কর্পোরেট নিউজ

  • রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি নিয়োগ দিয়েছে সরকার

    রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি নিয়োগ দিয়েছে সরকার

    বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি ও অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে তিন কর্মকর্তাকে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগের জন্য মনোনয়ন দিয়েছে সরকার।

    সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেন উপসচিব আফরোজা আক্তার রিবা।

    মনোনীত কর্মকর্তারা হলেন- বেসিক ব্যাংক পিএলসির জন্য জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদা, জনতা ব্যাংক পিএলসির জন্য সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম এবং অগ্রণী ব্যাংক পিএলসির জন্য যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ।

    আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট পত্রে বলা হয়েছে, মনোনীত কর্মকর্তাদের নিজ নিজ ব্যাংকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে সরকারের সম্মতি নির্দেশক্রমে জানানো হয়েছে।

    এতে আরও উল্লেখ করা হয়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ অনুযায়ী নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

  • পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো বিশ্ব ডিম দিবসের মূল লক্ষ্য  

    পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো বিশ্ব ডিম দিবসের মূল লক্ষ্য  

    আজ ৯ অক্টোবর বিশ্ব ডিম দিবস। পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, সুষম খাদ্যাভ্যাসে ডিমের গুরুত্ব তুলে ধরা এবং সবার জন্য পুষ্টিকর খাবারের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির ৩০তম বার্ষিকী।

    এবারের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘প্রোটিন দ্যাট পাওয়ার্স অ্যান্ড প্রোটেক্টস’- অর্থাৎ শক্তি জোগায় ও সুরক্ষা দেয় যে প্রোটিন।

    ডিম সহজলভ্য ও বহুমুখী ব্যবহারযোগ্য একটি পুষ্টিকর খাবার। এতে উচ্চমানের প্রোটিনসহ বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। শরীরের বৃদ্ধি, পেশি গঠন ও রক্ষণাবেক্ষণ এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    ডিমে থাকা কোলিন মস্তিষ্কের কার্যক্রম ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতায় ভূমিকা রাখে। এ ছাড়া এতে ভিটামিন বি১২, ভিটামিন ডি ও সেলেনিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়।

    শিশু-কিশোরদের বৃদ্ধি ও বিকাশের সময় পর্যাপ্ত পুষ্টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য তালিকায় ডিম অন্তর্ভুক্ত করা গেলে প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চাহিদা পূরণে সহায়তা হতে পারে।

    প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও শরীরের পেশি বজায় রাখা এবং দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে ডিম কার্যকর খাদ্য হতে পারে। তবে সুস্থ থাকতে শুধু ডিমের ওপর নির্ভর না করে শাকসবজি, ফল, ডাল, মাছ, দুধ ও অন্যান্য পুষ্টিকর খাবারের সমন্বয়ে বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

    বিশ্ব ডিম দিবসের অন্যতম উদ্দেশ্য হলো ডিমের পুষ্টিগুণ সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা এবং মানুষের খাদ্য তালিকায় এর যথাযথ ব্যবহার উৎসাহিত করা। ডিম সিদ্ধ, ভাজি, পোচ কিংবা বিভিন্ন খাবারের উপকরণ হিসেবে সহজেই খাওয়া যায়।

    তবে নিরাপদ খাদ্যাভ্যাসের জন্য ডিম ভালোভাবে রান্না করে খাওয়া এবং সংরক্ষণের ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।

    বাংলাদেশেও ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

    প্রাণিসম্পদ অধিদফতর, ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের উদ্যোগে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি নেয়া হয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে- র‌্যালি, আলোচনা সভা, শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিবিষয়ক কার্যক্রম।

    প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে, যেখানে বার্ষিক চাহিদা ছিল প্রায় ১ হাজার ৮৫৫ কোটি। ডিম উৎপাদকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের ক্রয়ক্ষমতার বিষয়টিও বিবেচনায় নেয়া জরুরি। নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী দামে পুষ্টিকর খাবার নিশ্চিত করা জনস্বাস্থ্য উন্নয়নের গুরুত্বপূর্ণ শর্ত।

    পোলট্রি খাত দেশের গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্য সরবরাহ ব্যবস্থার সাথেও যুক্ত। ক্ষুদ্র ও মাঝারি খামারিদের টিকিয়ে রাখা, রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, নিরাপদ উৎপাদন এবং বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা গেলে এ খাতের স্থিতিশীলতা বাড়তে পারে।

    পাশাপাশি ডিম উৎপাদন, সংরক্ষণ ও পরিবহনে স্বাস্থ্যবিধি অনুসরণ করাও জরুরি।

    বিশ্ব ডিম দিবসের তাৎপর্য কেবল একটি খাবারের পুষ্টিগুণ প্রচারের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি সবার জন্য পুষ্টিকর খাদ্য সহজলভ্য করা, শিশুদের সুস্থ বিকাশে পুষ্টির গুরুত্ব তুলে ধরা এবং নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান।

  • রূপালী ব্যাংকের ফরিদপুর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    রূপালী ব্যাংকের ফরিদপুর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সম্প্রতি ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা ফরিদপুর জেলা সদরে অবস্থিত এসডিসি টাওয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

    তিনি ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল করার পাশাপাশি ঋণ বিতরণ বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ আদায় ত্বরান্বিতকরণ এবং আধুনিক ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ব্যাংকের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. মনিরুল হক।

    এ সময় ফরিদপুর বিভাগের আওতাধীন ৩টি জোনাল অফিসের জোনাল ম্যানেজার, ৩৫টি শাখার ব্যবস্থাপক এবং ৩টি উপ-শাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সভায় বিভাগের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সিএমএসএমই ঋণ বিতরণ জোরদার, শ্রেণিকৃত ঋণ আদায় ত্বরান্বিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও তাদের অর্থায়ন এবং রূপালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ‘রূপালী ক্যাশ’, রূপালী ই-ব্যাংকিং অ্যাপ, বাংলা কিউআর ও সর্বজনীন পেনশন স্কিমসহ আধুনিক ব্যাংকিং সেবাগুলো গ্রাহকদের কাছে আরো সহজলভ্য ও জনপ্রিয় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।