশ্বাস দিয়েছে। এরপর আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে বিসিবি। শেষ পর্যন্ত সেই আলোচনাই ফলপ্রসূ হয়েছে।

    এখন পর্যন্ত দুবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। প্রথমবার ২০০৫ সালে। এরপর ২০১০ সালে। সেই সফরে দারুণ দুটি সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল, যিনি এখন বিসিবির সভাপতি।

    আবার ইংল্যান্ডে যাওয়ার আগে অবশ্য ইংলিশদের আতিথ্য দেবে বাংলাদেশও। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড।

  • ফিফপ্রো বর্ষসেরা দলে ফিরলেন মেসি; ব্যালন ডি’অর জিতেও নেই কেইন

    ফিফপ্রো বর্ষসেরা দলে ফিরলেন মেসি; ব্যালন ডি’অর জিতেও নেই কেইন

    বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইন এএফপি

    পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর এবারের ছেলেদের বর্ষসেরা একাদশে জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইনের। ফুটবলাররা ভোটের মাধ্যমে চার ফরোয়ার্ড বেছে নিলেও সেখানে জায়গা পাননি গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল করা বায়ার্ন মিউনিখ তারকা। এবার বর্ষসেরা দল বেছে নিতে ৭৩ দেশ থেকে ভোট দিয়েছেন মোট ১৯ হাজার ৮০৬ জন পুরুষ ফুটবলার।

    গত মাসে লন্ডনে ব্যক্তিগত পর্যায়ে বর্ষসেরার শ্রেষ্ঠ পুরস্কার ব্যালন ডি’অর জেতেন কেইন। ফিফা পুরুষ র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের একেকজন প্রতিনিধি নিয়ে মোট ১০০ সাংবাদিকের একটি জুরিবোর্ড ভোটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করে ব্যালন ডি’অরে। কেইনের মতো তাঁর ক্লাব সতীর্থ ফরাসি তারকা মাইকেল ওলিসে এবং গত বছর ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলেও জায়গা পাননি এবারের বর্ষসেরা একাদশে।

    এবার আক্রমণভাগে জায়গা পেয়েছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল, ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড, রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ও ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।

    ৩৩ বছর বয়সী হ্যারি কেইন গত মাসে ব্যালন ডি’অর জেতেন এএফপি

    ২০২৩ সালের পর এই প্রথম ফিফপ্রোর বর্ষসেরা একাদশে ফিরলেন ৩৯ বছর বয়সী মেসি। এ নিয়ে ১৮তমবার একাদশে জায়গা পেয়ে সর্বোচ্চবার জায়গা করে নেওয়ার রেকর্ডটি আরও এক ধাপ এগিয়ে নিলেন সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কিংবদন্তি।

    স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী ইয়ামাল গত বছর ফিফপ্রোর বর্ষসেরা একাদশে ছিলেন। এবারও থাকায় প্রথম খেলোয়াড় হিসেবে ২০ বছর বয়স হওয়ার আগেই ফিফপ্রোর বর্ষসেরা একাদশে দুবার জায়গা করে নেওয়ার রেকর্ড গড়লেন। ১৯ বছর বয়সী ইয়ামালের সঙ্গে স্পেনের ২০২৬ বিশ্বকাপজয়ী দল থেকে জায়গা পেয়েছেন আরও তিনজন। রক্ষণে পাউ কুবারসি, মাঝমাঠে রদ্রি ও গোলপোস্টে ডেভিড রায়া।

    টানা দুবার চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি থেকে জায়গা পেয়েছেন দুই উইং—ব্যাক আশরাফ হাকিমি ও নুনো মেন্দেজ। মাঝমাঠে আছেন ভিতিনিয়া। রিয়াল মাদ্রিদ থেকে এমবাপ্পের সঙ্গে আছেন জুড বেলিংহাম।

    ফিফপ্রো ২০২৬ পুরুষ বর্ষসেরা একাদশ

    দেশ ও ক্লাব মিলিয়ে গত মৌসুমে ৭৩ গোল করা কেইন এ মৌসুমে এখন পর্যন্ত ১৬ গোল করেছেন। এ বছর বায়ার্নের হয়ে জেতেন বুন্দেসলিগা, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ। গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলার পথে করেন ৬ গোল।

    ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে। ৬০ হাজারের বেশি ফুটবলার এ সংগঠনের প্রতিনিধিত্ব করেন। ফিফপ্রো ২০০৫ সাল থেকে ছেলেদের ও ২০১৫ সাল থেকে মেয়েদের বছরের সেরা একাদশ নির্বাচন করছে। এই একাদশকে বলা হয় ‘ওয়ার্ল্ড ১১’।

    মেয়েদের বর্ষসেরা দলের কী খবর

    গত বছরগুলোর মতো এবারও মেয়েদের বর্ষসেরা একাদশে কিছু খেলোয়াড়ের বাদ পড়া বেশ আলোচনার জন্ম দিয়েছে। দুর্দান্ত এক মৌসুম কাটিয়েও ম্যানচেস্টার সিটির খাদিজা শ, কানসাস সিটি কারেন্টের তেমওয়া চাওউয়িঙ্গা ও বার্সেলোনার পাত্রি গুইহারো ও এভা পাইয়রের জায়গা হয়নি এবারের একাদশে।

    ফিফপ্রো ২০২৬ নারী বর্ষসেরা একাদশ

    ইংল্যান্ড ও চেলসির রাইটব্যাক লুসি ব্রোঞ্জ প্রথম নারী ফুটবলার হিসেবে এবারের বর্ষসেরা একাদশে নবমবারের মতো জায়গা পেয়েছেন। ৬৪ দেশের ৬ হাজার ৫১১ জন নারী ফুটবলারদের ভোটে নির্বাচিত এই একাদশে ইংল্যান্ড ও স্পেনের বাইরে একমাত্র খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন জাম্বিয়ার ফরোয়ার্ড বারবারা বান্দা।

    স্পেনের দুই মিডফিল্ডার আইতানা বোনমাতি ও আলেক্সিয়া পুতেয়াস আছেন এবারের দলে। গত মাসে পুতেয়াস তৃতীয় ব্যালন ডি’অর জেতেন। বোনমাতি ও পুতেয়াস এখন যৌথভাবে সর্বোচ্চ তিনবার মেয়েদের ব্যালন ডি’অরজয়ী।

  • মেসি যেসব টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন

    মেসি যেসব টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন

    যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে (এমএলএস) নিয়মিত মৌসুমে ইন্টার মায়ামি শেষ ম্যাচটা খেলেছে গত পরশু। সেদিনই গোল্ডেন বুট পেয়েছেন মেসি। যদিও ম্যাচে তিনি গোল পাননি।

    এমএলএসের ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে সর্বোচ্চ ২৬ গোল করে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় গোল্ডেন বুট ট্রফি জেতেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি। এ বয়সে মেসির হাতে আরেকটি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার ট্রফি দেখে একটি প্রশ্ন জাগতেই পারে, আর্জেন্টাইন এই ফরোয়ার্ড তাঁর ক্যারিয়ারে কতগুলো টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন?

    মেসির ক্যারিয়ারে তাকালে এ প্রশ্নের উত্তর খুঁজতে গলদঘর্ম হওয়াই স্বাভাবিক। কারণ তাঁর ক্যারিয়ারের দৈর্ঘ্য তো ছোট নয়! ২১ বছর আর্জেন্টিনার হয়ে খেলার পর অবসর নিয়েছেন গত মাসে। আর পেশাদার ফুটবলে ২২ বছরের ক্যারিয়ার কোথায় নিয়ে গিয়ে শেষ করেন, সেটাও আপাতত অজানা। এই দীর্ঘ সময়ে অনেক টুর্নামেন্টেই খেলেছেন মেসি। এসবের ভেতর থেকে মেসি যেসব টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন, তার একটি তালিকা তৈরি করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘এল গ্রাফিকো’।

    মেসি তাঁর ক্যারিয়ারে এ পর্যন্ত মোট ৩৩টি টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ৮ মৌসুমে, চ্যাম্পিয়নস লিগে ৬ ও কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপে ৫ বার। ইউরোপিয়ান সুপার কাপ এবং এমএলএসে দুবার করে সর্বোচ্চ গোল করেছেন। ক্লাব বিশ্বকাপ, কোপা আমেরিকা, লিগস কাপ, চ্যাম্পিয়নস কাপ ও দক্ষিণ আমেরিকান বাছাইয়ে একবার করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি।

