জামালপুর

Jamalpur district

  • বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ আটক ৫

    বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ আটক ৫

    বিডি গ্লোবাল ডেস্ক,

    জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) বিশেষ অভিযানে ২১৭ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

    রোববার (২৫ অক্টোবর) দুপুরে আটক পাঁচজনকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়।

    এর আগে, শনিবার (২৪ অক্টোবর) রাতে ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া ও লাউচাপড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটক পাঁচজন হলেন— ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণবপাড়ার সুজাত মিয়া (৩৭) ও মো: সিফাত (২০), গাজীপুরের মো: রুবেল মিয়া (২৭) ও নিলক্ষিয়া মির্ধাপাড়ার মো: ফুরকান হোসেন (১৯)।

    ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৈষ্ণবপাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে ছাত্রদল নেতা আমান উল্লাহ উদয়কে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ। যার আনুমানিক মূল্য ছয় লাখ ৭৩ হাজার টাকা। এছাড়া ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

    জামালপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোসা: ফারহানা ইয়াসমিন জানান, মাদক কারবারিতে জড়িত ব্যক্তিরা যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। এ,আর

  • মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট, ৫ দিন পর যুবকের মৃত্যু

    মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট, ৫ দিন পর যুবকের মৃত্যু

    বিডি গ্লো্বাল ডেস্ক,

    জামালপুরের মাদারগঞ্জে গাছে উঠে চালতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ তাওহীদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    পাঁচ দিন মৃত্যুর সাথে লড়াই করে রোববার (২৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহত তাওহীদ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মিলন বাজার এলাকার নুরনবীর ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে আচার তৈরির জন্য চালতা সংগ্রহ করতে কড়ইচড়া ইউনিয়নের ছালাবান্দা এলাকায় যান তাওহীদ। সেখানে একটি গাছে উঠে চালতা পাড়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

    পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর আজ রোববার ভোরে তার মৃত্যু হয়।

    নিহতের আত্মীয় শফিকুল ইসলাম ছিবল ও সালাউদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাওহীদের শরীরের অধিকাংশ পুড়ে যায়। তাকে প্রথমে মাদারগঞ্জ, পরে জামালপুর হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    রোববার বিকেলে ঢাকা থেকে তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে দাফনের প্রস্তুতি নেয়া হয়।

    একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েন তাওহীদের বাবা নুরনবী। তিনি বলেন, ‘আমার ছেলে চালতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছিল। ছেলেকে বাঁচানোর জন্য আমরা প্রথমে মাদারগঞ্জ, পরে জামালপুর হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পাঁচ দিন ধরে চিকিৎসা করিয়েও তাকে বাঁচাতে পারলাম না। আমার ছেলেকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। যারা আমার ছেলেকে ভালো হতে দেখার আশা করেছিলেন, তাদের সবার কাছে দোয়া চাই।’

    মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীস রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ নেয়ার আবেদন করা হয়। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ,আর

  • বকশীগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

    বকশীগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

    বিডি গ্লোবাল ডেস্ক,

    জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদীতে ডুবে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

    শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শিশুটি তার ফুফুর সাথে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদীতে কাপড় ধুতে যায়। এ সময় অসাবধানতাবশত সে নদীর পানিতে ডুবে যায়। শিশুটিকে পানিতে ভেসে উঠতে না দেখে তার ফুফু চিৎকার শুরু করেন।

    পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেলা ১২টার দিকে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

    বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ,আর

  • মরিচগাছ অজ্ঞাত রোগে মরছে

    মরিচগাছ অজ্ঞাত রোগে মরছে

    জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অজ্ঞাত রোগে মরিচগাছ মরে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বিনোদটঙ্গী এলাকায় প্রায় পাঁচ একর জমির মরিচখেতে এ সমস্যা দেখা দিয়েছে। গাছে মরিচ ধরতে শুরু করলেও একের পর এক গাছের ডালপালা শুকিয়ে মরে যাচ্ছে গাছ। বিভিন্ন ধরনের সার ও কীটনাশক প্রয়োগ করেও গাছ রক্ষা করতে পারছেন না কৃষকেরা।

    তাদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত খেত দেখতে এখন পর্যন্ত কৃষি বিভাগের কোনো কর্মকর্তা আসেননি।

    সরেজমিনে দেখা যায়, বিনোদটঙ্গী এলাকার মাঠজুড়ে মরিচের আবাদ। গাছে গাছে মরিচ ধরতে শুরু করেছে। এরই মধ্যে কিছু গাছের ডালপালা শুকিয়ে যাচ্ছে, আবার কিছু গাছ পুরোপুরি মরে গেছে। গাছ বাঁচাতে কৃষকেরা নিজেদের উদ্যোগে বিভিন্ন ধরনের সার ও কীটনাশক প্রয়োগ করছেন। কিন্তু তাতেও কোনো সুফল মিলছে না। ফলে ফসল ঘরে তোলার আগেই বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার সাতজন কৃষক প্রায় পাঁচ একর জমিতে বগি, পিউর ও প্রিমিয়াম জাতের মরিচ চাষ করেছেন। গাছে মরিচ আসতে শুরু করার পর এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারাউপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মাদারগঞ্জ উপজেলায় ৭৫০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ইতিমধ্যে ১ হাজার ৫০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশি জমিতে মরিচ চাষ করা হয়েছে।

    স্থানীয় কৃষক আব্দুস সামাদ ৪৬ শতাংশ জমিতে মরিচ চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় ৭০-৮০ হাজার টাকা। গাছে মরিচ ধরতে শুরু করায় ভালো ফলনের আশা করেছিলেন তিনি। মরিচ বিক্রির অর্থ দিয়ে সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্নও দেখছিলেন। কিন্তু গাছ মরে যাওয়ায় এখন সেই স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছে।

    আব্দুস সামাদ বলেন, ‘গত সপ্তাহ থেকে মরিচগাছে রোগের লক্ষণ দেখা দিতে শুরু করেছে। বিভিন্ন ওষুধ প্রয়োগ করেও গাছ রক্ষা করতে পারছি না। কৃষি অফিস থেকে এখন পর্যন্ত কেউ আমাদের খোঁজখবর নেননি।’

    আরেক কৃষক এনছ মণ্ডল বলেন, ‘এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে। তবে এখন পর্যন্ত তিনি সরেজমিনে এসে খোঁজখবর নেননি।’

    ফোনে গাছ মরে যাওয়ার বিষয়টি জানালে সমস্যার কারণ অনুসন্ধানের পরিবর্তে উল্টো নানা প্রশ্ন করা হয় এবং কৃষকদেরই দোষারোপ করা হয় বলে অভিযোগ করেন তিনি।এ ছাড়া কৃষক শহীদুল ইসলাম ও নুর ইসলামের মরিচখেতেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তাদের অভিযোগ, মরিচগাছে কী ধরনের রোগ হয়েছে, তা তারা বুঝতে পারছেন না। নিজেদের উদ্যোগে বিভিন্ন ওষুধ প্রয়োগ করেও গাছ রক্ষা করা যাচ্ছে না। দ্রুত রোগ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তারা।

    এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা রাজিব মিয়া জানান, তিনি বর্তমানে সিধুলী ইউনিয়নে কৃষি কার্ডের কাজ করছেন। তার মূল দায়িত্ব গুনারীতলা ইউনিয়নের খুদ্দ জোনাইল এলাকায়। পাশাপাশি বিনোদটঙ্গী এলাকাতেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একাধিক এলাকায় দায়িত্ব পালন এবং কৃষি কার্ডের কাজে ব্যস্ত থাকায় ক্ষতিগ্রস্ত মরিচখেত পরিদর্শনে যেতে পারেননি বলে জানান তিনি।

    উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কৃষকদের উপজেলা কৃষি অফিসে আসতে বলেন। তবে ক্ষতিগ্রস্ত খেত সরেজমিনে পরিদর্শন, রোগ শনাক্তকরণ এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

    ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত মরিচগাছের রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দিতে হবে। তা না হলে মৌসুমের শুরুতেই তাদের কষ্টার্জিত বিনিয়োগ হারানোর পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

  • মাদারগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার দুই যুবক কারাগারে

    মাদারগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার দুই যুবক কারাগারে

    বিডি গ্লোবাল ডেস্ক,

    জামালপুরের মাদারগঞ্জে ২০ পিস ইয়াবাসহ নিজাম (৪১) ও ইউনুস (২১) নামে দুই যুবককে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

    বুধবার (২১ অক্টোবর) তাদেরকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

    পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার হিদাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    আটক নিজাম হিদাগাড়ী এলাকার মরহুম মোরদুজ্জামানের ছেলে এবং ইউনুস একই এলাকার মোতালেবের ছেলে।

    মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে উপস্থাপন করা হয়। বুধবার আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এ,আর

  • কৃষকরা শসা চাষে নতুন স্বপ্ন দেখছেন

    কৃষকরা শসা চাষে নতুন স্বপ্ন দেখছেন

    জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রায় ৬০ হেক্টর জমিতে আগাম শসার চাষ করা হয়েছে। কম খরচ ও স্বল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় শসা চাষে ঝুঁকছেন কৃষকরা। অনুকূল আবহাওয়ায় এবার শসার বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি বাজারে সন্তোষজনক দাম পাওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। উৎপাদিত শসা স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন ট্রাকযোগে সরবরাহ করা হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায়।

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মাদারগঞ্জে প্রায় ৬০ হেক্টর জমিতে আগাম শসার আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় ২ হাজার মেট্রিক টন শসা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে ভালো।

    কৃষকরা জানান, বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি শসা ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজির দাম ৫০-৬০ টাকা। শসা চাষে তুলনামূলক কম খরচ এবং লাভের সম্ভাবনা বেশি থাকায় এ বছর আগাম শসা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে।সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, মাঠের পর মাঠজুড়ে শসার আবাদ। মাচায় ফুটেছে হলুদ-সাদা ফুল। কোথাও থরে থরে ঝুলছে শসা। কেউ জমিতে সেচ দিচ্ছেন, কেউ গাছের পরিচর্যায় ব্যস্ত। আবার কেউ ক্ষেত থেকে শসা তুলে বস্তায় ভরছেন। শসাভর্তি বস্তা অটোরিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে বাজারে। এবার কৃষকেরা গ্রিন বিউটি, জাদু, জিনিয়া ও ময়নামতিসহ বিভিন্ন উন্নত জাতের শসা আবাদ করেছেন।

    জোড়খালী ইউনিয়নের ফুলজোড় এলাকার কৃষক সাইদুর রহমান বলেন, ‘শসার বীজ রোপণের ৩০-৩৫ দিনের মধ্যে গাছে ফল ধরতে শুরু করে। এবার শসার ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো পাওয়া যাচ্ছে। ফলন ও দাম এভাবে অব্যাহত থাকলে শসা চাষ করে লাভবান হওয়া সম্ভব।’বালিজুড়ী ইউনিয়নের নাংলা এলাকার কৃষক তৈয়ব আলী বলেন, ‘প্রতি বিঘা জমিতে শসা চাষে খরচ হয় ১৫-২০ হাজার টাকা। ভালো ফলন হলে প্রতি বিঘার শসা বিক্রি করা যায় প্রায় ৩০-৪০ হাজার টাকায়। তবে শ্রমিকের মজুরি, সেচ, সার ও বাজারজাতকরণের খরচের ওপর প্রকৃত লাভের পরিমাণ নির্ভর করে। এবার দাম ভালো থাকায় আমরা খুশি। আগামীতে আরও জমিতে শসা চাষ করার ইচ্ছা আছে।’

    উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘এ বছর মাদারগঞ্জে প্রায় ৬০ হেক্টর জমিতে আগাম শসার আবাদ হয়েছে। চাষিরা আধুনিক মালচিং পদ্ধতিতে শসার আবাদ করছেন। উপজেলায় প্রায় ২ হাজার মেট্রিক টন শসা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এখানকার মাটি ও জমি শসা চাষের জন্য উপযোগী। এ কারণে প্রতিবছরই শসার আবাদ বাড়ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছে।’

  • পতিত জমিতে পানিফলের চাষ

    পতিত জমিতে পানিফলের চাষ

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় একসময় বছরের বেশিরভাগ সময় পতিত পড়ে থাকা নিচু জমি ও জলাশয় এখন কাজে লাগছে পানিফল চাষে। বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে থাকা এ সব জমিতে পানিফল চাষ করে বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন স্থানীয় কৃষকরা।

    উপজেলার বিভিন্ন এলাকার নিচু জমি ও জলাশয়ের বিস্তীর্ণ অংশজুড়ে সবুজ পানিফলের গাছ ছড়িয়ে রয়েছে। দূর থেকে দেখলে মনে হয়, সবুজের চাদরে ঢেকে গেছে পুরো জলাশয়। পানির ওপর ভেসে থাকা পাতার ফাঁকে ফাঁকে ফুটে উঠছে পানিফলের গাছ।

    স্থানীয় কৃষকদের ভাষ্য, আগে এ সব জমির বড় একটি অংশ বর্ষাকালে পানিতে ডুবে থাকায় কৃষিকাজ করা সম্ভব হতো না। ফলে জমিগুলো বছরের একটি নির্দিষ্ট সময় অনেকটাই অনাবাদি পড়ে থাকত। এখন সেই পতিত জমিতে পানিফল চাষ করে পরিবারের বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে।

    দেশে প্রথম পানিফল চাষ শুরু হয় জামালপুরের দেওয়ানগঞ্জে। অল্প সময় ও কম খরচে বেশি লাভ হওয়ায় পানিফল চাষে অনেক আগ্রহী হয়ে উঠেছে চাষিরা। উপজেলায় পানিফল উৎপাদনে সফলতা পাওয়ায় অন্যান্য উপজেলার চাষিরা অনুপ্রাণিত হয়ে চাষাবাদ পদ্ধতি শিখে তাদের পতিত জমিতে পানিফল চাষ শুরু করেছে।

    স্থানীয় নাম ‘সিঙ্গারা’, অনেকই চিনেন ‘পানিফল’ হিসেবে। তাছাড়াও নানা জায়গায় বাহারি সব নাম রয়েছে। ওয়াটার কালট্রপ, বাফেলো নাট, ডেভিল পড ইত্যাদি। আবার ইংরাজিতে একে ‘ওয়াটার চেস্টনাট’ বলা হয়। এর বৈজ্ঞানিক নাম ‘ট্রাপা নাটানস’। এটি কেবল হাঁটু বা কোমর পানিতেই জন্মায়। দেখতে খানিকটা বাজারে তৈরি সিঙ্গারা মতো হওয়ায় অনেকেই সিঙ্গারা বলেও চিনেন।

    পানিফল চাষে সার-কীটনাশকের তেমন প্রয়োজন হয় না। ফলে চাষিদের খরচ কম। পতিত জলাশয়ে চারা রোপণ করে শুধুমাত্র ভাল পরিচর্যায় এর ভালো ফলন পাওয়া যায়। বর্ষজীবী জলজ উদ্ভিদ পানিফলের গাছ ৫ মিটার পর্যন্ত লম্বা হয়। পানির নীচে মাটিতে শিকড় থাকে পানির উপর পাতাগুলি ভাসতে থাকে। বিভিন্ন পতিত ডোবা, খাল, পুকুরের অল্প পানিতেই পানিফল চাষ করা যায়। যার কারণে এই চাষে উৎসাহ পাচ্ছে চাষিরা।

