জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে-জামায়াত আমির

প্রতিবেদন:

·

, ,

ফ্যাসিবাদের পতনে শিশু থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ—সব বয়সের মানুষ পথে নেমে এসেছিল। জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, দেশজুড়ে যে সন্ত্রাস ও নৈরাজ্য চলছে, তা অচিরেই শেষ হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের যখন সরকারি ও সন্ত্রাসী বাহিনীর সব ক্ষমতা হাতে ছিল, তখনই তারা দেশে থাকতে পারেনি। এখন আবার দেশে ফিরতে চায়। সেটা কি সম্ভব? আর দেশে যদি আসতেই চান, তবে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন কেন?

তিনি আরও বলেন, অতীতে যখন দেশের মানুষকে নির্বিচারে গুম ও হত্যা করা হলো। তখন ‘ভালো আওয়ামী লীগের’ কেউ কথা বললো না কেন? অথচ এখন অনেকেই ভালো সাজার চেষ্টা করছেন বলে অভিযোগ করে ডা. শফিকুর রহমান বলেন, জাতি আপনাদের ভালো করেই চিনে নিয়েছে, নতুন করে ভালো সাজার চেষ্টা করবেন না।‘হ্যাঁ’ ভোটের বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তনের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার সরে এলেও বিরোধীদল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেনি। দেশের মানুষের দেওয়া ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়নে বিরোধীদল সরকারকে বাধ্য করবে এবং তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন বলে ঘোষণা দেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা দেশের জন্য অত্যন্ত গর্বের। তবে দেশে ফেরার সময় বিমানবন্দরসহ পদে পদে তাদের যে হয়রানি ও দুর্ভোগ পোহাতে হয়, তা পুরো জাতির জন্য লজ্জার বিষয়।

এছাড়াও জুলাই নিয়ে জামায়াত কখনও ক্রেডিট নেয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই আন্দোলন নিয়ে অনেকেই ক্রেডিট নেওয়ার চেষ্টা করে কিন্তু কেউ কল্পনাও করেনি যে, এভাবে সরকারের পতন হতে পারে।