পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনে ব্যর্থতার অভিযোগ তুলে ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রশাসক জহির হোসেনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। নির্ধারিত সময়ের মধ্যে পর্ষদ গঠন না হলে তাকে আর দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকরা।
রোববার (২২ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। ব্যাংকে এস আলমের হস্তক্ষেপ বন্ধ এবং সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পর্ষদ গঠনের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
এতে নেতৃত্ব দেন সংগঠনটির সদস্য সচিব মোতাছিম বিল্লাহ।
সমাবেশে মোতাছিম বিল্লাহ বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর গ্রাহকরা আশা করেছিলেন ইসলামী ব্যাংক আবার ঘুরে দাঁড়াবে। তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের নেতৃত্বে সেই প্রক্রিয়া শুরুও হয়েছিল। কিন্তু ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনায় আবার পরিবর্তন আসে।
তিনি বলেন, ওমর ফারুক খান ও তৎকালীন চেয়ারম্যান জুবাইদুর রহমানকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়। এরপর খুরশীদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও গ্রাহক ফোরামের প্রতিবাদের কারণে তিনি দায়িত্ব নিতে পারেননি।
পরবর্তীতে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বাংলাদেশ ব্যাংক জহির হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। গ্রাহক ফোরামের এই নেতা আরও বলেন, দায়িত্ব নেওয়ার সময় প্রশাসক জহির হোসেন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন।
কিন্তু প্রতিশ্রুতির প্রায় পাঁচ মাস পার হলেও পর্ষদ গঠনে কোনো অগ্রগতি নেই। এতে ব্যাংকের পরিচালনা ও ভবিষ্যৎ নিয়ে গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ব্যাংকের নির্বাহী নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, প্রতিষ্ঠাকাল থেকে দায়িত্ব পালন করা অভিজ্ঞ নির্বাহীদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পরে সরিয়ে দেওয়া হয়েছে। অথচ পূর্ণাঙ্গ পর্ষদ ছাড়াই নতুন করে দুজন নির্বাহীকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রশাসককে উদ্দেশ্য করে মোতাছিম বিল্লাহ বলেন, “আপনি যদি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ দিতে না পারেন, নির্বাহীদের ইসলামী ব্যাংকে রাখতে না পারেন, তাহলে নতুন করে দুজন নির্বাহীকে কীভাবে ডিএমডি পদে নিয়োগ দিলেন? আমরা স্বচ্ছতার আড়ালে ধোঁকা দেখতে পাচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ নিয়ে আসতে না পারলে আপনার মতো জহির সাহেবের ইসলামী ব্যাংকে কোনো প্রয়োজন নেই।
”সমাবেশে গ্রাহক আবুল খায়ের আজাদ বলেন, ইসলামী ব্যাংককে রক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন গ্রাহকরা। একসময় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যাংকটির পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের ফিরিয়ে আনা প্রয়োজন। পর্ষদ গঠনের ক্ষেত্রে যোগ্যতা ও পেশাদারত্বকে প্রাধান্য দেওয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে সরকার সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল। এখন সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান তারা। ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকটিকে রক্ষায় গ্রাহকদের দাবি পূরণের আহ্বান জানান তিনি।
সমাবেশে ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতা, নারী গ্রাহক ও সাধারণ গ্রাহকরা অংশ নেন। সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।