  • মলিনাকে আর্জেন্টিনার হয়ে খেলতে দেবে না ক্লাব রোমা

    মলিনাকে আর্জেন্টিনার হয়ে খেলতে দেবে না ক্লাব রোমা

    আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ার কথা ছিল নাহুয়েল মলিনার। কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডারকে এবার ছাড়তে রাজি নয় তাঁর ক্লাব রোমা। ফিফার নিষেধাজ্ঞা কমে যাওয়ায় আর্জেন্টিনা দলে ফেরার সুযোগ তৈরি হলেও মলিনাকে ইতালিতেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

    ‘ফুটবল ইতালিয়া’র খবর, মলিনাকে জাতীয় দলে যোগ দেওয়ার অনুমতি দেবে না বলে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) জানিয়ে দিয়েছে রোমা। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তাঁকে দলে পেতে চাইলেও ক্লাবের সিদ্ধান্তে আপাতত সেটি সম্ভব হচ্ছে না। রোমার নির্দেশ, আগামীকাল থেকে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে হবে এই রাইটব্যাককে।

    মলিনাকে নিয়ে রোমার এই অবস্থানের পেছনে আছে ফিফার শাস্তির হিসাব। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে হারের ম্যাচ শেষে সহিংস আচরণের দায়ে মলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ করেছিল ফিফা। সঙ্গে জরিমানা করা হয়েছিল ছিল ৯০ হাজার ডলার। একই ঘটনায় শাস্তি পেয়েছিলেন তাঁর সতীর্থ ও রোমার সাবেক মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও। তাঁকে ১০ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল।

    রোমার অনুশীলনে পাওলো দিবালা ও নাহুয়েল মলিনাএক্স

    তবে গত শনিবার মলিনার নিষেধাজ্ঞা সাত ম্যাচ থেকে কমিয়ে চার ম্যাচ করেছে ফিফা। এরই মধ্যে নিষেধাজ্ঞার তিন ম্যাচ কাটিয়েছেন তিনি। অক্টোবরে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার তিনটি প্রীতি ম্যাচে খেলতে পারেননি। ফলে নিষেধাজ্ঞার বাকি আছে আর মাত্র এক ম্যাচ।

    নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা। নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে খেলার সুযোগ না থাকলেও দ্বিতীয় ম্যাচে মলিনার খেলার যোগ্যতা থাকছে। কিন্তু লম্বা ভ্রমণের ধকল এড়াতে তাঁকে ইতালিতে রাখাই খেলোয়াড় ও ক্লাবের জন্য ভালো হবে বলে মনে করছে রোমা।

    স্কালোনির সর্বশেষ দলে ইতালিয়ান লিগের সাতজন ফুটবলার জায়গা পেয়েছেন। মলিনার রোমা সতীর্থ লিওনার্দো বালেরদি, মাতিয়াস সুলে ও সান্তিয়াগো কাস্ত্রো আছেন সেই তালিকায়। এ ছাড়া কোমোর নিকো পাজ ও মাক্সি পেরোনে, পারমার মারিয়ানো ত্রোইলো এবং ফিওরেন্তিনার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও ডাক পেয়েছেন।

    ক্লাবের হয়ে অবশ্য ভালোই সময় কাটছে মলিনার। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রোমার হয়ে ১২ ম্যাচ খেলেছেন। চ্যাম্পিয়নস লিগে করেছেন একটি গোল, সিরি আ-তে সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল।

    মলিনার পারফরম্যান্সে রোমাও এগিয়ে যাচ্ছে ভালোভাবেই। ২৭ পয়েন্ট নিয়ে সিরি আ-র পয়েন্ট তালিকার তিনে আছে দলটি। শীর্ষে থাকা লাৎসিওর সঙ্গে ব্যবধান মাত্র দুই পয়েন্ট।

  • হামজার অপেক্ষায় বাংলাদেশ দল

    হামজার অপেক্ষায় বাংলাদেশ দল

    সাফে শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার বাংলাদেশেরর ম্যাচে গ্যালারি টইটম্বুর থাকবে বলে মনে করছেন বোদ্ধারা। কেননা সেই ম্যাচে যে মাঠে নামবেন বাংলাদেশের পোস্টার বয় হামজা চৌধুরী। যদিও প্রথম ম্যাচে টিকিটের দাম শেষ মুহূর্তে কমিয়ে দিলেও সেভাবে গ্যালারি ভরেনি।