    পানিফল চাষে তুলনামূলকভাবে জমি প্রস্তুতের ঝামেলা কম। নিচু ও পানিযুক্ত জমিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলে পানিফলের চারা ছড়িয়ে দেওয়া হয়। এরপর গাছগুলো পানির ওপর বিস্তৃত হয়ে ফলন দিতে শুরু করে। মৌসুমে কয়েক দফায় ফল সংগ্রহ করা যায় বলে কৃষকদের কাছে এ চাষ বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। কৃষকরা জানান, পানিফল স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি আশপাশের বিভিন্ন হাট-বাজারেও সরবরাহ করা হয়। মৌসুমে চাহিদা থাকায় উৎপাদিত পানিফল বিক্রি করে অনেকেই সংসারের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাড়তি অর্থ উপার্জন করছেন।

    স্থানীয়দের মতে, দেওয়ানগঞ্জে বর্ষাকালে অনেক নিচু জমি পানিতে তলিয়ে থাকে। পরিকল্পিতভাবে এ সব জমিকে পানিফলসহ জলজ কৃষির আওতায় আনা গেলে একদিকে যেমন পতিত জমির ব্যবহার বাড়বে, অন্যদিকে স্থানীয় কৃষকদের কর্মসংস্থান ও আয়ও বৃদ্ধি পাবে।

    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন মিয়া জানান, দেওয়ানগঞ্জে এ বছরে ৩৫ হেক্টর জমিতে পানি ফল চাষাবাদ হয়েছে, যেসব জমি দীর্ঘ সময় জলমগ্ন থাকে, সেখানে পানিফল চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের এ চাষে উৎসাহিত করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

    তবে কৃষকদের দাবি, উন্নত জাতের চারা সরবরাহ, সহজ শর্তে ঋণের ব্যবস্থা এবং উৎপাদিত ফলের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এ চাষাবাদ আরও ব্যাপকভাবে সম্প্রসারণ করা সম্ভব। অনাবাদি জমিগুলো চাষের আওতায় আনলে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

  • মাদারগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    মাদারগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    বিডি গ্লোবাল ডেস্ক,

    জামালপুরের মাদারগঞ্জে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে রাতুল নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

    রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার ফাজিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত রাতুল ওই গ্রামের মঞ্জুরুল ইসলাম সোহাগ মিয়ার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যরা নাস্তা খেতে বসেন। এ সময় বাড়ির আঙিনায় খেলছিল শিশু রাতুল। পরিবারের সদস্যরা খাওয়া শেষে তাকে খুঁজতে গিয়ে কোথাও না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত শিশুর মা বলেন, সকালে আমরা খাবার খেতে বসেছিলাম। খাওয়া শেষ করে রাতুলকে খুঁজতে গিয়ে আর কোথাও পাইনি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়।

    মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাহিদুজ্জামান জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ,আর

  • বকশীগঞ্জ সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

    বকশীগঞ্জ সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

    বিডি গ্লোবাল ডেস্ক,

    জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি।

    রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতানিপাড়া বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব কসমেটিকস পণ্য জব্দ করে।

    বিজিবি সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সাতানিপাড়া সীমান্ত পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিগলকোনা গ্রামের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় কসমেটিকসের একটি চালান উদ্ধার করা হয়।

    জব্দ করা পণ্যের মধ্যে চেইন, কানের রিং, স্কিন শাইন ক্রিমসহ বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস রয়েছে। বিজিবির হিসাবে জব্দকৃত কসমেটিক ৯৭১ পিস এবং আনুমানিক মূল্য চার লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।

    অভিযানকালে পণ্যগুলোর মালিক বা চোরাচালানের সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। পরে জব্দ করা কসমেটিকস কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান নয়া দিগন্তকে বলেন, ‘সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ এ,আর

  • দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় আইনজীবী গ্রেফতার

    দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় আইনজীবী গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় আব্দুর রশিদ (৫০) নামের এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার তেঁতুলতলা মোড় এলাকার সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার আইনজীবী আব্দুর রশিদ পৌরসভার কাচারিপাড়া গ্রামের মরহুম ইয়ারউদ্দিনের ছেলে।

    দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন নয়া দিগন্তকে জানান, গ্রেফতার আইনজীবী আব্দুর রশিদ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেওয়ানগঞ্জ পৌর শাখার আইনবিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ইতোপূর্বে একটি বিস্ফোরক মামলা করা হয়েছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং পরে আদালতে পাঠানো হয়। এ,আর

  • মাদারগঞ্জে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

    মাদারগঞ্জে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

    বিডি গ্লোবাল ডেস্ক,

    জামালপুরের মাদারগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ বগুড়ার দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাবেরগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতাররা হলেন বগুড়ার সারিয়াকান্দী উপজেলার শংকরপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মো: কাওসার (৩০) ও একই গ্রামের বকুল প্রামাণিকের ছেলে জুয়েল (২৭)।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাবেরগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

    মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, গ্রেফতার দু’জন বগুড়ার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ,আর

  • বকশীগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু

    বকশীগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু

    বিডি গ্লোবাল ডেস্ক,

    জামালপুরের বকশীগঞ্জে সবুজ (১৭) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার চরকাউড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ অসুস্থ হয়ে ছটফট করতে থাকে সবুজ। মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

    স্থানীয়দের দাবি, সবুজ দীর্ঘদিন মাদকাসক্ত ছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

    বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • মেলান্দহে অবৈধ ইটভাটায় অভিযান, চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

    মেলান্দহে অবৈধ ইটভাটায় অভিযান, চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

    বিডি গ্লোবাল ডেস্ক,

    জামালপুরের মেলান্দহে অনুমোদনহীনভাবে পরিচালিত শেখ ব্রিকসের ফিক্সড চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার দুপুরে মেলান্দহ পৌরসভার ফুলছেন্না এলাকায় যৌথ অভিযান চালিয়ে চিমনিটি উচ্ছেদ করা হয়।

    অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইমন হোসেনের নেতৃত্বে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি উপস্থিত ছিলেন। মেলান্দহ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী শেখ ব্রিকসটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। অভিযানের সময় ইটভাটাটির কার্যক্রম বন্ধ পাওয়া যায়। ভাটার মালিকও ঘটনাস্থলে ছিলেন না। ফলে এ সময় কোনো জরিমানা করা হয়নি।

    তবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইন বাস্তবায়নের অংশ হিসেবে ভাটাটির ফিক্সড চিমনি ভেঙে দেওয়া হয়।

    জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এটি সম্পূর্ণ অবৈধ ইটভাটা। এখানে থাকা ফিক্সড চিমনি ২০১০ সাল থেকেই নিষিদ্ধ।’

    তিনি বলেন, সারাদেশে ফিক্সড চিমনি ও ড্রাম চিমনি উচ্ছেদের যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর ও আইনবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

  • মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ডিলারকে জরিমানা

    মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ডিলারকে জরিমানা

    বিডি গ্লোবাল ডেস্ক,
    জামালপুরের মাদারগঞ্জে অতিরিক্ত দামে টিএসপি সার বিক্রির অভিযোগে এক সার ডিলারকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কৃষকদের অভিযোগের ভিত্তিতে উপজেলার বাজিতেরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযান সূত্রে জানা গেছে, অভিযানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক নিয়োগপ্রাপ্ত সার ডিলার মেসার্স এস এন ট্রেডার্সের স্বত্বাধিকারী মনতাজুর আলীকে অতিরিক্ত দামে টিএসপি সার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আট হাজার টাকা জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাদারগঞ্জের ইউএনও ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    স্থানীয় কৃষক আনিস বলেন, ‘সার কেনার জন্য কয়েকবার দোকানে গিয়ে সার পাইনি। পরে শুনতে পাই এখানে বেশি দামে সার পাওয়া যাচ্ছে। তাই বাধ্য হয়ে সার কিনতে এখানে আসি।’

    তিনি বলেন, ‘কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যেন নির্ধারিত দামে ও সহজে পাওয়া যায়, প্রশাসনের কাছে আমরা এটাই চাই।’

    ইউএনও সুমন বলেন, ‘কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অতিরিক্ত দামে সার বিক্রি বা কৃষকদের হয়রানি কোনোভাবেই মেনে নেয়া হবে না।’

