অর্থ ও বাণিজ্য

  • অর্থনীতিতে কৃষি খাতের বড় বিপর্যয়, বেড়েছে শিল্পের

    অর্থনীতিতে কৃষি খাতের বড় বিপর্যয়, বেড়েছে শিল্পের

    স্বাধীনতার পর গত পাঁচ দশকে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোতে বড় পরিবর্তন ঘটেছে। তবে অর্থনীতির এই কাঠামোগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি সরকারের রাজস্ব আহরণ। অর্থনীতির আকার বাড়লেও কর-জিডিপি অনুপাত এখনো ৬ থেকে ১০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে, যা রাজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা ও করজালের সীমাবদ্ধতাকে সামনে এনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

    ‘অর্থনীতির পথ পরিক্রমা’য় অর্থনীতিতে কৃষি খাতের বড় বিপর্যয়ের চিত্র উঠে এসেছে। হিসাব অনুযায়ী, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে জিডিপিতে একক খাত হিসেবে কৃষির অবদান ৪৯.৮ শতাংশ থাকলেও বর্তমানে তা নেমে এসেছে ১২ শতাংশের কাছাকাছি। সে হিসাবে পাঁচ দশকে জিডিপিতে কৃষির অবদান ৭৪ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। তবে একই সময়ে শিল্পখাতের অবদান বেড়ে দাঁড়িয়েছে ৩৪ শতাংশে।

    সম্প্রতি প্রকাশিত এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের ‘বাংলাদেশের ব্যাল্যান্স শিট (১৯৭২-২০২৫) : পাঁচ দশকে অর্থনীতির পথ পরিক্রমা’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেন সাবেক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ।

    প্রতিবেদনের তথ্যানুযায়ী, ১৯৭২ সালে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ছিল ৪৯.৮ শতাংশ। ১৯৮০ সালে তা কমে ৪৪.২ শতাংশে, ২০০০ সালে ২৪.১ শতাংশে এবং ২০২০ সালে ১২.৮ শতাংশে দাঁড়ায়। ২০২৫ সালের প্রক্ষেপণে কৃষির অবদান দেখানো হয়েছে ১১.৪২ শতাংশ।

    একই সময়ে বেড়েছে শিল্প খাতের অবদান । ১৯৭২ সালে জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল ৯ শতাংশ। ২০০০ সালে তা বেড়ে ২৫.২ শতাংশে এবং ২০২৫ সালে ৩৪.০৩ শতাংশে পৌঁছেছে। উৎপাদন শিল্পের অবদানও বেড়েছে। ১৯৭২ সালে উৎপাদন শিল্পের অবদান ছিল ৩.১ শতাংশ, ২০২১ সালে তা ২১.৮৯ শতাংশে দাঁড়ায় এবং ২০২৫ সালের প্রক্ষেপণে ৩৭.৬৫ শতাংশ দেখানো হয়েছে।

    এশিয়াটিক সোসাইটির পর্যবেক্ষণে বলা হয়েছে, কৃষির জিডিপি অংশ কমে এলেও খাতটির গুরুত্ব কমেনি। দেশের মোট ভূমির বড় অংশ কৃষি কাজে ব্যবহৃত হয় এবং বিপুলসংখ্যক মানুষের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষিপণ্যের উৎপাদনশীলতা বাড়ানো এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তিনি কৃষকের জন্য সহজ শর্তে মূলধন, উন্নত বীজ ও সার সরবরাহ এবং উৎপাদিত পণ্যের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

    অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি রাজস্ব আহরণের দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে যে, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত দীর্ঘদিন ধরে প্রায় ৮ থেকে ১০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। ২০২৫ সালের জন্য কর-জিডিপি অনুপাত ৬.৬ শতাংশ দেখানো হয়েছে। বিপরীতে, অনেক দেশে জিডিপির অন্তত ১৫ থেকে ১৬ শতাংশ কর হিসেবে আহরণ করা হয়। এর কারণ করজালের সীমাবদ্ধতা, কর ফাঁকি, ব্যাপক কর অব্যাহতি, রাজস্ব আদায়ে জটিলতা এবং দক্ষ জনবলের ঘাটতি। এছাড়া অটোমেশনে ধীরগতি এবং আদায় করা কর যথাযথভাবে সরকারি কোষাগারে জমা না হওয়ার মতো সমস্যাও রয়েছে। অর্থনীতির আকার বাড়লেও সব যোগ্য করদাতা ও প্রযোজ্য খাত করের আওতায় না আসায় রাজস্ব আহরণ প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না।

