রাজনীতি

  • জুলাই সনদের দাবিতে শাহবাগে অবরোধ

    জুলাই সনদের দাবিতে শাহবাগে অবরোধ

    জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

    অবরোধের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান রয়েছেন। এর আগে সকাল থেকে শাহবাগে জড়ো হয় তারা।

    এদিকে বৃহস্পতিবারের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। তবে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা এখনো শেষ হয়নি।

    জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে আপত্তির কথা জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলগুলো বলছে, জুলাই সনদকে একটি আইনি কাঠামোর মধ্যে এনে তা বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। না হলে পুরো সংস্কারপ্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। তবে এ খসড়ার সঙ্গে মোটামুটি একমত বিএনপি।

  • জামায়াত আমিরের হার্টে একাধিক ব্লক! দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

    জামায়াত আমিরের হার্টে একাধিক ব্লক! দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

    বাংলাদশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারীর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। জামায়াত আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুইবার মঞ্চে পড়ে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। পরে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওইদিন রাতেই বাসায় ফেরেন তিনি।

    নজরুল ইসলাম জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বুধবার সকাল ১১ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন জামায়াত আমির। সেখানে বিকাল চারটার দিকে এনজিওগ্রাম করা হয়। কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। সেই প্রস্তুতি চলছে।

    জানা গেছে, জামায়াত আমিরের হার্টে ব্লক ধরা পড়ার খবরে তার পরিবার ও দলীয় নেতাদের মাঝে উদ্বেগ দেখা দেয়। তাকে বিদেশে চিকিৎসার জন্যও পরামর্শ দেয়া হয় দলের পক্ষ থেকে। তবে জামায়াত আমির দেশেই চিকিৎসার নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। দ্রুত সুস্থতায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

  • চৌগাছায় জামায়াতের মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

    চৌগাছায় জামায়াতের মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

    যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা পৌরসভা ও দশটি ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে । কেন্দ্র ও জেলা সংগঠনের অনুমোদনের পর বুধবার প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ।

    যাদেরকে প্রার্থী করা হয়েছে তারা হলেন, চৌগাছা পৌরসভার মেয়র পদে সাবেক প্যানেল মেয়র ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ। ফুলসারা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী করা হয়েছে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম কে। পাশাপোল ইউনিয়নে প্রার্থী করা হয়েছে ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদেরকে। সিংহঝুলি ইউনিয়নে প্রার্থী করা হয়েছে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাংবাদিক রহিদুল ইসলাম খান কে। ধুলিয়ানী ইউনিয়নে প্রার্থী করা হয়েছে ইউনিয়ন জামায়াতের সভাপতি রোকনুজ্জামানকে। জগদীশপুর ইউনিয়নে প্রার্থী করা হয়েছে ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমানকে। পাতিবিলা ইউনিয়নে প্রার্থী করা হয়েছে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম কে। হাকিমপুর ইউনিয়নের প্রার্থী করা হয়েছে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ মাওলানা আমিন উদ্দিন খানকে। স্বরুপদাহ ইউনিয়নের প্রার্থী করা হয়েছে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা গিয়াস উদ্দিনকে। নারায়ণপুর ইউনিয়নের প্রার্থী করা হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তুহিনুর রহমানকে এবং সুখপুকুরিয়া ইউনিয়নের প্রার্থী করা হয়েছে ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আলিম কে।

    কেবলমাত্র চৌগাছা ইউনিয়নে প্রার্থী হিসেবে কারো নাম ঘোষণা করা হয়নি।

    প্রার্থী ঘোষণার ব্যাপারে জানতে চাইলে উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ বলেন, আগামী স্থানীয় নির্বাচনে আমরা সকল ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। একটা ইউনিয়ন বাদে বাকি ১০ টা ইউনিয়ন ও চৌগাছা পৌরসভার মেয়র পদে আমরা প্রার্থী ঘোষণা করেছি। পরবর্তীতে চৌগাছা ইউনিয়নসহ সকল ইউনিয়নের মেম্মার প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।

    এদিকে প্রার্থীদের নাম ঘোষণার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা জেগে উঠেছে বলে জামায়াতের একাধিক সুত্র নিশ্চিত করেছে।

  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট- ইসি

    চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট- ইসি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১শে আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ কথা জানিয়েছেন।

