বাল্টিক সাগর ও লিবিয়ার উপকূলে রুশ জাহাজে একের পর এক ড্রোন হামলার ঘটনায় ইউক্রেনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ অভিযোগ তুলেছে রাশিয়া। একই সঙ্গে কিয়েভকে এর ‘ভয়াবহ ও বেদনাদায়ক পরিণতি’ ভোগ করতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে মস্কো।
সোমবার (২৩ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের কাছে এ অভিযোগ ও হুঁশিয়ারি উচ্চারণ করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাল্টিক সাগর ও লিবিয়ায় পৃথক হামলা
ঘটনার সূত্রপাত গত শনিবার (২১ নভেম্বর) সকালে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে কালিনিনগ্রাদগামী রুশ পণ্যবাহী জাহাজ ‘স্পার্টা-২’ ফিনল্যান্ড উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলার শিকার হয়। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানান, দুটি ড্রোন জাহাজটিতে আঘাত হানলে আগুন ধরে যায় এবং সেটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় ঢুকে পড়ে। পরে জাহাজটির ১৬ জন নাবিককে উদ্ধার করা হয় এবং আগুন নিয়ন্ত্রণে এনে সেটিকে রাশিয়ার দিকে ফিরিয়ে নেওয়া হয়। ফিনল্যান্ডের সামরিক বাহিনীর মুখপাত্রও এই হামলার পেছনে ইউক্রেনের সংশ্লিষ্টতার সম্ভাবনার কথা জানিয়েছেন।
এর পরদিন রোববার (২২ নভেম্বর) ভোরে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি নৌঘাঁটিতে জ্বালানি ও রসদ নেওয়ার সময় রাশিয়ার অন্যতম আধুনিক যুদ্ধজাহাজ ‘মেরকুরি’-তে সামুদ্রিক ড্রোন হামলা চালানো হয়। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার দায় স্বীকার করে জানান, সাতটি নৌ-ড্রোন ব্যবহার করে পরিচালিত অভিযানে রুশ যুদ্ধজাহাজ ‘মেরকুরি’ ডুবিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি অস্ত্র বহনকারী রুশ কার্গো জাহাজ ‘এমভি আঙ্গারা’ এবং একটি কেএ-২৭ যুদ্ধ হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে কিয়েভ। তবে লিবিয়ার স্থানীয় কর্মকর্তাদের দাবি, হামলায় যুদ্ধজাহাজটি পুরোপুরি না ডুবলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মস্কো ও কিয়েভের পাল্টাপাল্টি অবস্থান
বাল্টিক সাগর ও ভূমধ্যসাগরে নিজেদের নৌ ও বাণিজ্যিক জাহাজে এমন হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, বাল্টিক সাগরে ইউক্রেন ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ লিপ্ত হয়েছে। কিয়েভকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে বাল্টিক সাগর তীরবর্তী দেশগুলো নিজেদের প্রভাব কাজে লাগাবে বলে আশা প্রকাশ করেছে রাশিয়া।
দিমিত্রি পেসকভ আরও বলেন, লিবিয়া ও বাল্টিক সাগরে রুশ জাহাজে হামলার বিষয়টি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় খতিয়ে দেখছে। এটিকে একটি ‘বিপজ্জনক প্রবণতা’ উল্লেখ করে তিনি সতর্ক করেন, এর জন্য ইউক্রেনকে চরম মূল্য দিতে হবে। অন্যদিকে, ইউক্রেনের নিরাপত্তা সংস্থা দাবি করেছে, রাশিয়ার সামরিক সক্ষমতায় সরাসরি সহায়তা করায় এসব জাহাজ তাদের ‘বৈধ সামরিক লক্ষ্যবস্তু’ ছিল।
Read this report in English · ইংরেজি সংস্করণ