    তিনি আরো বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

  • ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

    ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

    বকশীগঞ্জে সাড়ে ৩ মেট্রিকটন অবৈধ সার জব্দ

    বিডি গ্লোবাল ডেস্ক,

    জামালপুরের বকশীগঞ্জে লাইসেন্সবিহীনভাবে সার মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুলাল মিয়া নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তার গোদাম থেকে ৭২ বস্তা সার জব্দ করা হয়েছে।

    বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের অকুলের মোড় এলাকায় দুলাল মিয়ার দোকান ও গোডামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

    উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে দুলাল মিয়া লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোদাম থেকে ৬৪ বস্তা ডিএপি ও ৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সারগুলো পরবর্তীকালে উপজেলার কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, অবৈধভাবে সার মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করার কোনো সুযোগ নেই। কৃষকদের স্বার্থে অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

  • মাদারগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    মাদারগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    বিডি গ্লোবাল ডেস্ক,

    জামালপুরের মাদারগঞ্জে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার মন্ডল (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাহার মন্ডল ওই এলাকার তফিল মন্ডলের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষক আজাহার মন্ডল নিজের কৃষি জমিতে পানি দেয়ার উদ্দেশ্যে সেচপাম্পের সুইচ চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

    গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • মাদারগঞ্জে নিখোঁজের ২ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

    মাদারগঞ্জে নিখোঁজের ২ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

    বিডি গ্লোবাল ডেস্ক,
    জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের দুই দিন পর জহুরুল ইসলাম (৫০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার মাথাভাঙা মোড়ের প্রায় ৫০০ মিটার পশ্চিমে সড়কের পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    নিহত রিকশাচালক জহুরুল ইসলাম উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মরহুম তোফাজ্জল হোসেনের ছেলে।

    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারগঞ্জ সার্কেল অফিসার মোস্তাফিজুর রহমান ভূঞা ও মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) রাতে ঘুঘুমারী এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশা চালিয়ে বালিজুড়ী বাজারের দিকে যাচ্ছিলেন জহুরুল ইসলাম। পথে আমলীতলা এলাকায় অটোরিকশাটি রেখে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

    এদিকে আমলীতলা এলাকার সড়কের পাশে অটোরিকশাটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। অটোরিকশাটিতে মরিচের গুঁড়া পড়ে থাকতে দেখা যায় বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    জহুরুল ইসলাম নিখোঁজ হওয়ার ঘটনায় মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে তার পরিবারের পক্ষ থেকে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ করা হয়। এরপর থেকেই পুলিশ ও স্বজনরা তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছিল।

    বৃহস্পতিবার স্থানীয়দের মাধ্যমে মাথাভাঙা মোড়ের পশ্চিম পাশে ডোবায় একটি লাশ পড়ে থাকার বিষয়টি জানতে পারে পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশটি জহুরুল ইসলামের বলে শনাক্ত করেন।

    মাদারগঞ্জ সার্কেল অফিসার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাচালক জহুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অটোরিকশাটি উদ্ধারের পর থেকেই ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জহুরুল ইসলামকে কোথায় এবং কিভাবে হত্যা করা হয়েছে, হত্যার সাথে কারা জড়িত— এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

  • দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের হাসপাতালে মৃত্যু

    দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের হাসপাতালে মৃত্যু

    বিডি গ্লোবাল ডেস্ক,

    জামালপুরের দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবক সোলাইমান হোসেন (৩৩) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    বুধবার (১৯ আগস্ট) ভোরে তিনি মারা যান।

    মৃত সোলাইমান হোসেন দেওয়ানগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চর কালিকাপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। তার স্ত্রী ও দুইজন শিশু সন্তান রয়েছে।

    পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে চরকালিকাপুর নিজ গ্রামে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ ব্যস্ততম সড়কের পাশে বসে ছিলেন সোলাইমান হোসেন। এ সময় হেডলাইটে কম আলোসম্পন্ন একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে প্রচণ্ড ধাক্কা দিয়ে চলে যায়। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আহত সোলাইমানকে নিয়ে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সেখান থেকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ আগস্ট) ভোররাতে তিনি মারা যান।

    তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: ফরিদুল হক শিক্কু ও মৃত সোলাইমান হোসেনের মামা উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো: ফারুক হোসেন।

  • দেওয়ানগঞ্জে নালা খনন, ৫ হাজার একর জমিতে ফিরবে ফসল

    দেওয়ানগঞ্জে নালা খনন, ৫ হাজার একর জমিতে ফিরবে ফসল

    বিডি গ্লোবাল ডেস্ক,

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরবাদ ইউনিয়নের প্রায় পাঁচ হাজার একর ফসলি জমির জলাবদ্ধতা নিরসনে নালা খনন করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার পোল্যাকান্দি এলাকায় এই খননকাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

    স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, পোল্যাকান্দি থেকে নাজিরপুর হয়ে ঝালোরচর পর্যন্ত বিস্তৃত প্রায় পাঁচ হাজার একর ফসলি জমি গত ৮-১০ বছর ধরে জলাবদ্ধ ছিল। পোল্যাকান্দি খালের সঙ্গে ব্রহ্মপুত্র নদের সংযোগকারী নালাটি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গিয়েছিল। ফলে এক দশকের বেশি সময় ধরে এসব জমিতে কোনো ফসল আবাদ করা সম্ভব হয়নি। নালাটি খনন করায় এখন দ্রুত পানি নিষ্কাশন হবে এবং ধান, ভুট্টা, সরিষা ও পাট চাষের সুযোগ তৈরি হবে।

    উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহাদুরবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা।

    ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, ‘স্থানীয় কৃষকদের দুর্ভোগ কমাতে ও জনস্বার্থে নালাটি খনন করা হয়েছে। এর ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং ওই বিশাল এলাকায় কৃষি উৎপাদন কয়েক গুণ বাড়বে।’

  • বকশীগঞ্জে রাস্তার কাজ ফেলে উধাও ঠিকাদার, দুর্ভোগে পথচারী

    বকশীগঞ্জে রাস্তার কাজ ফেলে উধাও ঠিকাদার, দুর্ভোগে পথচারী

    বিডি গ্লোবাল ডেস্ক,

    জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড বটতলা থেকে পুরাতন গরুহাটি হয়ে জব্বারগঞ্জ বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ ফেলে রেখে এক বছর ধরে উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে দুর্ভোগে পড়েছেন উপজেলার মানুষ।

    প্রতিদিন পৌরসভার এই রাস্তা দিয়ে হাজার হাজার বাসিন্দা ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও।

    উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ২০২৪ সালের শেষ দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড বটতলা থেকে পুরাতন গরুহাটি হয়ে জব্বারগঞ্জ পর্যন্ত প্রায় ৪ দশমিক ৯ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। ২০২৪-২৫ অর্থবছরের ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে এই কাজের দরপত্র পায় ‘শওকত এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মালিক শওকত।

    স্থানীয়দের অভিযোগ, সড়কের কাজ বন্ধ থাকায় পুরাতন গরুহাটি হয়ে বাসস্ট্যান্ড সড়কে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পৌরবাসী। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

    কাজ শুরু করে সড়কটি খুঁড়ে নিম্নমানের খোয়া দিয়ে কাজ করলে এতে স্থানীয়রা বাধা-নিষেধ দিলে কাজ দীর্ঘদিন ফেলে রাখা হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না করে ঠিকাদার উধাও হয়ে যান। অথচ ২০২৫ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল।

    সরেজমিনে দেখা গেছে, সড়কটি খুঁড়ে কেবল খোয়া ফেলা হয়েছিল। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকার কারণে সেসব খোয়াও সরে গিয়ে রাস্তার বিভিন্ন স্থানে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টিতে খানাখন্দে পানি জমে থাকে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বিশেষ করে মোটরসাইকেল ও অটোরিকশা চলাচলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