    জিডিপি প্রবৃদ্ধির ধারায়ও ওঠানামা দেখা গেছে উল্লেখ করে এনবিআরের সাবেক এই চেয়ারম্যান জানান, ১৯৭২-১৯৮০ সময়ে বাংলাদেশের গড় বার্ষিক প্রবৃদ্ধি ছিল ২.৯৬ শতাংশ। ১৯৮১-১৯৯০ দশকে তা বেড়ে ৩.৮৪ শতাংশ, ১৯৯১-২০০০ দশকে ৪.৭৯ শতাংশ, ২০০১-২০১০ দশকে ৫.৫৮ শতাংশ এবং ২০১১-২০২০ দশকে ৬.৪৩ শতাংশে পৌঁছায়। তবে করোনা মহামারির পর ২০২১ সাল থেকে প্রবৃদ্ধি কমতে শুরু করে। সামষ্টিক অর্থনৈতিক সূচকেও প্রবৃদ্ধির পরিবর্তন হয়েছে। ২০২১ সালের জিডিপি প্রবৃদ্ধি ৭.১০ শতাংশ এবং ২০২৫ সালে তা ৩.৪৯ শতাংশ প্রক্ষেপণ করা হয়েছে। একই সময়ে মাথাপিছু মোট জাতীয় আয় ২,১৩৮ ডলার থেকে বেড়ে ২,৯১১ ডলারে পৌঁছেছে। অর্থাৎ মাথাপিছু আয় বাড়লেও প্রবৃদ্ধির গতি দুর্বল হয়েছে।

    বিশ্লেষণে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শুধু জিডিপি বা মাথাপিছু আয়ের বৃদ্ধি দিয়ে বিচার না করে আয়বণ্টন, কর্মসংস্থান, উৎপাদনশীলতা এবং জীবনযাত্রার মানের দিকেও নজর দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আয়বৈষম্য বেশি হলে প্রবৃদ্ধির সুফল সমাজের সব শ্রেণির মানুষের কাছে সমানভাবে পৌঁছায় না; ফলে দারিদ্র্য হ্রাসের গতিও বাধাগ্রস্ত হতে পারে বলে ব্যাখ্যা করা হয়েছে।

    প্রবন্ধের উপস্থাপক ড. আবদুল মজিদ তার সার্বিক পর্যবেক্ষণে বলেন, বাংলাদেশের অর্থনীতির টেকসই অগ্রগতির জন্য উৎপাদনশীল খাতের বিকাশের পাশাপাশি রাজস্ব আহরণ বাড়ানো, আর্থিক খাতের দুর্বলতা কমানো এবং নীতিগত সমন্বয় জোরদার করা প্রয়োজন। অর্থনীতির আকার বাড়ার সুফল উন্নয়ন ও জনসেবায় কাজে লাগাতে রাজস্ব ব্যবস্থাপনার কার্যকারিতা বাড়ানোও গুরুত্বপূর্ণ।

  • রাশিয়া ও কানাডা থেকে দেড় লাখ টন সার আমদানির প্রস্তাব

    রাশিয়া ও কানাডা থেকে দেড় লাখ টন সার আমদানির প্রস্তাব

    এমওপি (মিউরেট অব পটাশ) সারের সংকট এড়াতে রাশিয়া ও কানাডা থেকে জিটুজি চুক্তির আওতায় আরও দেড় লাখ মেট্রিক টন সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য এ সংক্রান্ত চারটি প্রস্তাব পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবিত চারটি সারের চালানের ক্রয় মূল্য হবে আনুমানিক প্রায় ৫৬৭ কোটি টাকা। বর্তমানে দেশে এ সারের মজুত রয়েছে ২ লাখ ৪২ হাজার ৫০০ মেট্রিক টন।

    আর চলতি অর্থবছরে চাহিদা সাড়ে ৯ লাখ মেট্রিক টন। এর বাইরে নিরাপত্তা মজুত হিসেবে আরও ৩ লাখ টন সার প্রয়োজন।

    বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জুমে ভার্চুয়ালি সন্ধায় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবে কানাডা থেকে ৮০ হাজার এবং রাশিয়া থেকে ৭০ হাজার মেট্রিক টন এমওপি সার কেনার কথা বলা হয়েছে। এর আগে মন্ত্রিসভায় ৬ লাখ টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া বেসরকারি আমদানিকারকদের ২ লাখ ৫০ হাজার টন সার আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে মোট সাড়ে ৮ লাখ টন সার আগামী ডিসেম্বরের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

    প্রস্তাব অনুযায়ী, কানাডার কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) কাছ থেকে সরকার-টু-সরকার চুক্তির আওতায় দুই চালানে ৪০ হাজার টন করে মোট ৮০ হাজার টন সার কেনা হবে। অন্যদিকে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ) থেকে দুই চালানে ৩৫ হাজার টন করে মোট ৭০ হাজার টন সার আমদানির প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে চার চালানে আমদানি করা হবে দেড় লাখ টন।