    গতকাল শনিবার শেফিল্ডের হয়ে ম্যাচ খেলার পর আজ ঢাকার বিমানে ওঠার কথা তাঁর। সোমবার সকালে তাঁর সঙ্গে আসবেন ফারহান আলি ওয়াহিদও।

    এ দুই তারকা ফুটবলারের আগমনে দলীয় সংহতি আরও বেড়ে যাবে বলে মনে করছেন মোরছালিন। ‘আমরা অবশ্যই খুব আশাবাদী। হামজা ভাই, ফারহান (আলি ওয়াহিদ) এলে আমাদের দলের স্পিরিট আরও বাড়বে।’ মোরছালিন নিজেও সেই ম্যাচের জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন গতকাল শনিবার। জ্বর থাকায় ভুটানের প্রথম ম্যাচের স্কোয়াডে ছিলেন না মোরছালিন। তাই নাম্বার নাইনে বাধ্য হয়ে বিশ্বনাথকে খেলিয়েছিলেন কোচ থমাস ডুলি। তবে গতকাল দলের সঙ্গে অনুশীলনের পর মোরছালিনের ঘোষণা, ‘আমি প্রস্তুত আছি ম্যাচটি খেলতে। আমরা সবাই একমত যে শ্রীলঙ্কার দল খুবই ভালো। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। যেহেতু আমরা প্রথম জিতেছি, আমাদের সবার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। জেতার জন্যই আমরা খেলব।’

    ভুটানের বিপক্ষে দলের অন্যতম সেরা চার ফুটবলারকে পাননি কোচ ডুলি। হামজা, মোরছালিন, ফারহানের সঙ্গে তপু বর্মণও ছিলেন না সেদিন। শ্রীলঙ্কার বিপক্ষেও তপুকে ঘিরে অনিশ্চয়তা আছে, তবে বাকি সবাইকে পেতে পারেন তিনি। এখানেই প্রশ্ন থেকে যায়, সেদিনও কি লঙ্কার বিপক্ষে ডিফেন্ডার বিশ্বনাথকে ফরোয়ার্ডে খেলাবেন কোচ? আপাতত যা খবর, তাতে ডুলি সেদিনও আক্রমণভাগে বিশ্বনাথের ক্ষিপ্রতা ব্যবহার করতে চাইছেন। মাঝমাঠে রাখতে চাইছেন হামজাকে। ফারহানকেও ম্যাচ টাইম দেবেন তিনি। সেই সঙ্গে মোরছালিনকেও রাখবেন ম্যাচের কোনো এক অংশে। কোচের এই কৌশল নিয়ে মিডিয়াতে পাঁচ কথা হলেও লকাররুমে আস্থা আছে। বিশ্বনাথের পাশেই থাকছেন মোরছালিন। ‘আমাদের তো নাম্বার নাইনের সমস্যা অনেক দিন ধরে, এটা সবাই জানে। আমরা যখন যেখানেই সুযোগ পাই… যেমন আমি মিডফিল্ডের প্লেয়ার হয়েও অ্যাটাকিং মিডফিল্ডে অনেক সময় খেলেছি। কোচ যেখানেই সুযোগ দেবে আমাকে সেখানে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। বিশ্বনাথ দাদাও চেষ্টা করেছেন। ডিফেন্ডার হয়েও আক্রমণভাগে ভালো খেলেছেন বা চেষ্টা করেছেন। আমার মনে হয়, যারা আছে সবারই এ রকম মানসিকতা থাকা উচিত, যে যেখানেই সুযোগ পাক, ভালো করতে হবে।’

    দলের বাইরে আরও একটি গুঞ্জন বেশ শোনা যায়– স্থানীয় ফুটবলারদের সঙ্গে বংশোদ্ভূত ফুটবলারদের একটা মানসিক দূরত্ব আছে। এমন অভিযোগ এক কথায় উড়িয়ে দিয়েছেন মোরছালিন। ‘না সেরকম কিছু আমার মনে হয় না। আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশ দলে যারা আছে, সবাই দেশের জন্যই খেলে। আমরা সবাই মিলে দেশকে বারবার জয়ের আনন্দে ভাসাতে চাই।’

  • যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত?

    যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত?

    যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন ড. আবদুল আল-সাইয়েদ। মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই রাজনীতিকের দায়িত্ব গ্রহণের আগে তার কাজ, ক্ষমতা ও বেতন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। মার্কিন সিনেটের সদস্য হিসেবে তিনি কী কী দায়িত্ব পালন করবেন, জাতীয় নীতিনির্ধারণে তার ভূমিকা কতটা এবং এ পদে থেকে বছরে কত অর্থ বেতন পাবেন—এসব বিষয় নিয়ে আলোচনা চলছে।

    সিনেটরের বেতন কত?

    যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, দেশটির একজন সাধারণ সিনেটরের বার্ষিক বেতন ১ লাখ ৭৪ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ প্রায় ২ কোটি ১৭ লাখ টাকা। সে হিসাবে প্রতি মাসে তার বেতন দাঁড়ায় প্রায় ১৮ লাখ টাকা। তবে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পরিবর্তিত হলে বেতনের বাংলাদেশি মুদ্রায় হিসাবও কমবেশি হবে।

    সিনেটরের দায়িত্ব ও ক্ষমতা কতটুকু?

    যুক্তরাষ্ট্রের জাতীয় আইনসভা কংগ্রেসের দুটি কক্ষের একটি হলো সিনেট। এটি উচ্চকক্ষ হিসেবে পরিচিত। দেশটির ৫০টি অঙ্গরাজ্য থেকে দুজন করে মোট ১০০ জন সদস্য এই কক্ষে প্রতিনিধিত্ব করেন।

    সিনেটর হিসেবে আল-সাইয়েদের দায়িত্ব শুধু আইন প্রণয়নের প্রস্তাব নিয়ে আলোচনা বা ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দেশের বাজেট, গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগ, পররাষ্ট্রনীতি এবং প্রেসিডেন্টের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রেও তার ভূমিকা থাকবে।

    আইন ও বাজেট প্রণয়ন: জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিল নিয়ে আলোচনা, সংশোধনী প্রস্তাব এবং চূড়ান্ত ভোটে অংশ নেওয়ার সুযোগ পাবেন আল-সাইয়েদ। স্বাস্থ্যসেবা, ওষুধের মূল্য, সামাজিক নিরাপত্তা ও অন্যান্য জনকল্যাণমূলক খাতের আইন প্রণয়নে তার ভোট গুরুত্বপূর্ণ হতে পারে। সাধারণ আইন পাসের ক্ষেত্রে সিনেটে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। সাধারণত ১০০ সদস্যের মধ্যে অন্তত ৫১ জনের ভোট বিল পাসের জন্য যথেষ্ট।

    গুরুত্বপূর্ণ পদে নিয়োগ অনুমোদন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বিচারিক পদে নিয়োগের জন্য প্রার্থী মনোনয়ন দেন। তবে মন্ত্রিসভার সদস্য, বিদেশে নিযুক্ত রাষ্ট্রদূত এবং সুপ্রিম কোর্টের বিচারকদের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ কার্যকর করতে সিনেটের অনুমোদন প্রয়োজন। এ ধরনের প্রায় ১ হাজার ৩০০ গুরুত্বপূর্ণ পদে মনোনীত ব্যক্তিদের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের পর অনুমোদন দেওয়ার প্রক্রিয়ায় অংশ নেবেন আল-সাইয়েদ।

    আন্তর্জাতিক চুক্তি ও যুদ্ধনীতি: যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য দেশের আন্তর্জাতিক চুক্তি অনুমোদনের ক্ষেত্রেও সিনেটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো চুক্তি অনুমোদনে সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন, অর্থাৎ অন্তত ৬৭টি ভোট লাগবে। পাশাপাশি বৈদেশিক সহায়তা, সামরিক ব্যয় ও যুদ্ধসংক্রান্ত নীতির ওপর নজরদারির দায়িত্বও পালন করবেন সিনেটররা।

    অভিশংসন বা ইমপিচমেন্টের বিচার: মার্কিন প্রেসিডেন্ট কিংবা শীর্ষ ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে অভিশংসনের অভিযোগ আনা হলে তার বিচার অনুষ্ঠিত হয় সিনেটে। এ ক্ষেত্রে সিনেট বিচারিক কক্ষ হিসেবে কাজ করে। বিচারপ্রক্রিয়ায় অংশ নিয়ে অভিযুক্ত ব্যক্তির বিষয়ে রায় দেওয়ার ক্ষেত্রে ভোট দিতে পারবেন আল-সাইয়েদ।