    তিনি বলেন, আগামী ১০ই আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর যাচাই বাছাই শেষে ৩১শে আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

    এর আগে গত ২১শে জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছিলেন।

    এছাড়া ভোটারের তালিকায় এবার ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

  • চৌগাছা প্রেসক্লাবের উন্নয়নে  জামায়াতের অনুদান 

    চৌগাছা প্রেসক্লাবের উন্নয়নে  জামায়াতের অনুদান 

    চৌগাছা প্রতিনিধি

    যশোরের চৌগাছা প্রেসক্লাবের সংস্কার ও উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান করেছে উপজেলা জামায়াত। এ উপলক্ষে ক্লাবের অস্থায়ী অফিসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

    সভায় প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাও গোলাম মোরশেদ।

    প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ, বায়তুল মাল সম্পাদক মাষ্টার ইমদাদুল হক, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য সামছুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ সভাপতি রহিদুল ইসলাম খান প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ রহিম, আসাদুজ্জামান মুক্ত, বাবুল আক্তার, শফিকুল ইসলাম, রায়হান হোসেন, কালিমুল্লাহ সিদ্দিকী, শ্যামল কুমার দত্ত, আবু হানিফ, আব্দুল মান্নান, আজম আশরাফুল, ফয়সাল হোসেন মাও : ফখরুল ইসলামসহ প্রেসক্লাব চৌগাছার সদস্যরা। আলোচনা শেষে জামায়াত নেতৃবৃন্দ প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে চৌগাছার নেতৃবৃন্দের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন।

  • প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে; চরমোনাই পীর

    প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে; চরমোনাই পীর

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে,এটা শোনার পর তাদের ঘুম হচ্ছেনা। তারা অস্থির হয়ে পড়েছেন। ফ্যাসিষ্ট হাসিনা ৩ ঘন্টা আগেও জানতো না দেশ থেকে পালাতে হবে। আল্লাহ যখন এত বড় শক্তিশালী খুনিকে দেশ ছাড়া করিয়ে এদেশ স্বাধীন করিয়েছেন, তখন আরেক ফ্যাসিষ্ট আসবে, খুনি আসবে, টাকা পাচারকারী আসবে, আমাদের মনে হয় আল্লার রহমতে এটা হবে না। তিনি বলেন, দৃশ্যমান খুনি জালেম টাকা পাচারকারীদের বিচার হতে হবে। এর পরে প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে।

    (২৮ জুলাই) সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা টাউনহল ফুটবল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বর্ক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতার পক্ষে কথা বলে। খুনি চাঁদাবাজদের,বিদেশে টাকা পাচারকারীদের সিঁড়ি হিসেবে কখনো ব্যবহার হয়নি।

    একটি দলের কিছু ব্যক্তির কাছে এ দেশ এক প্রকার জিম্মি অবস্থায় ছিল। দেশ সুন্দর করার চেষ্টা থাকলেও তাদের কারনে সুন্দর করার পরিবেশ তৈরী হয়নি। ৫ আগস্টের পরে পরিবেশ তৈরী হয়েছে। বিগত দিনে নিজের এবং দলের স্বার্থে সংবিধান পরিবর্তন করেছে। এজন্য কোনো দলের স্বার্থে বিবেচনা না করে দেশের স্বার্থ বিবেচনা করে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন।

    সেই নির্বাচন পদ্ধতির পরিবর্তন হলো পিআর সিস্টেমে নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটারদের মূল্যায়ণ হবে। আর বার বার চেষ্টা করেও ফ্যাসিষ্টরা ঘুরে দাড়ানোর সুযোগ পাবেনা। যারা এক সময় নিজের এবং দলের স্বার্থকে অগ্রাধীকার দিয়ে দেশের স্বার্থ ভুলন্ঠিত করেছে তারা এই পিআর পদ্ধতি বোঝে না। তারা বলে পিআর পদ্ধতি খাই না মাথায় দেয়? আমরা বলবো পিআর পদ্ধতি খাইও না মাথায়ও দেয়না। পিআর পদ্ধতির মাধ্যমে এ দেশ সুন্দর হবে মানবতার কল্যাণ হবে মানুষের অধিকার বাস্তবায়ন হবে। যারা পিআর পদ্ধতি বোঝেন না তাদের উদ্দেশ্যে বলি, দলের দিকে তাকিয়ে কথা বলেন। পিআর পদ্ধতিতে ভোট হলে হাজার হাজার ভাইকে মিথ্যা মামলায় দমন করা যাবে না । তিনি বলেন, এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশে সুন্দর করার দায়িত্ব আমাদের। চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবেনা। আমাদের দেশের টাকা বিদেশে পাচার করতে দেয়া যাবে না।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুহাম্মাদ হাসানুজ্জামান সজিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় যুগ্ম- মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমিন, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা জেলার খেলাফত মজলিসের সভাপতি মুফতি সোয়াইব হোসাইন কাসেমী, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বকারী খাজা আমিরুল বাশার বিপ্লব, জাতীয় শিক্ষক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান রনি ও হেফাজত ইসলাম বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান গওহরী প্রমুখ।