    কানাডা থেকে সপ্তম চালানের ৪০ হাজার টন সার ১ থেকে ১৫ নভেম্বরের মধ্যে জাহাজে পাঠানোর প্রস্তাব করা হয়েছে। আগে এ চালানের সার ডিসেম্বরে আনার পরিকল্পনা থাকলেও মজুত ও মাঠপর্যায়ের চাহিদা বিবেচনায় সময় এগিয়ে আনা হয়েছে। এ চালানের প্রতি টন সারের প্রস্তাবিত দাম ৩৮২ দশমিক ৩৮ মার্কিন ডলার। এতে ৪০ হাজার টন সার কিনতে ব্যয় হবে প্রায় ১৮৮ কোটি ৯০ লাখ টাকা।

    অষ্টম চালানে কানাডা থেকে আরও ৪০ হাজার টন এবং রাশিয়া থেকে নবম ও দশম চালানে ৩৫ হাজার টন করে ৭০ হাজার টন সার কেনার প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে দেড় লাখ টন সার আমদানিতে আনুমানিক ব্যয় হবে প্রায় ৫৬৭ কোটি টাকা।

    চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে ৯ লাখ ৫০ হাজার মেট্রিক টন এমওপি সারের চাহিদা বাইরে নিরাপত্তা মজুত হিসেবে আরও অতিরিক্ত ৩ লাখ টন রাখার প্রয়োজন রয়েছে বলে মনে করছে সরকার। সে হিসাবে মোট প্রয়োজন ১২ লাখ ৫০ হাজার টন। বর্তমানে মজুত রয়েছে ২ লাখ ৪২ হাজার ৫০০ টন।
    কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, আগামী নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চার মাসে এমওপি সারের চাহিদা দাঁড়াবে ৫ লাখ ৬ হাজার টন। আমদানির অনুমোদন, জাহাজে পরিবহন ও দেশের ভেতরে সরবরাহ করতে ৮০ থেকে ৯০ দিন সময় লাগে। এ কারণে আসন্ন মৌসুমে কৃষকের চাহিদা মেটানো এবং নিরাপত্তা মজুত বজায় রাখতে দ্রুত সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।

    আজকের সন্ধায় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের জন্য ৩০ কেজি ধারণ ক্ষমতার এক কোটি বস্তা কেনার প্রস্তাবও রয়েছে। ইলেকট্রনিক সরকারি ক্রয় পদ্ধতিতে (ই-জিপি) ৫০টি প্যাকেজের মাধ্যমে এসব বস্তা কেনার প্রস্তাব করা হয়েছে।

  • বৃহস্পতিবার যে এলাকায় বন্ধ থাকবে ব্যাংক

    বৃহস্পতিবার যে এলাকায় বন্ধ থাকবে ব্যাংক

    ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
    বুধবার (২৮ অক্টোবর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি)।

    সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত সাধারণ ছুটির পরিপ্রেক্ষিতে নির্বাচনি এলাকার তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বৃহস্পতিবার বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

  • নীতিমালা শিথিলের সুযোগে যেন ফের লুটপাট না হয়-অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ

    নীতিমালা শিথিলের সুযোগে যেন ফের লুটপাট না হয়-অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ

    চলমান অর্থনীতির শ্লথগতি থেকে উত্তরণে নিয়মকানুন কিছুটা শিথিল করা হলেও এর সুযোগ নিয়ে যাতে ফের লুটপাট ও অনিয়ম না হয়, তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, সৎ ও প্রকৃত উদ্যোক্তাদের চিহ্নিত করে সহায়তা দিতে হবে। এ ক্ষেত্রে পর্যাপ্ত সুরক্ষাকবচ নিশ্চিত করা জরুরি।

    বুধবার ১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর মিরপুরে নিজস্ব অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)।

    ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বর্তমানে অর্থনীতির শ্লথ গতি এবং ব্যাংক ও শিল্প খাতের তারল্য সংকট থেকে উত্তরণে অনেকেই নিয়মকানুন শিথিল করার কথা বলছেন। অতীতে ব্যাংক খাতে বিধিবিধান অতিরিক্ত শিথিল করার কারণেই বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। অসাধারণ পরিস্থিতিতে অসাধারণ পদক্ষেপ নিতে হয়। তাই সংকট উত্তরণে নিয়মকানুন কিছুটা শিথিল করা হলেও তা যেন নতুন করে লুটপাট ও অনিয়মের সুযোগ তৈরি না করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