    পৌরসভার বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, ‘আগে সড়কটি দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা যেত। এখন বাজারে যাওয়া বা দৈনন্দিন কাজ করাই কষ্টকর হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।’

    ব্যাটারিচালিত ইজিবাইক চালক সবুজ বলেন, ‘এই সড়কে প্রায় দুই বছর ধরে রিকশা চালাতে অনেক কষ্ট হয়। পরিবারের বউ-বাচ্চাদের বাঁচাতে কষ্ট করেই আয়-রোজগার করতে হয়। রাস্তা খুঁড়ে ফেলে রেখে ঠিকাদার নাকি পালিয়ে গেছে। আমরা এখন চরম ভোগান্তিতে।’

    ঠিকাদারি প্রতিষ্ঠান শওকত এন্টারপ্রাইজের মালিককে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

    জামালপুর জেলা প্রকৌশলী রোজদিদ আহম্মেদ বলেন, ‘জনদুর্ভোগ বিবেচনা করে ঠিকাদারকে একাধিকবার নোটিশ করেও রাস্তাটির নির্মাণকাজ শুরু করাতে পারিনি। ঠিকাদারকে জরিমানা ও কার্যাদেশ বাতিল করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পুনরায় টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে। এটা ঠিকাদারের গাফিলতির কারণ।’

    এখন সেই টেন্ডার বাতিল করে নতুন করে টেন্ডার দিয়ে দ্রুত কাজ শেষ করা হবে বলে আশ্বাস দেন এই কর্মকর্তা।

  • দেওয়ানগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ৯০ বছরের বৃদ্ধার মৃত্যু

    দেওয়ানগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ৯০ বছরের বৃদ্ধার মৃত্যু

    বিডি গ্লোবাল ডেস্ক,

    জামালপুরের দেওয়ানগঞ্জে গাছের নিচে চাপা পড়ে সমীরণ বেওয়া (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

    শুক্রবার (১৪ আগস্ট) দেওয়াগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কালিকাপুর ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত সমীরণ স্থানীয় ফকিরপাড়া গ্রামের মরহুম গোলাপ শেখের স্ত্রী।

    জানা গেছে, বেশ কদিন ধরে কালিকাপুর ফকিরপাড়া গ্রামে ব্যাপক লোডশেডিং চলছে। শুক্রবার প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে বৃদ্ধা সমীরণ বাড়ির পাশে এক গাছের নিচে বিশ্রাম নিতে বসেন। এ সময় হঠাৎ গাছটি তার ওপর ভেঙে পড়ে। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন নয়া দিগন্তকে জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।

  • স্বাক্ষর জাল করে এতিম খানার ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

    স্বাক্ষর জাল করে এতিম খানার ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

    বিডি গ্লোবাল ডেস্ক,

    জামালপুরের ইসলামপুরে এতিমখানার ক্যাপিটেশন গ্রান্টের প্রায় ৬ লাখ টাকা সভাপতির স্বাক্ষর জাল করে উত্তোলনের অভিযোগ উঠেছে সুপারের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি।

    অভিযোগ সূত্রে জানা গেছে, চর পুটিমারী ইউনিয়নের বেনুয়ার চর আশরাফুল উলূম হাফেজিয়া মাদ্রাসা ও আব্দুল মালেক মন্ডল এতিমখানার ২২ শিক্ষার্থীর জন্য সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্টের অর্থ বরাদ্দ হয়। অভিযোগ, সভাপতি শামসুজ্জামান সুরুজ মাস্টারের স্বাক্ষর জাল করে গত ২১ মাসে তিনটি বিলের মাধ্যমে প্রায় ৬ লাখ টাকা উত্তোলন করেন সুপার আনোয়ার হোসেন।

    বিষয়টি জানতে পেরে সভাপতি স্বাক্ষর জাল করার কারণ জানতে চাইলে সুপার দ্রুত বিল উত্তোলনের প্রয়োজন থাকায় সভাপতির সঙ্গে কথা বলে তার স্বাক্ষর দেওয়ার দাবি করেন। তবে উত্তোলন করা অর্থের হিসাব চাইলে তিনি টালবাহানা করেন বলে অভিযোগ।

    পরে গত ১০ আগস্ট সভাপতি ইউএনও ও দুদকে লিখিত অভিযোগ দিয়ে তদন্তসহ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    অভিযোগের বিষয়ে সুপার আনোয়ার হোসেন বলেন, সভাপতি অনুপস্থিত থাকায় তার সঙ্গে কথা বলেই বিলে স্বাক্ষর করে টাকা উত্তোলন করেছেন।

    উপজেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা রহুল আমীন জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের বলেন, সমাজসেবা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • মাদারগঞ্জে বেশি দামে পেট্রোল বিক্রি করায়,  জরিমানা

    মাদারগঞ্জে বেশি দামে পেট্রোল বিক্রি করায়, জরিমানা

    জামালপুরের মাদারগঞ্জে অতিরিক্ত দামে বোতলজাত পেট্রোল বিক্রির দায়ে এক দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

    শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের আমলীতলা এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দোকানদার বোতলজাত পেট্রোল প্রতি লিটার ১৮০-২০০ টাকা দরে বিক্রি করে আসছিলেন। বিষয়টি নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে সংশ্লিষ্ট দোকানদারকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একইসাথে ভবিষ্যতে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, ‘পেট্রোল, অকটেনসহ যেকোনো নিত্যপ্রয়োজনীয় বা জ্বালানি পণ্য সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারে কেউ যেন কৃত্রিম সঙ্কট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা করতে না পারে, সে লক্ষ্যে আমাদের অভিযান নিয়মিত চলবে।’

    তিনি আরো বলেন, ‘ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।’

    উপস্থিত স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হলে অতিরিক্ত দামে পণ্য বিক্রির প্রবণতা কমবে এবং সাধারণ ভোক্তারা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।

  • মাদারগঞ্জে নাস্তা খেয়ে একই পরিবারের ৫ জন অচেতন

    মাদারগঞ্জে নাস্তা খেয়ে একই পরিবারের ৫ জন অচেতন

    জামালপুরের মাদারগঞ্জে সকালের নাস্তা খেয়ে এক প্রবাসীর পরিবারের পাঁচ সদস্য অচেতন হয়ে পড়েছেন। অচেতন ব্যক্তিরা হলেন উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরনাংলা গ্রামের প্রবাসী শাহ আলমের স্ত্রী রিনা আক্তার (৪০), ছেলে রিপন ইসলাম (২৩) ও রিমন (১৭), মেয়ে সাথী আক্তার এবং তিন বছরের নাতনি হুমাইরা।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে তাদের সবাইকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাঁধের মাথা বাজারে প্রবাসী শাহ আলমের বড় ছেলে রিপন ইসলামের একটি দোকান রয়েছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও দোকান খোলার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত দোকান বন্ধ দেখে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়। পরে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা শাহ আলমের বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। রাত ৯টার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

    পরে জ্ঞান ফিরলে রিনা আক্তার বলেন, সকালে খাবার ও টিউবওয়েলের পানি পানের পর থেকেই সবার মাথা ব্যথাসহ গভীর ঘুম আসে। এরপর কী হয়েছিল বলতে পারি না।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা: জাকিয়া জানান, বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবার বা পানির সাথে চেতনানাশক কিছু মেশানো ছিল।

    এ,আর

  • জামালপুর গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

    জামালপুর গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

    জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাতে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

    আজ সোমবার (৬ জুলাই) বেলা ৩টার দিকে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. রাশেদুর রহমান ওরফে পাপ্পু (৩০), মো. বিজু মিয়া (৩৬), মো. বাদশা মিয়া (৩৫), মো. জুয়েল মিয়া (৩৫), মো. আশরাফুল ইসলাম (৪০), জসিম ও আছমত।

    অন্যদিকে, আসামি মো. ইদ্রিস আলীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে।

    ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে রাতে আসামিরা বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া এলাকায় এক গৃহবধূকে অপহরণ করে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