  • কোটচাঁদপুরে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

    কোটচাঁদপুরে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

    কোটচাঁদপুর প্রতিনিধি

    ঝিনাইদহের কোটচাঁদপুরে জুলাই গণহত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগেে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    “জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ( জুলাই দ্রোহ)-এই স্লোগান লেখা ব্যানার হাতে নিয়ে মিছিলটি বলুহর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে হাসপাতাল রোড, ব্রীজঘাট মোড়, পায়রা চত্বর, পৌর পাঠাগার, পোস্ট অফিস মোড় হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেইন স্ট্যান্ডে শেষে হয়। এতে অংশ নেন ইসলামী ছাত্রশিবিরের কোটচাঁদপুর উপজেলা শাখার শতশত নেতাকর্মী।

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবিরের জেলা সেক্রেটারি উবাইদুর রহমান । তিনি বলেন, “জুলাই মাসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা চালানো হয়েছিল। আজও সে হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

    উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক রিয়াজুল ইসলাম, সাবেক উপজেলা সভাপতি শফিক হাসান, উপজেলা সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম।

  • কোটচাঁদপুরে পৌর জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ

    কোটচাঁদপুরে পৌর জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ

    কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

    ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    “সত্য সমাগত মিথ্যা বিতাড়িত, সত্যের জয় অবশ্যম্ভাবী” পবিত্র কোরআনের এ বাণীকে সামনে রেখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

    বুধবার (২৩জুলাই) রাত ৯ টায় স্থানীয় আল ফালাহ ইসলামি সেন্টারে পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম সমাবেশে সভাপতিত্ব করেন। পৌর জামায়াতের সেক্রেটারি মাহফুজুল হক মিন্টুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে হলে কোরানের শাসন কায়েম করতে হবে। কল্যাণ মূলক দেশ গঠনে সকলের অগ্রণী ভুমিকা পালন করার আহবান জানান তিনি।

    এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোটচাঁদপুর উপজেলা সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম, ওয়ার্ড দ্বায়িত্বশীল মাওলানা শহিদুল ইসলাম, শাহাবুদ্দিন শাবু, বাবলু মিয়া প্রমুখ।

    সমাবেশ শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক মতিয়ার রহমান।

  • চৌগাছায় জুলাই শহীদ আল আমিনের পরিবারকে আরও এক লাখ টাকা দিলো জামায়াত

    চৌগাছায় জুলাই শহীদ আল আমিনের পরিবারকে আরও এক লাখ টাকা দিলো জামায়াত

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    ২০২৪ সালের জুলাই বিপ্লবে চৌগাছার একমাত্র শ’হিদ আল্ আমিনের পরিবারকে ঘর নির্মাণে আরও এক লাখ টাকা দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    বৃহস্পতিবার বিকেল ৩টায় আল আমিনের বাড়িতে এই টাকা প্রদান করা হয়।

    যশোর জেলা জামায়াতের আমিরের পক্ষে আল আমিনের বাবা আনোয়ার হোসেন বাবুর হাতে তাদের ঘর নির্মাণের জন্য আরও এক লক্ষ টাকা তুলে দেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী। এর আগে যশোরে এক অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আল আমিনের বাবা আনোয়ার হোসেনের হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন। পরে বিভিন্ন সময়ে উপজেলা জামায়াতের পক্ষ থেকে আরও কিছু টাকা দেয়া হয়।