    নির্দিষ্ট নিয়ন্ত্রণ নীতিমালা ছাড়াই বেসরকারি খাতে ব্যাংকের অনুমোদন দেওয়ার ফলে ভুল পথে যাত্রার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ১৯৮০ ও ১৯৯০-এর দশকে উদারীকরণ এবং বেসরকারি খাতে ব্যাংক প্রতিষ্ঠার সময় থেকেই আমরা নানা বিতর্ক ও অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। অতীতে কী কী ভুল করা হয়েছিল এবং সেসবের পরিণতি কী হয়েছিল, তা বর্তমান নীতিনির্ধারকদের মনে রাখতে হবে।

    বাংলাদেশের ব্যাংকিং খাতের অতীতের সংকট, সংস্কারের অভিজ্ঞতা এবং বর্তমান প্রেক্ষাপট থেকে শিক্ষা নিয়ে নতুন করে নীতিমালা প্রণয়ন করা দরকার বলে মনে করেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর পরামর্শ অন্ধভাবে অনুসরণ না করে দেশের নিজস্ব বাস্তবতা ও অভিজ্ঞতার আলোকে ব্যাংকিং খাতকে ঢেলে সাজাতে হবে।

    তিনি বলেন, প্রথমবার ঋণখেলাপির মাধ্যমে দেশের ব্যাংকিং খাতের সংস্কৃতি নষ্ট হয়েছে। দ্বিতীয়বার তা নষ্ট হয়েছে ব্যাংক লুটপাটের মাধ্যমে, যা আরও বেশি মারাত্মক।

    ব্যাংকিং খাতের উত্থান-পতনের দীর্ঘ ইতিহাস তুলে ধরে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নব্বইয়ের দশকে সংস্কারের পর বেসরকারি খাতের বেশ কয়েকটি ব্যাংক আন্তর্জাতিক মানে উন্নীত হতে পেরেছিল। কিন্তু ২০১০ সালের পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই যত্রতত্র নতুন ব্যাংকের অনুমোদন দেওয়ায় এ খাতের আবারও অবনতি ঘটে।

    তবে শুধু নীতিমালা প্রণয়নের মাধ্যমে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় বলেও মনে করেন তিনি। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শুধু আইন বা বিধিবিধান দিয়ে ব্যাংকিং খাতের শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। ব্যাংকিং, করপোরেট ও শিল্প খাতের সংশ্লিষ্ট সবার মধ্যে ন্যূনতম নৈতিকতা থাকা আবশ্যক।

    রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দীর্ঘমেয়াদি সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, অতীতে বেসরকারি ব্যাংকগুলোর অবস্থার উন্নতি হলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কার বারবার ব্যর্থ হয়েছে। রাজনৈতিক সরকারগুলোর পৃষ্ঠপোষকতার রাজনীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো অন্যায়ভাবে সুযোগ-সুবিধা বিতরণের কেন্দ্রে পরিণত হয়েছে। অর্থনীতির হৃদ্‌পিণ্ডতুল্য এই আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাব ও পৃষ্ঠপোষকতা থেকে মুক্ত রাখতে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই।

    বিআইবিএমের মহাপরিচালক ড. এজাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জাইদি সাত্তার।

    উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) চেয়ারম্যান মো. আব্দুল হাই সরকার, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর (অথবা প্রাতিষ্ঠানিক পদবি অনুযায়ী সঠিক পদ) জ্যঁ পেম।

  • রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে: বাণিজ্যমন্ত্রী

    রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে: বাণিজ্যমন্ত্রী

    আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, রমজানকে কেন্দ্র করে বাজারে পণ্যের সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, এই মুহূর্তে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

    বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমদানিকারক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

    রমজানে পণ্যের ঘাটতির আশঙ্কা নেই

    রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেল, ছোলা, ডাল ও চিনিসহ আমদানিনির্ভর পণ্যের সরবরাহ এবং আসন্ন রমজানের সম্ভাব্য চাহিদা বিবেচনায় নিয়ে সরকার পরিস্থিতি পর্যালোচনা করেছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পণ্য আমদানির পাইপলাইনে পর্যাপ্ত পরিমাণে রয়েছে।

    তিনি বলেন, ‘আমাদের পাইপলাইনে যে পরিমাণ পণ্য রয়েছে, তা বাজার স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট। রমজান কিংবা তার আগে-পরে বাজারে পণ্যের কোনো ঘাটতি তৈরি হবে না।

    তবে আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য এবং জাহাজভাড়ার ওঠানামা আমদানি ব্যয় ও দেশের বাজারে পণ্যের দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন মন্ত্রী।

    ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই

    ভোজ্যতেলের দাম সমন্বয় নিয়ে ব্যবসায়ীদের কোনো প্রস্তাব রয়েছে কি না এবং রমজানের আগে তেলের দাম বাড়ানো হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, এই মুহূর্তে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

    আন্তর্জাতিক বাজারে ছোলার দাম কিছুটা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আমদানিকারকদের সঙ্গে আলোচনা চলছে। পণ্যের সরবরাহব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার সতর্ক রয়েছে।

  • আবারো কমল সোনার দাম

    আবারো কমল সোনার দাম

    যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহারসংক্রান্ত সিদ্ধান্তের আগে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ায় বিশ্ববাজারে সোনার দাম সামান্য কমেছে।

    বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৪ মিনিটে স্পট মার্কেটে (বুলিয়ন মার্কেট) সোনার দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫.৫৯ ডলারে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সোনার দাম প্রায় ১ শতাংশ বেড়েছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের চুক্তি অনুযায়ী সোনার ফিউচার মূল্য ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭০.২০ ডলারে নেমেছে।

    সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার পর জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে।

    ক্যাপিটাল ইকোনমিকসের জলবায়ু ও পণ্যবাজারবিষয়ক অর্থনীতিবিদ হামাদ হুসেইন বলেন, তেলের দাম বৃদ্ধি এবং এর ফলে বাজারের প্রত্যাশার চেয়ে নীতিগত সুদহার বিষয়ে ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থান নেওয়ার ঝুঁকি সোনার দামের ওপর চাপ তৈরি করছে।

    জ্বালানির উচ্চমূল্য দীর্ঘ সময় সুদের হার বেশি থাকার সম্ভাবনা বাড়ায়। এতে সুদবিহীন সম্পদ হিসেবে সোনা ধরে রাখার সুযোগব্যয় বৃদ্ধি পায়, যা সোনার দামের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে।

    বুধবার গ্রিনিচমান সময় সন্ধ্যা ৬টায় সুদহারসংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করার কথা রয়েছে ফেডারেল রিজার্ভের। বাজার বিশ্লেষকদের ধারণা, এবারও নীতিগত সুদহার অপরিবর্তিত রাখতে পারে সংস্থাটি।

    তবে সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে সুদহার বাড়ানোর সম্ভাবনা ৮৪ শতাংশ ধরে লেনদেন করছেন বিনিয়োগকারীরা।

    এদিকে আগামীকাল বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) তথ্য। মূল্যস্ফীতি পরিমাপের এই সূচককে বিশেষ গুরুত্ব দেয় দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সংস্থাটির মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ।

    স্বাধীন আর্থিক বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস বলেন, পিসিইর তথ্য প্রত্যাশার তুলনায় ইতিবাচক হলে এবং ফেড বাজারের ধারণার চেয়ে কম কঠোর অবস্থান নিলে সোনার দাম আবারও বাড়তে পারে।

    মার্কিন ট্রেজারি বন্ডের উচ্চ মুনাফা, শক্তিশালী ডলার এবং দীর্ঘ সময় সুদের হার বেশি থাকার প্রত্যাশার কারণে ২০২৬ সালে সোনার সম্ভাব্য দামের পূর্বাভাস টানা দ্বিতীয় প্রান্তিকের মতো কমিয়েছেন বিশ্লেষকেরা। তবে রয়টার্সের এক জরিপে ২০২৭ সালে সোনার দাম আবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছেন তারা।

    একই জরিপে ২০২৬ সালে প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামের পূর্বাভাসও টানা তৃতীয় প্রান্তিকে কমানো হয়েছে।

    অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৪.০৪ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম ০.১ শতাংশ কমে ১ হাজার ৫৩৮.৫০ ডলারে নেমেছে। তবে প্যালাডিয়ামের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২৭.৮০ ডলারে পৌঁছেছে।

  • ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬

    ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬

    দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, নতুন আন্তর্জাতিক বাজারের সন্ধান এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে বাংলাদেশি উৎপাদক ও রপ্তানিকারকদের সংযোগ জোরদার করার লক্ষ্য নিয়ে আগামী ১৫ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬’। এবারের দ্বিতীয় আয়োজনে আগের বছরের আটটি খাতের পরিবর্তে ১২টি খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণের প্রত্যাশা করছে আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

    আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, এক্সপোর উদ্বোধন করবেন।

    ইপিবির তথ্য অনুযায়ী, গত বছর প্রথমবারের মতো এ এক্সপোর আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এবার এর পরিসর আরও বিস্তৃত করা হয়েছে। তৈরি পোশাক ও বস্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প ও পাটজাত পণ্য, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য ও কিচেনওয়্যার, আসবাব ও গৃহসজ্জা, ওষুধশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), কাগজ ও প্যাকেজিং, অটোমোবাইল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিক ও টেবিলওয়্যার—এই ১২টি খাত এবারের প্রদর্শনীতে স্থান পাচ্ছে।

