অবিনাশ-ঈশার বিচ্ছেদে বিপাকে ওরি, পাচ্ছেন হুমকিও

প্রতিবেদন:

·

,

অভিনেতা অবিনাশ মিশ্র ও অভিনেত্রী ঈশা সিংয়ের বিচ্ছেদ নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে। তাদের সম্পর্ক ভাঙার ঘটনায় এবার জড়িয়ে পড়েছেন ওরহান অবত্রামণি, যিনি ওরি নামেই পরিচিত। এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করায় সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণের পাশাপাশি হুমকিও পাচ্ছেন বলে দাবি করেছেন তিনি। তবে অবিনাশ ও ঈশার সঙ্গে কথা না বলে এ বিষয়ে কিছু বলতে চান না ওরি।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অবস্থান তুলে ধরেন ওরি। সেখানে তিনি লেখেন, ‘অবিনাশ ও ঈশার বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা না বলায় আমাকে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে। এমনকি, হুমকিও দেওয়া হচ্ছে।’

কেন এখনই এ বিষয়ে মন্তব্য করতে চান না, তার ব্যাখ্যাও দিয়েছেন ওরি। তার ভাষ্য, ‘এই বিষয়ে মন্তব্য করার মতো পরিস্থিতিতে আমি নেই। আসলে অবিনাশ বা ঈশা, কারও সঙ্গে এখনো কথা হয়নি আমার। তাদের সঙ্গে কথা বলার সুযোগ না পাওয়া পর্যন্ত চুপ করেই থাকতে চাই।’

অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলাতে চান না বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে অবিনাশ ও ঈশার ব্যক্তিগত পরিসরকে সম্মান করার আহ্বান জানিয়েছেন সবাইকে। ওরি বলেন, ‘অন্যের ব্যক্তিগত বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছি। সেই বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে আলোচনা করাও এড়িয়ে চলছি। সবার কাছেই আমার আবেদন, অবিনাশ ও ঈশা দুজনকেই নিজেদের মতো থাকতে দিন। তাঁদের শান্তি, ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তাকে সম্মান করুন।’

বাস্তবে অবিনাশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ওরি। সেই সূত্রে ঈশার সঙ্গেও তার পরিচয় রয়েছে। এ কারণেই তাঁদের বিচ্ছেদ নিয়ে ওরির কাছ থেকে মন্তব্য জানতে চাইছেন নেটিজেনদের অনেকে।

উল্লেখ্য, অবিনাশ ও ঈশার সম্পর্কের ভাঙন নিয়ে বিতর্কের সূত্রপাত কয়েক দিন আগে। সম্প্রতি এক অনুষ্ঠানে ডিজে হিসেবে কাজ করার সময় ‘বেওয়াফা নিকলি হ্যায় তু’ গানটি বাজানো নিয়ে সমালোচনার মুখে পড়েন অবিনাশ। পরে বিচ্ছেদের কথা স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চান অভিনেতা।

তিনি জানান, ঈশা বা তার পরিবারকে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না তার। বিচ্ছেদের দায়ও নিজের কাঁধে নিয়ে অবিনাশ বলেন, ‘যদি কাউকে দায়ী করতে হয়, তাহলে সেটা আমি। ভুলটা আমার।’

এ ঘটনায় যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছেও ক্ষমা চেয়েছেন অবিনাশ। পাশাপাশি অনুরাগীদের অনুরোধ করেছেন, এই বিতর্কে যেন দুই পরিবারের সদস্য ও বন্ধুদের জড়ানো না হয়। নিজের ভুল শুধরে নেওয়ার প্রয়োজনীয়তার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমি নিজেকে শুধরে নিতে চাই। সেটাই এখন সবচেয়ে জরুরি।’ সূত্র: আনন্দবাজার অনলাইন