    টাকা প্রদানের আগে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা জামায়াতের এই সেক্রেটারি বলেন আমরা সব সময় আল আমিনের পরিবারের পাশে আছি। আল আমিন যেন শাহাতদের মর্যাদা পান সেই দোয়া করে তিনি বলেন, আল আমিনের পরিবারের ক্ষতিপূরণ দেয়ার কোন ক্ষমতা আমাদের নেই। আমারা শুধুমাত্র সামাজিক কাজের অংশ হিসেবে এই পরিবারের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।

    উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা জামায়তের আমির মাওলানা গোলাম মোর্শেদ। এসময় অন্যান্যের মধ্যে পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, ফুলসারা ইউনিয়ন জামায়াতের সভাপতি শরিফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার এনামুল হক, শ্রমিক নেতা আহসান হাবিব, সিংহঝুলী ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি জিকো খান, সিংহঝুলী ইউনিয়ন শ্রমিক বিভাগের সভাপতি আবু বকর সিদ্দিকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • জাতীয় সমাবেশ সফল করতে চৌগাছায় জামায়াতের মিছিল

    জাতীয় সমাবেশ সফল করতে চৌগাছায় জামায়াতের মিছিল

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের চৌগাছা উপজেলা শাখা।

    ৬ জুলাই বুধবার বিকেলে শহরের কামিল মাদ্রাসা মাঠ থেকে থেকে মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কামিল মাদরাসা মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুজ্জামান আল মামুন, বায়তুলমাল সম্পাদক মাষ্টার ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দীন, সাবেক চেয়ারম্যান চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা আব্দুল লতিফ, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, সাবেক কাউন্সিলর মহিউদ্দীন, আব্দুর রহমান, হাসানুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়াার্দী উদ্যানে সমাবেশে যোগ দিয়ে সমাবেশকে সফল করার আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কা জনগণের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।

  • গোপালগঞ্জে হামলার প্রতিবাদে যশোরে সড়ক অবরোধ, আল্টিমেটাম

    গোপালগঞ্জে হামলার প্রতিবাদে যশোরে সড়ক অবরোধ, আল্টিমেটাম

    যশোর প্রতিনিধি
    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে যশোরের চাঁচড়া মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন এনসিপির নেতাকর্মীরা।
    বুধবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে দলের নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। তারা তিন দফা দাবি উত্থাপন করেন। বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ জুয়েল বলেন, আমাদের তিন দফা দাবি
    অবিলম্বে মানতে হবে। গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করতে হবে, পুলিশি ব্যবস্থার সংস্কার করতে হবে এবং গোপালগঞ্জের ডিসি ও এসপিকে ২৪ ঘণ্টার মধ্যে
    প্রত্যাহার করতে হবে।
    তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে প্রতিহত করার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। জুলাই আন্দোলনের সহযোদ্ধা আমাদের কর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যদি আমাদের ভাইদের কোনো ক্ষতি হয়, তাহলে আমরা পুরো দেশ অচল করে দেবো। তাঁরা আহত নেতাকর্মীদের দ্রুত ও নিরাপদে উদ্ধারেরও দাবি জানান।
    সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সংগঠক নুরুজ্জামান, আল মামুন লিখন, বায়োজিত হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন সাকিব হোসেন, মোহাম্মদ ইবনে সাহাদ, ওসমান গণি, সাইদ সান, সোহানুর রহমান, মিনহাজ, সুলতানা খাতুন জান্নাত, ফারহিন আহমেদ, আসমা ইসলাম, রুবাইয়াসহ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নেতৃত্ব দেয়া নেতৃবৃন্দ।