    আন্তর্জাতিক ক্রেতাদের অংশগ্রহণ বাড়ানো এবং বিদেশি বাজারে বাংলাদেশের পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ইপিবি। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলরদেরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হয়েছে।

    এক্সপোকে আরও কার্যকর ও আন্তর্জাতিক বাণিজ্যিক যোগাযোগের উপযোগী করে তুলতে বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, জয়েন্ট চেম্বার, বায়ার্স ফোরাম এবং বিভিন্ন দেশের ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    এর আগে এক্সপো আয়োজনের প্রস্তুতি নিয়ে ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর সভাপতিত্বে সংশ্লিষ্ট চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আয়োজকদের প্রত্যাশা, দেশি-বিদেশি সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত অংশগ্রহণে এ আয়োজন বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নতুন গতিশীলতা আনতে সহায়ক হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রেতা ও সরবরাহকারীদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা, নতুন বাজারের সুযোগ তৈরি এবং বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনাকে বিশ্বদরবারে আরও সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬’।

    ধারাবাহিকভাবে এ আয়োজন সফল করা গেলে ভবিষ্যতে বৈশ্বিক সোর্সিং কার্যক্রমে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো।

  • রমজানের আগেই ভোজ্যতেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা

    রমজানের আগেই ভোজ্যতেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা

    আন্তর্জাতিক বাজারে দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে রমজানের আগেই ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে খেজুর আমদানিতে শুল্ক ছাড় চেয়েছেন আমদানিকারকেরা।

    সোমবার পবিত্র রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি প্রস্তুতি, সরবরাহসংক্রান্ত সমস্যা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরা হয়।

    তবে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাবের বিষয়ে মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেয়নি। অন্যদিকে খেজুর আমদানিতে শুল্ক ছাড়ের বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

    আমদানিকারকদের হিসাবে, বর্তমানে খেজুর আমদানিতে প্রায় ৫৫ শতাংশ শুল্ক ও কর দিতে হয়। তাদের দাবি, উচ্চ শুল্কায়নমূল্য ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে খেজুর আমদানির খরচ আরও বেড়ে যাচ্ছে।

    আমদানিকারকেরা জানান, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণে পণ্য পরিবহন জটিল হয়ে পড়েছে। বিকল্প পথে পণ্য আনতে হওয়ায় পরিবহন ও সরবরাহ ব্যয় বেড়েছে। পাশাপাশি ঋণপত্র (এলসি) খুলতে জটিলতা অব্যাহত থাকলে পণ্য সরবরাহ আরও ব্যাহত হতে পারে।

    বাণিজ্যমন্ত্রী খেজুরের জাত, মান ও দামের পার্থক্য বিবেচনায় নিয়ে স্বচ্ছ ও যৌক্তিক শুল্ক কাঠামো নির্ধারণের আহ্বান জানান।

    তিনি বলেন, মিসর, সৌদি আরব, ইরাক ও আলজেরিয়াসহ প্রায় এক ডজন দেশ থেকে বাংলাদেশে বিভিন্ন মানের খেজুর আমদানি করা হয়। এসব খেজুরের ক্ষেত্রে একই শুল্কায়নমূল্য নির্ধারণ করা হলে জটিলতা তৈরি হতে পারে।

    আমদানিকারকেরা নির্ধারিত শুল্কায়নমূল্যের পরিবর্তে খেজুরের প্রকৃত মান ও দামের ভিত্তিতে শুল্ক নির্ধারণের দাবি জানান। তাদের মতে, সাধারণ মানের খেজুরের প্রকৃত দামের চেয়ে বেশি শুল্কায়নমূল্য নির্ধারণ করায় শুল্কের পরিমাণ ও সামগ্রিক আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে।

    পাশাপাশি ফল আমদানিতে আরও নমনীয় করব্যবস্থা চালুর দাবি জানান তারা। আমদানিকারকদের যুক্তি, উচ্চ শুল্কের কারণে ফলের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

    আমদানি শুল্ক নির্ধারণের দায়িত্ব এনবিআরের হলেও এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন বলে বৈঠকে আলোচনা হয়।

    বৈঠকে খেজুর আমদানিতে বিদ্যমান শুল্ক ছাড়ের সুবিধা দ্রুত কার্যকর করার বিষয়েও আলোচনা হয়। কর্মকর্তারা জানান, এ-সংক্রান্ত অভ্যন্তরীণ প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

    আমদানিকারকদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    রমজান সামনে রেখে আমদানি বেড়েছে

    পবিত্র রমজান সামনে রেখে ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বেড়েছে। এ অবস্থায় বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সময়মতো প্রয়োজনীয় পণ্য আমদানির আহ্বান জানিয়েছে সরকার।

    বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপস্থাপিত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

    এ সময়ে মোট ভোজ্যতেল আমদানি হয়েছে ৮ লাখ ২৩ হাজার টন, যা গত বছরের একই সময়ের ৭ লাখ ৫ হাজার টনের তুলনায় ১ লাখ ১৮ হাজার টন বেশি।

    ভোজ্যতেল আমদানির জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ৫ হাজার টনের, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৩১ হাজার টন বেশি।

    চিনি আমদানি হয়েছে ৬ লাখ ৮৭ হাজার টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি। এ সময়ে চিনি আমদানির জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ১০ হাজার টনের।

    রমজানে ইফতারের অন্যতম প্রধান উপকরণ ছোলার আমদানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি অর্থবছরের ২৫ অক্টোবর পর্যন্ত ছোলা আমদানি হয়েছে ৮২ হাজার টন। গত বছরের একই সময়ে আমদানি হয়েছিল ১২ হাজার টন। অর্থাৎ আমদানি বেড়েছে ৭০ হাজার টন। এ সময়ে ছোলা আমদানির জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ৩৮ হাজার টনের।

    অন্যদিকে মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬৪ হাজার টন বেশি। মসুর ডাল আমদানির জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ১৪ হাজার টনের।

    এ সময়ে খেজুর আমদানি হয়েছে ১১ হাজার টন। গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৪ হাজার টন।

    বৈঠকে ব্যবসায়ীদের সময়মতো পণ্য আমদানি ও বাজারে সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেওয়া হয়।

    বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রমজানে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা, খেজুর, মুরগি ও ডিমের চাহিদা স্বাভাবিক মাসের তুলনায় দ্বিগুণ হয়ে যায়।

    তিনি বলেন, এ জন্য আগাম প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের আমদানির প্রস্তুতি ও কোনো সমস্যা রয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছে।

    বড় ব্যবসায়ীদের কারণে সংকটে ছোট ডাল মিলগুলো

    ব্যবসায়ীরা মন্ত্রণালয়কে জানিয়েছেন, রমজানে ছোলা ও মসুর ডালের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম স্থিতিশীল রাখতে তারা প্রস্তুত রয়েছেন। তবে ছোট ডাল মিলগুলোর ব্যবসা পরিচালনায় নানা সমস্যার কথাও বৈঠকে উঠে এসেছে।

    বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী নেসার উদ্দিন বলেন, বাণিজ্য মন্ত্রণালয় চায় রমজানে ছোলা ও মসুর ডালের সরবরাহ ও দাম স্বাভাবিক থাকুক। ব্যবসায়ীদের পক্ষ থেকে স্বাভাবিকভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার প্রস্তুতির কথা মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

    তিনি বলেন, কিন্তু সমস্যা অন্য জায়গায়। দেশে ছোলার চাহিদা সম্পূর্ণ আমদানিনির্ভর। আর ডালের চাহিদার প্রায় ৮০ শতাংশ আমদানি করতে হয়। বড় ব্যবসায়ীদের কারণে সাধারণ ডাল মিলগুলো এখন আর ব্যবসা করতে পারছে না। বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়কে বুঝতে হবে।

    হাজী নেসার উদ্দিন আরও জানান, বৈঠকে খেজুর ব্যবসায়ীরা আমদানি পর্যায়ে শুল্ক কমানোর দাবি জানিয়েছেন।

    এদিকে বৈঠকের আলোচনা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সচিব মো. নুরুল ইসলাম মোল্লা কোনো মন্তব্য করতে চাননি।

    রমজানে ডিম-মুরগির সরবরাহ স্বাভাবিক থাকার প্রত্যাশা

    বৈঠকে পোল্ট্রি খাতের প্রতিনিধিরা জানান, বর্তমানে ডিম ও মুরগির উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    খামার পর্যায়ে ডিমের দাম কিছুদিন আগের প্রতি পিস সাড়ে ১১ টাকা থেকে কমে ১০ টাকার নিচে নেমেছে, যা উৎপাদন খরচের কাছাকাছি। খামারগুলোতে রোগবালাইয়ের উল্লেখযোগ্য প্রকোপ না থাকায় উৎপাদন ও সরবরাহে বড় ধরনের ঘাটতির আশঙ্কা নেই বলে জানান তারা।

