পরীক্ষায় অসদুপায়, রাবির ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

Main entrance gate and emblem of Rajshahi University

প্রতিবেদন:

·

, ,

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তির অংশ হিসেবে ১২ শিক্ষার্থীর ছাত্রত্ব এক ও দুই শিক্ষাবর্ষের জন্য স্থগিত করা হয়েছে। এ ছাড়া ১৩ শিক্ষার্থীকে দুটি বিষয়ে এবং ৩৪ শিক্ষার্থীকে একটি বিষয়ে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে একজনের ছাত্রত্ব দুই বছরের জন্য এবং ১১ জনের এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। এ ছাড়া ১৩ শিক্ষার্থীকে দুটি বিষয়ে এবং ৩৪ শিক্ষার্থীকে একটি বিষয়ে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, শিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কমিটিগুলো কাজ করছে। বিভিন্ন বিভাগ থেকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। এ ক্ষেত্রে প্রশাসনের অবস্থান স্পষ্ট। অসদুপায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নীতি ‘জিরো টলারেন্স’।এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

পরবর্তী পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারী শিক্ষার্থীর সংখ্যা খুবই নগণ্য। তবে কারও এ ধরনের অসৎ পন্থা অবলম্বনের চিন্তা করা উচিত নয়। নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। পরীক্ষার শৃঙ্খলা শতভাগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভাগগুলোকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তার বিরুদ্ধেও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৯তম সিন্ডিকেট সভায় র‍্যাগিংয়ে জড়িত থাকার দায়ে বিভিন্ন মেয়াদে ৯৯ শিক্ষার্থীকে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Read this report in English · ইংরেজি সংস্করণ