  • মেহেরপুরে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা

    মেহেরপুরে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা

    মেহেরপুর প্রতিনিধি

    বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর-১ ও ২ আসনের নির্বাচনী দায়িত্বশীলদের প্রশিক্ষন কর্মশালা মেহেরপুর জেলা শাখার আয়োজনে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেনের পরিচালনায় সভাপতিত্ব করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মেহেরপুর জেলা আমীর মাওঃ তাজউদ্দীন খান। প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতের যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ডঃ আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২আসনের সংসদ সদস্য প্রার্থী ও চুয়াডঙ্গা জেলা আমীর এ্যাডঃ রুহুল আমিন। আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওঃ মাহাবুবু-উল আলম, মেহেরপুর জেলা নির্বাচন পরিচালক জারজিস হুসাইন, মেহেরপুর-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নাজমুল হুদা, মেহেরপুর-১ আসন নির্বাচনী কমিটির সদস্য সচিব খাইরুল বাসার, জেলা রাজনৈতিক সেক্রেটারী কাজী রুহুল আমীন, শ্রমিকল্যান ফেডারেশন মেহেরপুর জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, মেহেরপুর সদর জামায়াত আমীর মাও, সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাও, খানজাহান আলী,মেহেরপুর পৌর জামায়াত আমীর সোহেল রানা ডলার, গাংনী উপজেলা জামায়াত আমীর ডাঃ রবিউল ইসলাম, গাংনী পৌর জামায়াতের আমীর আহসান উল্লাহ প্রমুখ।

  • চৌগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ মিছিল

    চৌগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ মিছিল

    চৌগাছা (যশোর) প্রতিনিধি

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হামলার প্রতিবাদে যশোরের চৌগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদ মিছিল করেছে।

    ১৬ জুলাই বুধবার সন্ধ্যায় চৌগাছা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র নেতা রাশেদুল ইসলাম রিতম এর নেতৃতে চৌগাছা প্রেসক্লাব মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    মিছিলে অংশগ্রহণ করেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চৌগাছা উপজেলা সাধারণ সম্পাদক মুফতি শিহাব উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুরাইরা বিন লাম, মাহিন, সাকিনুর রহমান শুভ, ফজলুর রহমান রাব্বি, ইসরাত হামদা কুয়াশা, রিফাত আহমেদ, নিহাল আহমেদ, সম্রাট শাকিল হোসেন, সাগর আহমেদ, আজিজুর রহমান, মাহাফুজ আলম, ইয়াসিন আরাফাতসহ সাধারণ ছাত্ররা।

    মিছিল শেষে প্রেসক্লাব মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে।

    উল্লেখ্য সারা দেশে পথযাত্রার অংশ হিসেবে ১৬ জুলাই দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওয়ানা দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে তাঁদের ওপর হামলা চালায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। বেলা ৩টায় মাদারীপুরে এনসিপির সমাবেশের কথা থাকলেও হামলার কারণে তাদের সমাবেশ অনুষ্ঠিত হয়নি।

  • চৌগাছায় জুলাই বিপ্লবের শহীদ আলামিনের পরিবারের সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

    চৌগাছায় জুলাই বিপ্লবের শহীদ আলামিনের পরিবারের সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

    চৌগাছা প্রতিনিধি

    যশোরের চৌগাছায় জুলাই আন্দোলনের শহীদ আলামিনের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন যশোর জেলা জামায়াতের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে সাক্ষাৎ শেষে পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে নিয়ে আলামিনের কবর জিয়ারত করেন জামায়াত নেতৃবৃন্দ।

    জানাযায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ আলামিনের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। এসময় উপস্থিত ছিলেন,
    শহীদ আলামিনের গর্বিত পিতা আনোয়ার হোসেন বাবু, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হোসেন, অধ্যাপক গোলাম কুদ্দুস, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাও. গোলাম মোরশেদ, সেক্রেটারি মাও নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, শুরা সদস্য ও সাবেক চেয়ারম্যান মাও আব্দুল লতিফ, ফুলসারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও. শরিফুল ইসলাম,সেক্রেটারি মাষ্টার এনামুল হক, সাবেক সভাপতি ও ইউপি সদস্য তোফাজ্জেল হোসেন জামায়াত নেতা মাসুদ, মাসুম,হাবিবুর রহমান,মাও ফকরুল ইসলাম, ফয়সাল আহমেদ, মোহাম্মদ আলী, আলমগীর কামাল, সাইফুল ইসলামসহ আলামিনের পরিবারে সদস্য ও স্থানীয়রা।

    উল্লেখ্য, চৌগাছার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আনোয়ার হোসেন বাবুর ছেলে আল আমিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দাবি আদায়ে বরিশালের রাজপথে তিনিও ছিলেন সরব। ১৮ জুলাই রাতে আল আমিনের ঘরে আগুন ধরিয়ে দেয় দূবত্তিরা। আগুনে ঝলসে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বরিশাল মেডিকেল এবং পরবর্তীতে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। অবশেষে ১৫ আগস্ট মৃত্যু বরণ করেন।