    মামলায় ৯ জন সাক্ষীর মধ্যে সাতজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়া চিকিৎসা প্রতিবেদন, আলামত ও অন্যান্য উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত সাত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের প্রত্যেককে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

    অন্যদিকে, আসামি মো. ইদ্রিস আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে খালাস দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।

  • মাদারগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

    মাদারগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

    জামালপুরের মাদারগঞ্জে দেশে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও কল্যাণমুখী একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৮ মে) সকালে পৌর জামায়াতের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    মাদারগঞ্জ পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সাত্তার।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সময়ে দেশে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনা জরুরি। একটি দুর্নীতিমুক্ত এবং আদর্শিক সমাজ গঠনে জামায়াতের কর্মীদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

    এ ছাড়া কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করাসহ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করার আহ্বান জানান তিনি।

    কর্মী সমাবেশ বিশেষ অতিথির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য মজিবুর রহমান আজাদী ও উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন বলেন, জামায়াতে ইসলামী জনগণের অধিকার আদায় এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও সাধারণ মানুষের অধিকার আদায়ে নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।

    সমাবেশে আরো বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন, সাবেক আমির শাহিন আক্তার খান পিটার এবং কর্মপরিষদ সদস্য আব্দুল আজিজ জামালী। সমাবেশে মাদারগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অংশ নেন।

  • সাড়ে ৬ হাজার কিলোমিটার দূরত্ব পেরিয়ে মাদারগঞ্জে পোল্যান্ডের তরুণী

    সাড়ে ৬ হাজার কিলোমিটার দূরত্ব পেরিয়ে মাদারগঞ্জে পোল্যান্ডের তরুণী

    কাতলামারী এলাকার ইমান আলীর ছেলে ইসমাইল দীর্ঘ ১৬ বছর ধরে পোল্যান্ডে বসবাস করছেন। সেখানে পোল্যান্ডের নাগরিক ভেরোনিকা মারিয়া পিতলার্সের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরের দেশ ছেড়ে স্বামীর হাত ধরে জামালপুরের মাদারগঞ্জে এসেছেন পোল্যান্ডের তরুণী ভেরোনিকা মারিয়া পিতলার্স।

    শুক্রবার (৮ মে) ভোররাতে উপজেলার গুনারীতলা ইউনিয়নের কাতলামারী গ্রামে নবদম্পতির আগমনে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক কৌতূহল ও আলোচনা।

    জানা গেছে, কাতলামারী এলাকার ইমান আলীর ছেলে ইসমাইল দীর্ঘ ১৬ বছর ধরে পোল্যান্ডে বসবাস করছেন। সেখানে পোল্যান্ডের নাগরিক ভেরোনিকা মারিয়া পিতলার্সের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সময়ের ব্যবধানে সেই সম্পর্ক গভীর হলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

    সম্প্রতি স্ত্রীকে নিয়ে নিজ জন্মভূমি মাদারগঞ্জে ফেরেন ইসমাইল। বিদেশিনী বধূকে দেখতে স্থানীয়দের ভিড় জমে বাড়িতে। অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং তাদের নতুন জীবনের জন্য দোয়া করেন।

    স্থানীয়রা জানান, ভিন্ন দেশ ও সংস্কৃতির দুই মানুষের ভালোবাসার এই গল্প এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পোল্যান্ড প্রবাসী ছেলের বিদেশিনী স্ত্রীকে পরিবারের সদস্যরাও আন্তরিকভাবে বরণ করে নিয়েছেন।

    তবে ব্যক্তিগত গোপনীয়তার কথা বিবেচনা করে ভেরোনিকা মারিয়া পিতলার্স কোনো ভিডিও সাক্ষাৎকার দিতে রাজি হননি। এ কারণে তার আনুষ্ঠানিক বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    এদিকে, বিদেশিনী পুত্রবধূকে ঘিরে কাতলামারী গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের অনেকে এটিকে ভালোবাসার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

  • সরিষাবাড়ীতে ভারতীয় নাগরিক গ্রেফতার

    সরিষাবাড়ীতে ভারতীয় নাগরিক গ্রেফতার

    জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে শুক্কুর আলী (২৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় , মঙ্গলবার রাতে শুক্কুর আলী ভাটারা বাজারে ঘুরাফেরা করছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। সে হিন্দিতে কথা বলে। তবে আধো বাংলা ও ইংরেজি বলতে পারে। তার আচরণ উদ্ভ্রান্ত মনে হওয়ায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    গ্রেফতার শুকুর ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের অনুপুটি গ্রামের ওহাব উল্লাহর ছেলে বলে নিজের পরিচয় দেয়।

    সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, ১৪-১৫ দিন আগে তিনি সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে। তার কাছে বৈধ কাগজপত্র না থাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবতার কল্যাণে এগিয়ে যাচ্ছে অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর।

    সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবতার কল্যাণে এগিয়ে যাচ্ছে অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর।

    সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবতার কল্যাণে এগিয়ে যাচ্ছে অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর।মাদারগঞ্জের কৃতীসন্তান ইতালি প্রবাসী মো. সবুজ আলীকে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়েছে।

    ১ ফেব্রুয়ারি (রোববার) বিকাল ৪টায় বালিজুড়ী বাজারে প্রধান কার্যালয় থেকে বাংলাদেশে অবস্থানরত উপদেষ্টা কমিটির সদস্যরা এবং কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত থেকে এবং সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন দেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

    শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আহমেদ। মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুরের সভাপতি রিয়াজুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম রবিনের সঞ্চালনায় উপদেষ্টা সদস্য ও কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।

    প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম। সর্বসম্মতিক্রমে ইতালি প্রবাসী মো. সবুজ আলীকে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুরের প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়।

  • জামালপুরে কার্ভাডভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের দিগপাইতে এ দুর্ঘটনা ঘটে।

    জামালপুরে কার্ভাডভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের দিগপাইতে এ দুর্ঘটনা ঘটে।

    জামালপুরে কার্ভাডভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের দিগপাইতে এ দুর্ঘটনা ঘটে।জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, দুপুরে জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কার্ভাডভ্যান দিগপাইত ইপিজেড এলাকায় পেছন থেকে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয়রা উদ্ধার করে শিশুসহ ৭ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

  • অপহরণ মামলায় চারজনের যাবজ্জীবন

    অপহরণ মামলায় চারজনের যাবজ্জীবন

    জামালপুরে গৃহবধূ অপহরণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ দণ্ডাদেশ দেন।

    দণ্ডিতরা হলেন- মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাঙ্গা গ্রামের মুন্না ওরফে মোন্নাফের ছেলে মো. মজনু, একই গ্রামের ইমান আলীর ছেলে মো. জহুরুল ইসলাম, রান্ধনীগাছা গ্রামের হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার এবং আবুল কাশেমের ছেলে মো. মমিন মিয়া।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, সাজাপ্রাপ্ত আসামিরা গৃহবধূর বাবার বাড়ির বাসিন্দা এবং আসামি মো. মজনু দীর্ঘদিন যাবত গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকালে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে সদরের রশিদপুর এলাকা থেকে গৃহবধূকে অপহরণ করে আসামিরা। পরে আসামি হানিফ খন্দকারের বাড়ি থেকে উদ্ধার করা হয় গৃহবধূকে। ঘটনার দুই দিন পর ১১ ফেব্রুয়ারি গৃহবধূর বাবা বাদী হয়ে জামালপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন।

    এ মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালত এ আদেশ দেন। জরিমানার টাকা ভুক্তভোগী পাবেন বলে আদেশ দেওয়া হয়েছে।

  • জামালপুরের ইসলামপুরে ইউপি সদস্যকে হত্যা

    জামালপুরের ইসলামপুরে ইউপি সদস্যকে হত্যা

    জামালপুরের ইসলামপুরে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ইউপি সদস্যকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের যমুনার দুর্গমচর জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত আব্দুর রহিম (৫০) ওই এলাকার মৃত তয়বুর খন্দকারের ছেলে ও ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) ছিলেন।

    কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান জানান, রাত দেড়টার দিকে আমার কাছে ফোন আসে- রহিম মেম্বারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরপর আমি থানায় যোগাযোগ করি এবং পুলিশ যমুনা নদী পাড়ি দিয়ে ভোর ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

    স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি আরও জানান, প্রায় ২০-২৫ জন দুর্বৃত্ত প্রথমে প্রশাসনের লোক পরিচয় দিয়ে রহিম মেম্বারকে ঘরের বাহিরে আসতে বলে। পরে রহিম মেম্বার ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে দুর্বৃত্তরা। এ সময় পরিবারের বাধা উপেক্ষা করে রহিম মেম্বারকে হত্যা করে বাড়ির উঠানেই ফেলে রেখে যায়।

    তিনি আরও বলেন, জিগাতলা যেহেতু নদীবেষ্টিত এলাকা, সেহেতু দুর্বৃত্তরা ইঞ্জিনচালিত নৌকাযোগে ঘটনাস্থলে পৌঁছে ও রহিম মেম্বারকে হত্যা করে খুব দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করে।

    ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আতিকুর রহমান জানান, স্থানীয় বিএনপি নেতার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ইউপি সদস্য আব্দুর রহিমের মরদেহ উঠানে পড়ে থাকতে দেখে। পরে সুরতহাল শেষে রোববার সকালে মরদেহ ইসলামপুর থানায় আনা হয় এবং পরবর্তীতে তা ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।

  • আ.লীগ অফিস থেকে পাবলিক টয়লেট লেখা সাইন বোর্ড উধাও

    আ.লীগ অফিস থেকে পাবলিক টয়লেট লেখা সাইন বোর্ড উধাও

    জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অফিস থেকে পাবলিক টয়লেট লেখা সাইন বোর্ড উধাও হয়ে গেছে। বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের লাগানো পাবলিক টয়লেটের সাইন বোর্ডটি সরিয়ে ফেলেছে। তবে কে বা কারা সাইন বোর্ডটি সরিয়ে ফেলেছে, তা তথ্য কেউ জানাতে পারেনি।

    জানা গেছে, ২১ ফেব্রুয়ারি উপজেলার বগারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অফিসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়ে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয় বাংলা স্লোগান দিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় কতিপয় আওয়ামী লীগ নেতাকর্মী।

    জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও ভাষা শহীদদের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম ও বগারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।

    এরপর থেকে বিষয়টি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়।

    এমন ঘটনা ছড়িয়ে পড়ায় বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ সভাপতি শাহরিয়ার সুমন আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করেন। শনিবার বিকালে উপজেলা গণঅধিকার পরিষদ বগারচর আওয়ামী লীগ অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভকারীরা আওয়ামী লীগের দলীয় ও জাতীয় পতাকা অপসারণ করে আওয়ামী লীগ অফিসের সামনে আগুন ধরিয়ে দেয়।

    বিক্ষোভকারীরা আওয়ামী লীগের সাইন বোর্ড অপসারণ করে আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা দিয়ে পাবলিক টয়লেটের সাইন বোর্ড ঝুলিয়ে দেন।

    ২২ ফেব্রুয়ারি রোববার সকালে সরেজমিন দেখা গেছে, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের ভাঙাচোরা পরিত্যক্ত অফিসে পাবলিক টয়লেট লেখা সাইন বোর্ডটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

    এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, গণঅধিকার পরিষদের কর্মীরা বিকালে সাইন বোর্ড ঝুলিয়ে দেওয়ার কয়েক ঘণ্টার পরই কতিপয় লোকজন সরিয়ে ফেলেছেন।

    m

  • পরিত্যক্ত জলাশয়ে কোটি টাকার পানিফল চাষ

    পরিত্যক্ত জলাশয়ে কোটি টাকার পানিফল চাষ

    জামালপুরের দেওয়ানগঞ্জে পানিফল চাষিদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। চলতি বছর পরিত্যক্ত জলাশয়ে কোটি টাকার পানিফল চাষ হয়েছে। এ ফল থেকে গ্লুকোজ তৈরির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন এলাকায় পানিফল শুকিয়ে আটা তৈরি করে রুটিসহ বিভিন্ন সুস্বাদু খাবারও তৈরি করা হচ্ছে।দেওয়ানগঞ্জ উপজেলাসহ আশপাশের এলাকায় পরিত্যক্ত জলাবদ্ধ পানিতে চলতি বছর পাঁচ কোটি টাকার পানিফল চাষ হয়েছে। এ ফল কৃষকের ভাগ্যের চাকা ঘুরিয়েছে। উৎপাদিত ফল প্রক্রিয়াজাত করে গ্লুকোজ তৈরি করা যাবে বলে কৃষিবিদরা আশা করছেন। কার্তিক-অগ্রহায়ণ মাসে কৃষকের হাতে নগদ অর্থ কম থাকায় অসময়ে পানিফল বিক্রি করে যে নগদ অর্থ হাতে পায় কৃষক তাতেই তারা খুশি। পানিফল এখন অর্থকরী ফসলে রূপ নিয়েছে। পানিতে ভাসমান গাছে জন্মায় বলে নাম হয়েছে পানিফল। স্থানীয়ভাবে এটি ‘শিঙাড়া’ নামে পরিচিত। দেখতে দোকানে ভাজা শিঙাড়ার মতো, তাই শিঙাড়া নামে ফলটি স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি পেয়েছে। গাঢ় সবুজ ও খয়েরি রংয়ের এ ফলটি খোসা ছাড়িয়ে খেতে হয়। ভেতরের শাঁস দুধের মতো সাদা, খেতে খুবই সুস্বাদু এবং কোমল ও ঠান্ডা। এলাকার সাধারণ মানুষ ‘শিঙাড়া’ সিদ্ধ করে সকালের নাস্তা হিসাবে খায়। পাকা ‘শিঙাড়া’ সবজি হিসাবেও ব্যবহৃত হয়। রোদে শুকিয়ে মেশিনে অথবা ঢেঁকিতে পানিফলের আটা তৈরি করে রুটি হিসাবেও খাওয়া হয়।

    উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া জানান. পানিফলে প্রচুর পরিমাণে শর্করা বা গ্লুকোজ রয়েছে। এ ফল দেশে প্রক্রিয়াজাত করে গ্লুকোজ তৈরি করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। কৃষি অফিস সূত্র জানায়. ফসল জন্মায় না এমন পরিত্যক্ত ৪০ হেক্টর জমিতে পানিফল উৎপাদন হয়েছে ৩২০ টন। প্রতি হেক্টরে ফলন হয়েছে ৮ টন। ১২শ টাকা মনদরে প্রতি টনের মূল্য ৩৩ হাজার টাকা হিসাবে ১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকার পানিফলের চাষ হয়েছে এবার। বর্তমানে কাঁচা পানিফল ৮-৯শ টাকা, পাকা পানিফল ১১-১২শ টাকা মনদরে বিক্রি হচ্ছে।

    পানিফল চাষি করিম মিয়া জানান, তিনি এ ফল চাষ করে সংসারের অভাব ঘুচিয়ে স্বাবলম্বী হয়েছেন। এলাকার চাষিদের বেশির ভাগই পানিফল চাষ করে তাদের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। পানিফল চাষিরা জানান. দেওয়ানগঞ্জ ও এর আশপাশের এলাকায় হিমাগার না থাকায় এ ফল সংরক্ষণ করা যায় না। ২-৩ দিনের বেশি থাকলে পচে নষ্ট হয়ে যায়। এতে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চৈত্র মাসে কাদাপানিতে পানিফলের চারা রোপণ করতে হয়। আর বর্ষায় জলাশয়গুলো যখন পানিতে ভরে যায় তখন রোপণ করা গাছগুলো বেরে ওঠে। কার্তিক মাস থেকে ফল তোলা শুরু হয়ে শেষ হয় পৌষ মাসে। তবে চলতি বছর পানি শুকিয়ে যাওয়ায় কার্তিক মাসেই পানিফল চাষ শেষ হয়ে যাবে। প্রতিবছর দেওয়ানগঞ্জ স্টেশনের পেছনে ভোর থেকে দুপুর পর্যন্ত কেনাবেচা হয় পানিফল। ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারী ও পুরুষ ব্যবসায়ীরা এখান থেকে প্রতিদিন ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য পানিফল নিয়ে যাচ্ছে।

    তবে অভিযোগও রয়েছে। চাষি ফরহাদ জানান. রেলের লোকাল ট্রেন বন্ধ থাকায় পানিফলের পাইকাররা আসতে পারছেন না। তাই অতিরিক্ত টাকা খরচ করে বাধ্য হয়ে ট্রাকে করে বিভিন্ন স্থানে পানিফল নিয়ে যাচ্ছেন তারা।

  • ছাত্রী হলের সাংগঠনিক দায়িত্বে ছাত্র নেতা!