    নতুন হলেও ভোটের মূল্য সমান

    সিনেটে দায়িত্ব ও প্রভাবের ক্ষেত্রে জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভিন্ন সুযোগ-সুবিধা এবং কমিটিতে নেতৃত্বের অগ্রাধিকার নির্ধারিত হয়। তবে আইন প্রণয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে ভোটের ক্ষেত্রে সব সিনেটরের ক্ষমতা সমান। অর্থাৎ দীর্ঘদিন দায়িত্ব পালন করা কোনো জ্যেষ্ঠ সিনেটরের ভোটের মূল্য যতটুকু, নবনির্বাচিত আল-সাইয়েদের ভোটের মূল্যও ঠিক ততটুকু।

    ফলে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা কিংবা গুরুত্বপূর্ণ কোনো বিলের ভোটাভুটিতে তার একটি ভোটও বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে দুই দলের মধ্যে ভোটের ব্যবধান কম থাকলে তার অবস্থান জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণে প্রভাব ফেলতে পারে।

    (সুত্র: আমার দেশ)

  • প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

    প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

    উন্নয়ন কর্মসূচির আওতায় প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্যে অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচজন এবং যুগ্ম সচিব পদমর্যাদার ৩০ জন আছেন। পাকিস্তানের লাহোরে ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে ১৪ দিনের এই প্রশিক্ষণ শুরু হবে ৯ নভেম্বর। শেষ হবে ২২ নভেম্বর।

    উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে।

    এর আগে গত মে মাসে প্রথমবারের মতো প্রশিক্ষণ নিতে পাকিস্তান সফর করেন বাংলাদেশের ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা। পাকিস্তানের লাহোরে অবস্থিত সিভিল সার্ভিস একাডেমিতে (সিএসএ) তাঁরা প্রশিক্ষণ নেন। ৪ মে শুরু হওয়া ওই প্রশিক্ষণ শেষ হয় ২১ মে।

    সফরে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে একজন ছিলেন অতিরিক্ত সচিব পদমর্যাদার, বাকি ১১ জন ছিলেন যুগ্ম সচিব পদমর্যাদার।

    দ্বিতীয় দফায় উচ্চতর প্রশিক্ষণের জন্য এবার লাহোর যাচ্ছেন ৩৫ কর্মকর্তা। তাঁদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চারজন, মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুজন করে কর্মকর্তা রয়েছেন। বাকিরা বিভিন্ন মন্ত্রণালয়ের।
    ৮ নভেম্বর তাঁদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণের জন্য কর্মকর্তাদের নাম নির্বাচন করা হয়।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সরকারি আদেশে বলা হয়েছে, কর্মকর্তাদের যাতায়াত, থাকা-খাওয়া ও প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করবে পাকিস্তান সরকার। এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পাঁচ কর্মদিবসের মধ্যে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতিবেদন জমা দিতে হবে।

    তালিকার এক নম্বরে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা জামান বলেন, পাকিস্তান সরকারের আমন্ত্রণে ১৪ দিনের এই প্রশিক্ষণে দেশটির প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হয়, তা শেখানো হবে। এ ছাড়া সুশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা ও সরকারি নীতিকৌশল সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হবে।

    জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভারতের মুসৌরি ছিল বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের অন্যতম প্রধান গন্তব্য। ভারতের উত্তরাখন্ড প্রদেশের মুসৌরিতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় প্রশাসন একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ নিতে যেতেন বাংলাদেশের মধ্যম পর্যায়ের কর্মকর্তারা। আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৪ সালে দিল্লিভিত্তিক ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্সের (এনসিজিজি) সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। পরে ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে দ্বিতীয় দফায় চুক্তি হয়। তৃতীয় দফায় ২০২৪ সালের ৩০ এপ্রিল ঢাকায় দুই পক্ষের মধ্যে চুক্তি হয়। সর্বশেষ চুক্তিটির মেয়াদ ছিল এক বছর। ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছিল।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র বলছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এর পর থেকে বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে পাঠানো হয়নি। রাজনৈতিক পালাবদল, কূটনৈতিক টানাপোড়েন, চুক্তির মেয়াদ শেষ হওয়া ও ভিসা জটিলতার কারণে প্রশিক্ষণ কার্যক্রমটি বন্ধ রয়েছে। এর পরিবর্তে উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য পাকিস্তানে পাঠানো হচ্ছে।