    প্রতিনিধিদের মতে, রমজানে সকালের নাশতার ধরনে পরিবর্তন আসায় ডিমের চাহিদা কিছুটা কমতে পারে। তবে ঈদের পর মুরগির চাহিদা বাড়তে পারে, যার প্রভাব বাজারদরে পড়তে পারে।

    তারা আরও জানান, বিদ্যমান আমদানি নীতি অনুযায়ী সরকারের বিশেষ অনুমতি ছাড়া ডিম ও মাংস আমদানি করা যায় না।

    আন্তর্জাতিক বাজার ও শুল্ক পরিস্থিতি পর্যবেক্ষণ

    বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পর্যালোচনায় বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেল ও ছোলার দাম কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও মসুর ডালের দাম কমেছে।

    এ অবস্থায় আন্তর্জাতিক বাজারের মূল্য পরিস্থিতি, আমদানি ব্যয় ও স্থানীয় বাজারে পণ্যের সরবরাহের ওপর নজর রাখা প্রয়োজন বলে বৈঠকে আলোচনা হয়।

  • পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবি

    পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবি

    পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা বা ৩০০ ডলার নির্ধারণের দাবি জানিয়েছে চারটি জোটের ৩৫টি শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে ২০২৬-২০২৯ মেয়াদে তিন বছরের জন্য নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং সেখানে প্রকৃত শ্রমিক প্রতিনিধিকে সদস্য করার আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।

    সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

    এ সময় গার্মেন্টস শিল্প খাতে ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং জীবনযাত্রার ব্যয় ও পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মজুরি কাঠামো ঘোষণার দাবি তোলা হয়।

    শ্রমিক-কর্মচারী ঐক্যজোটের জ্যেষ্ঠ নেতা শাহ মো. আবু জাফরের সভাপতিত্বে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের অন্যতম নেতা খালেকুজ্জামান লিপন।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৬ থেকে ২০২৯ মেয়াদের জন্য তিন বছরের একটি নতুন মজুরি কাঠামোর প্রস্তাব করা হয়েছে। এতে আগের গ্রেড প্রথা পুনর্বিন্যাস করে চারটি গ্রেড নির্ধারণ, মূল মজুরির ওপর ৫০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, খাদ্য ও শিক্ষা সহায়ক ভাতা এবং ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের প্রস্তাব রাখা হয়েছে।

    প্রস্তাব অনুযায়ী, গ্রেড-১-এর শ্রমিকদের মূল মজুরি ৩৫ হাজার টাকা এবং ভাতাসহ মোট মজুরি ৫৮ হাজার ৫০০ টাকা।

    গ্রেড-২-এ মূল মজুরি ৩০ হাজার ও মোট মজুরি ৫১ হাজার টাকা।

    গ্রেড-৩-এ মূল মজুরি ২৫ হাজার ও মোট মজুরি ৪৩ হাজার ৫০০ টাকা। আর সর্বনিম্ন গ্রেড-৪-এ মূল মজুরি ২০ হাজার ৭৫০ টাকা এবং ভাতাসহ মোট মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে বলা হয়, একজন গার্মেন্টস শ্রমিকের দৈনিক প্রায় ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার কিলোক্যালরি শক্তির প্রয়োজন হয়।

    চাল, ডাল, তেল, ডিম, মাছ, শাকসবজি ও রান্নার খরচসহ দৈনিক খাবারের ব্যয় প্রায় ২৯৬ টাকা ৫০ পয়সা। চার সদস্যের পরিবারের ন্যূনতম খাদ্য ব্যয় মাসে প্রায় ৩৫ হাজার ৫৮০ টাকা।

    শ্রমিক নেতারা বলেন, পুষ্টিবিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, চর্বি ও প্রোটিনের পাশাপাশি ভিটামিন ও খনিজ পদার্থ থাকা জরুরি। চার সদস্যের পরিবারের জন্য পুষ্টিমানসম্পন্ন খাবারের ব্যয় আরও বেশি। এসব বিবেচনায় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কোনোভাবেই ৩৭ হাজার ১২৫ টাকা বা ৩০০ ডলারের নিচে হওয়া উচিত নয়।

    নাহিদুল ইসলাম নয়নের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন প্রবীণ শ্রমিক নেতা আবুল হোসাইন, নাঈমুল আহসান জুয়েল, লাভলী ইয়াসমিন ও বাচ্চু মিয়াসহ অনেকে।

  • আগামী ৭ নভেম্বর বন্ধ থাকবে ব্যাংক

    আগামী ৭ নভেম্বর বন্ধ থাকবে ব্যাংক

    আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

    বাংলাদেশ ব্যাংক গতকাল ২৬ অক্টোবর এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করেছে।

    সার্কুলার লেটারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।