    ছাত্রী হলের সাংগঠনিক দায়িত্বে ছাত্র নেতা!

    জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ছাত্রী হলের সাংগঠনিক দায়িত্ব পুরুষ সদস্যদের হাতে তুলে দেওয়ায় ক্যাম্পাসে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ থাকা অবস্থায় এমন সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।

    বুধবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি সাংগঠনিক নোটিশ প্রকাশ করেন। এতে ছাত্র ও ছাত্রী হলের সাংগঠনিক কার্যক্রম তদারকির জন্য কয়েকজন নেতার নাম ঘোষণা করা হয়।

    নোটিশে দেখা যায়, ছাত্র হলের দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম আহ্বায়ক আমির হামজা, সদস্য মোহাম্মদ আমানউল্লাহ ও রবিউল ইসলাম রিমনকে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ছাত্রী হলের কমিটি।ছাত্রী হলের দায়িত্বে দেওয়া হয়েছে—যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকরাম হোসেন, সদস্য সাদ ইবনে ওয়াহিদ এবং যুগ্ম আহ্বায়ক আদিবা হক মিলাকে। এই তালিকায় দুজন পুরুষ সদস্যের নাম থাকায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন—‘ছাত্রী হলের অভ্যন্তরীণ বিষয়ে ছেলেদের সম্পৃক্ততা কতটা যৌক্তিক?’

    নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, ‘আমরা হলে রাজনৈতিক কার্যক্রম চাই না। তাছাড়া ছাত্রী হলের দায়িত্বে ছাত্রদের রাখা একেবারেই অগ্রহণযোগ্য। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।’

    বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এ ধরনের সাংগঠনিক ঘোষণা বিশ্ববিদ্যালয়ের নীতিমালার পরিপন্থি এবং প্রশাসনের পূর্বঘোষণার সঙ্গে সাংঘর্ষিক।

    প্রসঙ্গত, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুর হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে স্পষ্টভাবে জানানো হয়— ক্যাম্পাস এলাকায় কোনো ধরনের রাজনৈতিক সভা, সমাবেশ, প্রচার বা সংগঠন পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো ও প্রতীক রাজনৈতিক কাজে ব্যবহার করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

  • বদলে যাচ্ছে জামালপুরের মানচিত্র!

    বদলে যাচ্ছে জামালপুরের মানচিত্র!

    নদীমাতৃক বাংলাদেশে যে কয়টি জেলা সারা বছর ভাঙনের মুখে থাকে তার মধ্যে জামালপুর একটি।

    জামালপুরে বর্ষার ভরা মৌসুমে কিংবা শীতের শুকনো মৌসুমেও যমুনা নদীর পাড় ভাঙতে দেখা যায়। এ ছাড়া পুরাতন ব্রহ্মপুত্রেও ভাঙনে বদলে যাচ্ছে। বেশ কয়েক বছর ধরে ভরা নদীতে ভাঙন দেখা দিচ্ছে জিঞ্জিরাম নদীতে।

    যমুনার করালগ্রাস আর ব্রহ্মপুত্রের ভাঙনেই বদলে গেছে জেলার মূল মানচিত্র। শুধু ভাঙনেই থেমে নেই নদীগুলো, শুকনো মৌসুমে জেগে ওঠা চর নিয়ে হতে দেখা যায় কাটাকাটি।

    নদীমাতৃক বাংলাদেশে ১৯৭২ সালে ‘সেচ, পানি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়’ -এর যাত্রা শুরু হয়। ১৯৯৪ সালে ‘পানি সম্পদ মন্ত্রণালয়’ হিসেবে নতুনভাবে এর নামকরণ করা হয়। জামালপুরে পাউবোর কার্যক্রম রয়েছে। স্বাধীনতার পর থেকেই নদীভাঙনের শিকার জামালপুরের মানুষ কাঙ্ক্ষিত সেবা পায়নি বলে অভিযোগ পাওয়া যায়।

    জানা গেছে, ইমার্জেন্সি ডাম্পিং, এনডিআরসহ বিভিন্ন প্রকল্পে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করা হলেও স্থায়ী বাঁধ তৈরির প্রকল্প সহজে পাস হয় না। গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙতে ভাঙতে, লাল ফাইলের দৌরাত্ম্য চলতে থাকে। গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বসতভিটা ভাঙার পর হয়ত একটা সময় গিয়ে একটা প্রকল্প পাস হয়।

    দেওয়ানগঞ্জের পোল্লাকান্দি এলাকার স্থানীয় এক সাংবাদিক বলেন, আমি জন্মের পর যখন বুঝতে শিখেছি তখন থেকেই দেখি প্রায়ই নদীভাঙন। এ পর্যন্ত অসংখ্যবার আমাদের বাড়িঘর সরিয়ে নেওয়া হয়েছে। যাদের একটু জায়গাজমি বেশি আছে তারা ঘরবাড়ি সরিয়ে নেয়। আর যাদের শুধু বাড়ির জায়গাটুকু নদীগর্ভে হারিয়ে যায়, তাদের সপরিবারে অন্য কোথাও চলে যেতে হয়। বেশিরভাগই চলে যায় ঢাকায়। রাজধানীতে গিয়ে তারা জীবনসংগ্রামে টিকে থাকার চেষ্টা করে।

    স্থানীয় ইউপি সদস্য হাসমত আলী বলেন, আমাদের বাড়িঘর ২৫-২৬ বার পরিবর্তন করতে হয়েছে। আগেও নদীভাঙন ছিল, এ বছরও পাশের গ্রামে নদীভাঙন চলছে।

    জামালপুর জেলার উত্তর পশ্চিম, পশ্চিম এবং পশ্চিম দক্ষিণ অংশে পুরো যমুনা নদীতে ঘেরা। দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ এবং সরিষাবাড়ী উপজেলা যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বদলে গেছে জামালপুর জেলার মূল মানচিত্র। নদীগর্ভে বিলীন হয়েছে হাজার হাজার একর আবাদি জমি, বাজারঘাট, সরকারি বেসরকারি অসংখ্য স্থাপনা নিমেষেই তলিয়ে গেছে যমুনার করালগ্রাসে। ২০৩২ বর্গ কিলোমিটার আয়তনের জামালপুর জেলায় বর্তমানে পঁচিশ লাখ মানুষের বসবাস।

    জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খান বলেন, আমরা আমাদের কাজ করছি। কোনো এলাকায় নদীভাঙনের খবর পেলে দ্রুত সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। প্রকল্প অনুমোদনের জন্য যা যা করার করে থাকি কিন্তু পাশ করার দায়িত্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।

    তিনি আরও বলেন, যমুনা নদীতে বিশ কিলোমিটার এবং ব্রহ্মপুত্রে দশ কিলোমিটারের মতো স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে হয়ত নদীভাঙন মোটামুটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। এতে তিন হাজার কোটি টাকার মতো ব্যয় হতে পারে বলে জানান তিনি।