    কর্মকর্তারা বলছেন, প্রশিক্ষণের জন্য ভারত ও পাকিস্তান—দুই দেশেই যাওয়া প্রয়োজন। তাঁদের মতে, বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ে, প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয় এবং নেতৃত্বের বিকাশ ঘটে। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় দুই দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখাও গুরুত্বপূর্ণ।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশিক্ষণের জন্য পাকিস্তান সরকার বিভিন্ন সময়ে চিঠি দিয়ে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল। তবে আওয়ামী লীগ সরকারের সময়ে সেই আমন্ত্রণে সাড়া দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ে তৎকালীন স্বরাষ্ট্রসচিব এবং বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি পাকিস্তান সফরে গেলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তখন পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশি কর্মকর্তাদের প্রশিক্ষণে পাঠানোর প্রস্তাব দেওয়া হলে তাতে ইতিবাচক সাড়া দেওয়া হয়।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমন্ত্রণপত্র পাঠায়। মূলত সেই আমন্ত্রণের ভিত্তিতেই কর্মকর্তাদের পাকিস্তানে পাঠানো হচ্ছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রশিক্ষণের বিষয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। চুক্তি করার আগে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বোঝাপড়া ও পারস্পরিক জানাশোনার সুযোগ তৈরির জন্যই আপাতত কর্মকর্তাদের পাঠানো হচ্ছে। এরপর দুই দেশের মধ্যে চুক্তি হবে। সরকারি সূত্রগুলোর ভাষ্য, প্রশাসনিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবেই সরকারি কর্মকর্তারা পাকিস্তান সফরে যাচ্ছেন।

    জনপ্রশাসন বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতায় পাকিস্তানে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণে পাঠানোর উদ্যোগের একটি কূটনৈতিক বার্তাও রয়েছে। তাঁদের মতে, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য কোনো একটি নির্দিষ্ট দেশের ওপর নির্ভর না করে একাধিক দেশে পাঠানো উচিত।

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনালদোর

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনালদোর

    ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ (৫নভেম্বর) ইনষ্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে সমর্থকদের উদ্দেশে চিঠি পড়ে নিজের অবসরের খবর জানান পর্তুগিজ এই মহাতারকা।

    এর মধ্য দিয়ে পর্তুগালের হয়ে রেকর্ড গড়া এক আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।

    ভিডিওতে নিজের আইকনিক ৭ নম্বর জার্সির কথা উল্লেখ করে রোনালদো বলেন, ‘জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন এসে গেছে। কখনো ভাবিনি, জার্সিটি শুধু আমারই। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব দুটিই পেয়েছি।’

    আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। ২৩২ ম্যাচে তাঁর গোল ১৪৬টি। ২০১৬ সালে পর্তুগালকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানোর কীর্তিও আছে তাঁর।

    তবে বিদায়টা সুখকর হলো না ৪১ বছর বয়সী এই তারকার। পর্তুগাল কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিরোধের জের ধরে সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান তিনি। নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে একাদশে তো ছিলেনই না, বদলি হিসেবেও মাঠে নামার সুযোগ পাননি। ম্যাচ শেষে সতীর্থরা দর্শকদের অভিবাদন জানাতে গেলেও রোনালদো সরাসরি ড্রেসিংরুমে চলে যান।

    ডেনমার্কের বিপক্ষে পরের ম্যাচেও একাদশে জায়গা পাবেন না জানার পর তিনি কোপেনহেগেনে দলের ক্যাম্প ছেড়ে চলে যান। তখন অভিযোগ করেন, কোচ জেসুস তাঁকে দেওয়া কথা রাখেননি। এরপর এ ঘটনায় নিজের ভুল স্বীকারও করেছিলেন। পর্তুগিজ ফুটবল ফেডারেশনও তাঁকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল।

    আর সেই নিষেধাজ্ঞার মধ্যেই পর্তুগালকে বিদায় বললেন পাঁচবার ব্যালন ডি’অর জেতা এই মহাতারকা।